জ্যারেড ডায়মন্ড
অবয়ব

জ্যারেড ডায়মন্ড (জন্ম সেপ্টেম্বর ১৯৩৭) একজন মার্কিন বিবর্তনীয় জীববিজ্ঞানী, শরীরতত্ত্ববিদ, জৈব-ভূগোলবিদ এবং নন-ফিকশন লেখক। তিনি তাঁর পুলিৎজার পুরস্কার বিজয়ী বই 'গানস, জার্মস অ্যান্ড স্টিল' (১৯৯৭) এবং 'কলাপ্স: হাউ সোসাইটিস চুজ টু ফেইল অর সাকসিড' (২০০৫)-এর জন্য সবচেয়ে বেশি পরিচিত।
উক্তি
[সম্পাদনা]
দ্য থার্ড শিম্পাঞ্জি: দ্য ইভোলিউশন অ্যান্ড ফিউচার অব দ্য হিউম্যান অ্যানিম্যাল (১৯৯১)
[সম্পাদনা]- অন্যভাবে বললে, শিম্পাঞ্জির নিকটতম আত্মীয় গরিলা নয় বরং মানুষ।
- আমরা ইতোমধ্যেই খুব বুদ্ধিমান কিন্তু প্রযুক্তিগতভাবে আমাদের চেয়ে পিছিয়ে থাকা দুটি প্রজাতি আবিষ্কার করেছি—সাধারণ শিম্পাঞ্জি এবং পিগমি শিম্পাঞ্জি। আমাদের প্রতিক্রিয়া কি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা? অবশ্যই না। বরং আমরা তাদের গুলি করি, স্টাফ করি, ব্যবচ্ছেদ করি, ট্রফি হিসেবে তাদের হাত কেটে নিই, খাঁচায় প্রদর্শনীতে রাখি, চিকিৎসা পরীক্ষার জন্য তাদের দেহে এইডস ভাইরাস প্রবেশ করাই এবং তাদের আবাসস্থল ধ্বংস করি বা দখল করে নিই। এই প্রতিক্রিয়াটি অনুমেয় ছিল। কারণ যেসব মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা অন্য মানুষদের আবিষ্কার করেছিল, তারা নিয়মিত তাদের গুলি করে, নতুন নতুন রোগের মাধ্যমে তাদের জনসংখ্যা হ্রাস করে এবং তাদের আবাসস্থল ধ্বংস বা দখল করে প্রতিক্রিয়া দেখিয়েছিল। কোনো উন্নত এলিয়েন আমাদের খুঁজে পেলে নিশ্চয়ই আমাদের সাথে একই আচরণ করবে... আমাদের শোনার দূরত্বের মধ্যে যদি সত্যিই কোনো রেডিও সভ্যতা থাকে, তবে দোহাই লাগে আমাদের ট্রান্সমিটারগুলো বন্ধ করি এবং শনাক্তকরণ এড়ানোর চেষ্টা করি, নতুবা আমাদের ধ্বংস অনিবার্য।
গানস, জার্মস অ্যান্ড স্টিল: দ্য ফেটস অব হিউম্যান সোসাইটিস (১৯৯৭)
[সম্পাদনা]- যেভাবে স্ট্রবেরি পাখিদের জন্য এবং ওক ফল কাঠবিড়ালির জন্য উপযোগী হয়ে উঠেছে, আম বাদুড়ের জন্য এবং কিছু ঘাসজাতীয় উদ্ভিদ পিঁপড়াদের জন্য উপযোগী হয়েছে। এটি আমাদের উদ্ভিদ গৃহপালিতকরণের সংজ্ঞার অংশ পূরণ করে—অর্থাৎ আদি উদ্ভিদের জেনেটিক পরিবর্তন যা একে ভোক্তার জন্য আরও দরকারী করে তোলে। কিন্তু কেউ এই বিবর্তনীয় প্রক্রিয়াকে গুরুত্ব সহকারে গৃহপালিতকরণ বলবে না কারণ পাখি, বাদুড় এবং অন্যান্য প্রাণীরা সংজ্ঞার অন্য অংশটি পূরণ করে না: তারা সচেতনভাবে উদ্ভিদ চাষ করে না।
- অধ্যায় ৭: হাউ টু মেক অ্যান আলমন্ড
- শ্বেত রক্তকণিকা এবং আমাদের অন্যান্য কোষগুলো সক্রিয়ভাবে বাইরের জীবাণু খুঁজে বের করে এবং মেরে ফেলে। কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে আমরা ধীরে ধীরে যেসব অ্যান্টিবডি তৈরি করি, সেগুলো সুস্থ হওয়ার পর আমাদের পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। অভিজ্ঞতা থেকে আমরা সবাই জানি যে ইনফ্লুয়েঞ্জা এবং সাধারণ ঠান্ডার মতো কিছু রোগের ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ক্ষমতা কেবল সাময়িক; আমরা পরে আবারও সেই রোগে আক্রান্ত হতে পারি। তবে হাম, মাম্পস, রুবেলা এবং বর্তমানে নির্মূল হওয়া গুটিবসন্তের মতো অন্যান্য রোগের ক্ষেত্রে একবার সংক্রমণের ফলে তৈরি হওয়া অ্যান্টিবডি সারাজীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এটিই টিকাদানের মূলনীতি: একটি মৃত বা দুর্বল জীবাণু আমাদের শরীরে প্রবেশ করিয়ে প্রকৃত রোগ ভোগ না করেই অ্যান্টিবডি তৈরিতে উৎসাহিত করা।
- অধ্যায় ১১: লেথাল গিফট অব লাইভস্টক
- প্রযুক্তিগত উন্নতি মূলত জোহানেস গুটেনবার্গ, জেমস ওয়াট, থমাস এডিসন এবং রাইট ভাইদের মতো খুব কম সংখ্যক বিরল প্রতিভাদের হাত ধরে এসেছে বলে মনে হয়। তারা ইউরোপীয় ছিলেন অথবা আমেরিকায় অভিবাসী ইউরোপীয়দের বংশধর ছিলেন। আর্কিমিডিস এবং প্রাচীনকালের অন্যান্য বিরল প্রতিভারাও এমনই ছিলেন। এই ধরনের প্রতিভারা কি একইভাবে তাসমানিয়া বা নামিবিয়ায় জন্মাতে পারতেন? প্রযুক্তির ইতিহাস কি কেবল কয়েকজন উদ্ভাবকের জন্মস্থানের দুর্ঘটনার ওপর নির্ভর করে?
- অধ্যায় ১৩: নেসেসিটি'স মাদার
- ইউরেশিয়ার জনবহুল সমাজগুলোতে নিয়মিত হানা দেওয়া সংক্রামক রোগগুলোর মধ্যে ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঘাতকরা অন্তর্ভুক্ত ছিল। ইউরেশীয়রা এই রোগগুলোর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বা জেনেটিক প্রতিরোধ গড়ে তুলেছিল। এই রোগগুলোর মধ্যে ছিল গুটিবসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা, প্লেগ, যক্ষ্মা, টাইফাস, কলেরা, ম্যালেরিয়া এবং অন্যান্য।
- অধ্যায় ১৮: হেমিস্ফিয়ারস কোলাইডিং
হোয়াই ইজ সেক্স ফান?: দ্য ইভোলিউশন অব হিউম্যান সেক্সুয়ালিটি (১৯৯৭)
[সম্পাদনা]- আমরা কীভাবে একই সাথে নারী অভিভাবকত্বের এই সাধারণ ধরন এবং এর অসংখ্য ব্যতিক্রম ব্যাখ্যা করতে পারি? এর উত্তর হলো আচরণের জন্য দায়ী জিনগুলো ম্যালেরিয়া প্রতিরোধ বা দাঁতের মতো প্রাকৃতিক নির্বাচনের অধীন।
- অধ্যায় ২: দ্য ব্যাটেল অব দ্য সেক্সেস (পৃষ্ঠা ১৬)
- আমাদের লিঙ্গ শেষ পর্যন্ত আমাদের জিন দ্বারা নির্ধারিত হয়।
- অধ্যায় ৩: হোয়াই ডোন্ট মেন ব্রেস্ট-ফিড দেয়ার বেবিস? (পৃষ্ঠা ৪৩)
কলাপ্স: হাউ সোসাইটিস চুজ টু ফেইল অর সাকসিড (২০০৫)
[সম্পাদনা]- ইতিহাস এবং জীবন উভয়ই জটিল। যারা সরলতা এবং ধারাবাহিকতা খুঁজছেন, ইতিহাস বা জীবন তাদের জন্য নয়।
- পৃষ্ঠা ৩৪৯
- মানুষ প্রায়ই জিজ্ঞেস করে, "বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত বা জনসংখ্যাগত সমস্যা কোনটি?" এর একটি চটজলদি উত্তর হতে পারে, "সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো একটি মাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করার ওপর আমাদের ভুল মনোযোগ!"
- পৃষ্ঠা ৪৯৮
- সফল বা ব্যর্থ হওয়ার ক্ষেত্রে দুই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়: দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং মূল মূল্যবোধগুলো পুনর্বিবেচনা করার ইচ্ছা। গভীরভাবে ভাবলে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যক্তিগত জীবনের ফলাফলের ক্ষেত্রেও এই একই দুটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- পৃষ্ঠা ৫২২
- "অর্থনীতির সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।" এই উক্তিটি পরিবেশগত উদ্বেগকে বিলাসিতা হিসেবে দেখায়। এটি পরিবেশগত সমস্যার সমাধানের পদক্ষেপগুলোকে নিট খরচ হিসেবে গণ্য করে এবং পরিবেশগত সমস্যাগুলো অমীমাংসিত রাখাকে অর্থ সাশ্রয়ের উপায় মনে করে। এই একপাক্ষিক কথাটি সত্যকে ঠিক উল্টোভাবে উপস্থাপন করে। পরিবেশগত বিশৃঙ্খলা স্বল্প এবং দীর্ঘমেয়াদে আমাদের বিশাল অংকের অর্থ ব্যয় করায়; এই বিশৃঙ্খলা পরিষ্কার করা বা প্রতিরোধ করা দীর্ঘমেয়াদে এবং প্রায়শই স্বল্পমেয়াদে আমাদের বিশাল অংকের অর্থ সাশ্রয় করে। আমাদের শরীরের মতো আমাদের চারপাশের স্বাস্থ্যের যত্ন নেওয়ার ক্ষেত্রে রোগ হওয়ার পর তার প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ করা সস্তা এবং শ্রেয়।
- অধ্যায়: দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ পোল্ডার: হোয়াট ডাজ ইট অল মিন টু আস টুডে?, বিভাগ: ওয়ান-লাইনার অবজেকশনস (পেঙ্গুইন বুকস, ২০১১, পৃষ্ঠা ৫০৩)
দ্য ওয়ার্ল্ড আনটিল ইয়েস্টারডে: হোয়াট ক্যান উই লার্ন ফ্রম ট্র্যাডিশনাল সোসাইটিস? (২০১২)
[সম্পাদনা]- প্রথাগত সমাজগুলো তাদের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আধুনিক শিল্পোন্নত সমাজের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময়। তবুও মনোবিজ্ঞানীরা মানুষের বৈচিত্র্যের একটি সংকীর্ণ এবং অস্বাভাবিক অংশের ওপর ভিত্তি করে মানুষের স্বভাব নিয়ে সাধারণ ধারণা তৈরি করেন। অর্থাৎ সামাজিক বিজ্ঞানী জোসেফ হেনরিখ, স্টিভেন হেইন এবং আরা নোরেনজায়ানের ভাষায় মানুষের মনোবিজ্ঞান সম্পর্কে আমাদের অধিকাংশ ধারণা 'উইয়ার্ড' (WEIRD) বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি মূলত পশ্চিমা, শিক্ষিত, শিল্পোন্নত, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক সমাজকে বোঝায়। তাই আমরা যদি মানুষের স্বভাব সম্পর্কে সাধারণ ধারণা পেতে চাই, তবে আমাদের অধ্যয়নের নমুনা এই সাধারণ উইয়ার্ড বিষয়ের বাইরে প্রথাগত সমাজের ওপর বিস্তৃত করতে হবে।
- মুখবন্ধ, বিভাগ: হোয়াই স্টাডি ট্র্যাডিশনাল সোসাইটিস?
আপহিভাল: হাউ নেশনস কোপ উইথ ক্রাইসিস অ্যান্ড চেঞ্জ (২০১৯)
[সম্পাদনা]- ফ্রিৎস বাউয়ারের কর্মজীবনের মূল নীতি ছিল জার্মানদের নিজেদের বিচার করা উচিত। এর অর্থ ছিল কেবল মিত্রশক্তির বিচার করা নেতাদের নয়, বরং সাধারণ জার্মানদের বিচার করা। বাউয়ারের করা মামলার নাৎসি আসামিরা সবাই একই ধরণের অজুহাত দিচ্ছিলেন। বাউয়ার বিচারে এবং প্রকাশ্যে বারবার এর জবাব দিয়েছেন। তিনি যেসব জার্মানদের বিচার করছিলেন তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছিলেন। নাৎসি রাষ্ট্রের আইনগুলো ছিল অবৈধ। ওই আইন মান্য করার কথা বলে কেউ নিজের কাজকে সমর্থন করতে পারে না। মানবতার বিরুদ্ধে অপরাধকে সমর্থন করার মতো কোনো আইন নেই। রাষ্ট্র যা-ই বলুক না কেন, প্রত্যেকেরই সঠিক ও ভুলের নিজস্ব বোধ থাকা উচিত এবং তা মেনে চলা উচিত। বাউয়ার যাকে 'হত্যা যন্ত্র' বলেছেন তাতে যে কেউ অংশ নিলেই সে অপরাধী হয়ে যায়।
- জ্যারেড ডায়মন্ড, আপহিভাল: হাউ নেশনস কোপ উইথ ক্রাইসিস অ্যান্ড চেঞ্জ, ২০১৯, পৃষ্ঠা ২২৬-২২৮ (আইএসবিএন ৯৭৮-০-১৪১-৯৭৭৭৮-২)।
জ্যারেড ডায়মন্ড সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- 'গানস, জার্মস অ্যান্ড স্টিল' ভূগোলকে একটি অ্যাকাডেমিক বিষয় হিসেবে অর্থনৈতিক ইতিহাসবিদদের বিতর্কের মধ্যে নিয়ে এসেছে, ঠিক যেমনটি গ্রেবার নৃবিজ্ঞানের ক্ষেত্রে করতে চেয়েছেন।
- ডেভিড গ্রেবার (৫ জুলাই ২০১৭)। Debt: The First 5000 Years [ডেট: দ্য ফার্স্ট ৫০০০ ইয়ার্স]। সিআরসি প্রেস। পৃষ্ঠা ৪৩। আইএসবিএন 978-1-351-35037-2।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় জ্যারেড ডায়মন্ড সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
বিষয়শ্রেণীসমূহ:
- মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রের জীববিজ্ঞানী
- মার্কিন যুক্তরাষ্ট্রের নন-ফিকশন লেখক
- মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান লেখক
- পুলিৎজার পুরস্কার বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগোলবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী
- জন্ম ১৯৩৭
- জীবিত ব্যক্তি
- সংশয়বাদী
- শরীরতত্ত্ববিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি
- বোস্টনের বিজ্ঞানী
- ম্যাকআর্থার ফেলো
- কৃষিতে উলফ পুরস্কার বিজয়ী
- ন্যাশনাল মেডেল অব সায়েন্স বিজয়ী
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের শিক্ষক