বিষয়বস্তুতে চলুন

ঈদ মোবারক

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

ঈদ মোবারক বা ঈদ মুবারক (আরবি: عيد مبارك‎) হলো মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য, যার অর্থ "আনন্দ উদযাপন কল্যাণময় হোক"। এটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে থাকে।

উক্তি

[সম্পাদনা]
  • পথে পথে আজ হাঁকিব, বন্ধু,
    ঈদ মোবারক! আসসালাম,
    ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরণী ফুল-কালাম,
    বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ্‌।
    আমার দানের অনুরাগে রাঙা ‘ঈদগা’ রে!
    সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে—
    দেহ নয়, দিল্‌ হবে শহীদ।।
  • ঈদ মোবারক ঈদ মোবারক
    দোস্ত ও দুশমন পর ও আপন
    সবার মহল আজ হোক রওনক॥
    যে আছ দূরে যে আছ কাছে,
    সবারে আজ মোর সালাম পৌঁছে।
    সবারে আজ মোর পরাণ যাচে
    সবারে জানাই এ দিল আশক॥
    • কাজী নজরুল ইসলামনজরুল-রচনাবলী (একাদশ খণ্ড), জন্মশতবর্ষ সংস্করণ, প্রকাশক: বাংলা একাডেমী, প্রকাশকাল: ২৫ মে ২০১০, পৃষ্ঠা: ২২৮-২২৯
  • ঈদের দিন আসিল রে
    রমজানের রোজার পরে
    একে অন্যে ঈদ মোবারক
    জানায় ঘরে ঘরে রে—
    রমজানের রোজার পরে॥
    • শাহ আবদুল করিমশাহ আবদুল করিম রচনাসমগ্র, সঙ্কলন ও গ্রন্থন: শুভেন্দু ইমাম, প্রকাশকাল: ২২ মে ২০০৯, পৃষ্ঠা: ১৩২
  • পৃথিবী থেকে অনেক দূরে যেখানে মেঘের গোল-গম্বুজ,
    অকস্মাৎ সেখানে হযরত আলীর খঞ্জরের মত
    ঝলসে উঠলো আমার ঈদের চাঁদ।
    এক হাজার টাকার একটি চেকের চেয়েও হাল্কা
    বাতাসে আমার চুল এলোমেলো হয়ে গেল।
    আশেপাশে কোন মানুষজন না দেখে
    আমি লাইটপোষ্টের গায়ে হাত রাখতে রাখতে
    বললাম, ঈদ মোবারক।
    • আল মাহমুদআল মাহামুদের কবিতা, প্রকাশক: হরফ প্রকাশনী, প্রকাশকাল: ১১ জ্যৈষ্ঠ ১৩৫১, পৃষ্ঠা: ২৫০
  • কারাগার থেকেই দেশবাসী ও সহকর্মীদের জানাই ঈদ মোবারক৷ পূর্ব বাংলার লোক সেইদিনই ঈদের আনন্দ ভোগ করতে পারবে, যেদিন তারা দাসত্ব থেকে মুক্তি পাবে, এবং দেশের সত্যিকারের নাগরিক হতে পারবে।
    • শেখ মুজিবুর রহমান, ঈদুল ফিতর ১৯৬৭ উপলক্ষে। কারাগারের রোজনামচা, প্রকাশক: বাংলা একাডেমি, প্রকাশকাল: মার্চ ২০১৭, পৃষ্ঠা: ২০২
  • শুনিলাম আপনাদের মধ্যে হিন্দু, শিখ ও মুসলমান আছে। সাম্প্রদায়িকতার বিষ যেন আপনাদের মধ্যে প্রবেশ না করে। ভাইবন্ধুর মত যেন আপনারা সকলে একত্রে থাকেন। তাহা হইলে বাহিরে যখন যাইবেন তখন আপনারা বাহিরের উন্মত্ততা শান্ত করিতে পারিবেন। মুসলমান কয়েদীদের আমি ঈদ্ মোবারক জ্ঞাপন করিতেছি। আশা করি অমুসলমান, কয়েদীরাও মুসলমান কয়েদীদের প্রতি আমার মত ঈদ মোবারক জানাইবেন।
    • মহাত্মা গান্ধী, বিরলা ভবন, নয়া দিল্লী, ২২ অক্টোবর ১৯৪৭। গান্ধী-রচনাসম্ভার (খণ্ড ৬), দিল্লী ডাইরি; প্রকাশক: যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা; প্রকাশকাল: ১৯৬০; পৃষ্ঠা: ২৪১

বহিঃসংযোগ

[সম্পাদনা]