গাজা যুদ্ধ (২০০৮-২০০৯)
অবয়ব
গাজা যুদ্ধ (২০০৮-২০০৯), যা অপারেশন কাস্ট লেড (হিব্রু: מִבְצָע עוֹפֶרֶת יְצוּקָה) নামে পরিচিত, এবং আরবিতে গাজা হত্যাকাণ্ড (مجزرة غزة) নামেও অভিহিত, হামাস একে আল-ফুরকান যুদ্ধ (معركة الفرقان) হিসেবে উল্লেখ করে, ছিল একটি তিন সপ্তাহব্যাপী সশস্ত্র সংঘর্ষ। এই যুদ্ধে গাজা উপত্যকার ফিলিস্তিনি প্যারামিলিটারি গোষ্ঠীসমূহ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অংশগ্রহণ করে। যুদ্ধটি ২৭ ডিসেম্বর ২০০৮ তারিখে শুরু হয় এবং ১৮ জানুয়ারি ২০০৯ তারিখে একতরফা যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।
এই সংঘাতে ১,১৬৬ থেকে ১,৪১৭ জন ফিলিস্তিনি এবং ১৩ জন ইসরায়েলি নিহত হয়। গাজায় ৪৬,০০০ এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়, যার ফলে ১,০০,০০০ এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।
উক্তি
[সম্পাদনা]- আমাদের মনে রাখতে হবে, এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য আমরা দিচ্ছি না। এই মূল্য দিচ্ছে ইসরায়েলের স্দেরোত শহরের সেই কিশোরী, যে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভয়ে চোখ বন্ধ করে, কারণ কোনো রকেট এসে তার প্রাণ কেড়ে নিতে পারে। এই মূল্য দিচ্ছে গাজার সেই ফিলিস্তিনি কিশোর, যার কাছে নেই পরিষ্কার পানি, নেই এমন কোনো দেশ, যাকে সে নিজের বলতে পারে। এরা সবাই সৃষ্টিকর্তার সন্তান। সব রাজনীতি এবং ভানভণিতার পরেও, এই বিষয়টি মানবিক মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচার অধিকার নিয়ে। এই শিক্ষাই নিহিত রয়েছে সেই তিনটি মহান ধর্মে, যারা পৃথিবীর একটি ছোট্ট অংশকে পবিত্র ভূমি হিসেবে গণ্য করে।
- বারাক ওবামা, জাতিসংঘ, ৬৪তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, পৃ. ৬ (২৩ সেপ্টেম্বর ২০০৯)
- আমার দাদি তখন অসুস্থ অবস্থায় শুয়ে ছিলেন, যখন নাৎসিরা তার শহর স্তাশুভে আসে। এক জার্মান সৈন্য তাকে বিছানাতেই গুলি করে হত্যা করে। সম্মানিত উপনেত্রী, আমার দাদি মারা যাননি যাতে ইসরায়েলি সৈন্যরা গাজায় ফিলিস্তিনি দাদিদের হত্যা করতে পারে। বর্তমান ইসরায়েল সরকার পাশবিকভাবে এবং নিষ্ঠুরভাবে ইউরোপীয় অমুসলিমদের মধ্যে ইহুদি গণহত্যা নিয়ে চলমান অপরাধবোধকে ব্যবহার করছে ফিলিস্তিনিদের হত্যার ন্যায্যতা দিতে। এর মানে দাঁড়ায়, ইহুদি প্রাণের মূল্য আছে, কিন্তু ফিলিস্তিনিদের জীবন মূল্যহীন। কয়েকদিন আগে স্কাই নিউজে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর লিভোভিচকে প্রশ্ন করা হয়েছিল তখন পর্যন্ত নিহত আটশো ফিলিস্তিনিকে নিয়ে। এখন সেই সংখ্যা এক হাজারে পৌঁছেছে। তিনি সাথে সাথে বলেন, "তাদের মধ্যে পাঁচশো জন ছিল মিলিট্যান্ট।" এটি নাৎসিদের ভাষা। সম্ভবত ওয়ারশ গেটোতে নিজেদের জীবন রক্ষায় লড়াই করা ইহুদিদেরও তারা 'মিলিট্যান্ট' বলেই আখ্যা দিত।
- জেরাল্ড কফম্যান, যুক্তরাজ্যের ইহুদি সংসদ সদস্য: গাজায় ইসরায়েল নাৎসিদের মতো আচরণ করছে, ইউটিউব (১৬ জানুয়ারি ২০০৯), সংগৃহীত ১৮ জানুয়ারি ২০০৯
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় গাজা যুদ্ধ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।