জন ব্যাকাস
অবয়ব

জন ওয়ার্নার ব্যাকাস (৩ ডিসেম্বর, ১৯২৪ – ১৭ মার্চ, ২০০৭) একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং ১৯৭৭ সালের টুরিং পুরস্কার বিজয়ী ছিলেন। তিনি সেই দলটির নেতৃত্ব দিয়েছিলেন যেটি প্রথম বহুল ব্যবহৃত উচ্চ-স্তরের প্রোগ্রামিং ভাষা ফোরট্রান উদ্ভাবন করেছিল। এছাড়াও তিনি ব্যাকাস-নাউর ফর্মের উদ্ভাবক ছিলেন, যা ফরমাল ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স সংজ্ঞায়িত করার জন্য বিশ্বজুড়ে ব্যবহৃত একটি লিখন পদ্ধতি। তিনি ফাংশন-লেভেল প্রোগ্রামিং জনপ্রিয় করতেও সহায়তা করেছিলেন।
উক্তি
[সম্পাদনা]- বিশ বছর ধরে প্রোগ্রামিং ভাষাগুলো ক্রমাগত তাদের বর্তমান স্থূল অবস্থার দিকে অগ্রসর হচ্ছে; যার ফলে, প্রোগ্রামিং ভাষা নিয়ে গবেষণা এবং নতুন ভাষা উদ্ভাবনের অনেকখানি উত্তেজনা হারিয়ে গেছে। এর বদলে, এটি এখন তাদের বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে যারা নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেয়ে তথ্যের মোটা সংকলন নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন। প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনাগুলো এখন আর মৌলিকভাবে ভিন্ন ভিন্ন ধারণার মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই নয়, বরং অনেকটা পিনের মাথায় কতজন ফেরেশতা নাচতে পারে তা নিয়ে মধ্যযুগীয় বিতর্কের মতো মনে হয়। অনেক সৃজনশীল কম্পিউটার বিজ্ঞানী ভাষা উদ্ভাবন ছেড়ে দিয়ে সেগুলো বর্ণনা করার সরঞ্জাম উদ্ভাবনের দিকে ঝুঁকেছেন। দুর্ভাগ্যবশত, তারা তাদের এই চমৎকার সব নতুন সরঞ্জামগুলোকে বিদ্যমান ভাষাগুলোর খুঁত এবং ত্রুটিগুলো নিয়ে গবেষণার কাজেই বেশি ব্যবহার করছেন।
- "ক্যান প্রোগ্রামিং বি লিবারেটেড ফ্রম দ্য ভন নিউম্যান স্টাইল?" [১], ১৯৭৭ টুরিং পুরস্কার বক্তৃতা, কমিউনিকেশনস অফ দ্য এসিএম ২১ (৮), (আগস্ট ১৯৭৮): পৃষ্ঠা ৬১৪।
- ভন নিউম্যান ভাষাগুলোতে প্রোগ্রাম সম্পর্কে যুক্তি প্রদানের জন্য প্রয়োজনীয় বা কার্যকর বৈশিষ্ট্য নেই। অ্যাক্সিওম্যাটিক এবং ডিনোটেশনাল সিম্যান্টিক্স প্রথাগত প্রোগ্রামগুলো বর্ণনা এবং বোঝার জন্য নিখুঁত সরঞ্জাম হতে পারে, কিন্তু সেগুলো কেবল প্রোগ্রামগুলো সম্পর্কে কথা বলে এবং তাদের কদাকার বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করতে পারে না। ভন নিউম্যান ভাষাগুলোর বিপরীতে, সাধারণ বীজগণিতের ভাষা যেমন এর নিয়মগুলো বর্ণনা করার জন্য উপযুক্ত, তেমনি একটি সমীকরণকে তার সমাধানে রূপান্তরিত করার জন্যও উপযুক্ত, আর এর সবকিছুই ঘটে এই "ভাষা"র গণ্ডির মধ্যে।
- "ক্যান প্রোগ্রামিং বি লিবারেটেড ফ্রম দ্য ভন নিউম্যান স্টাইল?" [২], ১৯৭৭ টুরিং পুরস্কার বক্তৃতা, কমিউনিকেশনস অফ দ্য এসিএম ২১ (৮), (আগস্ট ১৯৭৮): পৃষ্ঠা ৬৩৯-৬৪০।
- আমার কাজের অনেকটা অংশই এসেছে আমার অলসতা থেকে। আমি প্রোগ্রাম লিখতে পছন্দ করতাম না, আর তাই যখন আমি আইবিএম ৭০১ (একটি আদিম কম্পিউটারে) কাজ করছিলাম এবং মিসাইলের গতিপথ গণনার জন্য প্রোগ্রাম লিখছিলাম, তখন প্রোগ্রাম লেখা সহজ করার জন্য আমি একটি প্রোগ্রামিং সিস্টেমের ওপর কাজ শুরু করি।
- ১৯৭৯ সালে আইবিএমের কর্মী ম্যাগাজিন 'থিংক' -এ উদ্ধৃত। তাঁর অ্যাসোসিয়েটেড প্রেস মৃত্যুসংবাদে উল্লিখিত।
- দেখুন, এই বিষয়টি আমাকে খুব ভাবায় কারণ আমি বর্তমান সংস্কৃতির অনেক তরুণকে দেখেছি, যেখানে সবসময় সফলতার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং গবেষকদের সাফল্য বা নতুন কোনো চমৎকার উদ্ভাবনের কথাই সবসময় তুলে ধরা হয়। সফল হওয়ার এই চাপ আমি অনেক তরুণ শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলতে দেখেছি যাদের আমি খুব ভালো গবেষক হতে পারতেন বলে মনে করেছিলাম; তারা যখন গবেষণা শুরু করে এবং বারবার ব্যর্থ হতে থাকে, তখন খুব দ্রুতই তারা নিরুৎসাহিত হয়ে পড়ে। কারণ গণমাধ্যম এমন একটি ধারণা তৈরি করেছে যে তাদের দ্রুত সফল হওয়া উচিত। ফলে তারা গবেষণা ছেড়ে দেয়। আমি মনে করি এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে তরুণদের এটি বুঝতে হবে গবেষণা মানেই হলো ৯০% ব্যর্থতা। বারবার ব্যর্থ হওয়া অহংবোধের জন্য খুবই যন্ত্রণাদায়ক। আমি জানি আমার ক্যারিয়ারে আমি প্রচুর ব্যর্থ হয়েছি এবং আমার মনে হয় তরুণ শিক্ষার্থীদের চেনা উচিত গবেষণার আসল রূপটি আসলে কেমন; আর যদি তারা এই ব্যর্থতা সহ্য করতে না পারে, তবে তাদের গবেষণায় আসা উচিত নয়। তবে এটি সহ্য করা সম্ভব।
- ১৯৮৭ সালে 'ফাংশন লেভেল প্রোগ্রামিং অ্যান্ড দ্য এফএল ল্যাঙ্গুয়েজ' বক্তৃতার পর 'গবেষণায় ব্যর্থতা সম্পর্কে আপনি কি কিছু বলবেন?' এই প্রশ্নের উত্তরে। [৩]
- আপনার মধ্যে সবসময় ব্যর্থ হওয়ার মানসিক প্রস্তুতি থাকতে হবে। আপনাকে অনেক আইডিয়া বা ধারণা তৈরি করতে হবে এবং সেগুলোর পেছনে কঠোর পরিশ্রম করতে হবে শুধু এটি জানার জন্য যে সেগুলো কাজ করছে না। এবং একটি সফল আইডিয়া খুঁজে না পাওয়া পর্যন্ত আপনাকে বারবার এটি করে যেতে হবে। [৪]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় জন ব্যাকাস সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
বিষয়শ্রেণীসমূহ:
- মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রের গণিতবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী
- নকশাকার
- ফিলাডেলফিয়ার ব্যক্তি
- ডেলাওয়্যারের ব্যক্তি
- ১৯২৪-এ জন্ম
- ২০০৭-এ মৃত্যু
- টুরিং পুরস্কার বিজয়ী
- ন্যাশনাল মেডেল অফ সায়েন্স বিজয়ী
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী