দিমিত্রি মুরাতভ
অবয়ব

দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভ (রুশ: Дмитрий Андреевич Муратов; জন্ম: ২৯ অক্টোবর ১৯৬১) হলেন একজন রুশ সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক এবং রুশ সংবাদপত্র নোভায়া গেজেটার প্রধান সম্পাদক। "মতপ্রকাশের স্বাধীনতা, যা গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত, তা রক্ষায় প্রচেষ্টার জন্য" তাঁকে মারিয়া রেসার সাথে যৌথভাবে ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
উক্তি
[সম্পাদনা]- যুদ্ধের আগ্রাসী বিপণন মানুষকে প্রভাবিত করে এবং তারা ভাবতে শুরু করে যে যুদ্ধ গ্রহণযোগ্য। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেলগুলোতে সামরিকতাবাদী বাগাড়ম্বরের জন্য সরকার এবং তাদের প্রোপাগান্ডা সমর্থকরা পুরোপুরি দায়ী।
- আমরা সাংবাদিক, এবং আমাদের লক্ষ্য স্পষ্ট – সত্য এবং কল্পনার মধ্যে পার্থক্য করা।
- রাশিয়ায় সাংবাদিকতা এক অন্ধকার উপত্যকার মধ্য দিয়ে যাচ্ছে। একশরও বেশি সাংবাদিক, মিডিয়া আউটলেট, মানবাধিকারকর্মী এবং এনজিওকে সম্প্রতি "বিদেশি এজেন্ট" হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। রাশিয়ায় এর মানে হলো "জনগণের শত্রু।" আমাদের অনেক সহকর্মী চাকরি হারিয়েছেন। কাউকে কাউকে দেশ ছাড়তে হয়েছে। কেউ কেউ অজানা সময়ের জন্য স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। হয়তো চিরকালের জন্য।"
- এই পুরস্কার সকল প্রকৃত সাংবাদিকতার জন্য। এই পুরস্কার নোভায়া গেজেটার আমার সেই সহকর্মীদের জন্য, যারা জীবন দিয়েছেন – ইগর দেমনিভকভ, ইউরি শেকোচিখিন, আন্না পোলিতকোভস্কায়া, আনাস্তাসিয়া বাবুরোভা, স্টাস মার্কেলভ এবং নাতাশা এস্তেমিরোভা। এই পুরস্কার বেঁচে থাকা সেই সহকর্মীদের জন্যও, সেই পেশাদার সম্প্রদায়ের জন্য যারা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
- অসলোতে নোবেল পুরস্কারের বক্তৃতা "অ্যান্টিডোট অ্যাগেইনস্ট টাইরানি" (স্বৈরতন্ত্রের প্রতিষেধক), ১০ ডিসেম্বর ২০২১।
- প্রোপাগান্ডা হলো যুদ্ধের রান্নাঘর, প্রোপাগান্ডা নিজেই একটি যুদ্ধ। প্রথমে আসে জাতীয় ছুটির দিনগুলোর সামরিকীকরণ, তারপর সংবাদের জায়গা দখল করে প্রোপাগান্ডা শো।
- "নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দিমিত্রি মুরাতভ: অপপ্রচারই হলো যুদ্ধ", ভক্স ইউরোপ, ৩ মে ২০২২
- রাশিয়ায় গণমাধ্যমের ধ্বংসযজ্ঞ ক্রমশ একটি যুদ্ধের মতো হয়ে উঠেছে, অনেকটা রকেট লঞ্চার দিয়ে পৃথিবী থেকে সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো। রাশিয়ান মিডিয়ার ধ্বংস সম্পূর্ণ। বিকল্প দৃষ্টিভঙ্গি উপস্থাপনকারী স্বাধীন মিডিয়ার বিরুদ্ধে সরকার নিঃসন্দেহে যুদ্ধ জিতেছে। প্রোপাগান্ডা জিতেছে।
- এটি স্বাধীন মিডিয়ার একটি লক্ষ্যবস্তুভিত্তিক ধ্বংসযজ্ঞ। সাংবাদিকদের বহিষ্কার করে জনগণের শত্রু, তথাকথিত বিদেশি এজেন্ট বানানো হয়েছে। আর এসব কেন? সরকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ান জনগণকে রাষ্ট্রীয় প্রোপাগান্ডার সাথে পুরোপুরি একা ফেলে রাখার। আর সেই প্রোপাগান্ডা ধীরলয়ে কিন্তু নিশ্চিতভাবে সমাজের মস্তিষ্ক ধ্বংস করে দিচ্ছে।
- যেখানে প্রোপাগান্ডা, সেখানে যুদ্ধ। যেখানে মতপ্রকাশের স্বাধীনতা আছে, মানুষ সেখানে কর্তৃপক্ষকে যুদ্ধ শুরু করতে দেয় না, ঠিক যেমন যুদ্ধটি আমরা এখন ইউরোপের মাঝখানে দেখতে পাচ্ছি।
- "অপপ্রচার জিতেছে – ভিজি", নরওয়ে পোস্টস ইংলিশ, ভিজি থেকে, ৩০ মে ২০২২
দিমিত্রি মুরাতভ সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- নরওয়েজীয় নোবেল কমিটি ২০২১ সালে মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, যা গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত, তা রক্ষায় তাদের প্রচেষ্টার জন্য। ফিলিপাইন ও রাশিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী লড়াইয়ের জন্য তাঁরা এই শান্তি পুরস্কার গ্রহণ করছেন। একইসাথে, তাঁরা সেই সকল সাংবাদিকদের প্রতিনিধি যারা এমন এক পৃথিবীতে এই আদর্শের পক্ষে দাঁড়িয়েছেন যেখানে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা ক্রমবর্ধমান প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি।
- বেরিত রেইস-অ্যান্ডারসন এখানে থেকে উদ্ধৃত (২০২১)
- রাশিয়ায় স্বাধীন সাংবাদিকতা হলো এক রক্তক্ষয়ী খেলার মতো। ১৯৯৩ সালে দিমিত্রি মুরাতভ যখন থেকে স্বাধীন সংবাদপত্র নোভায়া গাজেতা প্রতিষ্ঠা করেছেন, তখন থেকে তার ছয়জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ভ্লাদিমির পুতিনের শাসনকাল এবং রাশিয়ার ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিদের অপরাধ ফাঁস করার কারণে তাদের প্রাণ দিতে হয়েছে। ২০১২ সালের একটি খবরের জেরে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি বা রাশিয়ার এফবিআই-এর প্রধান মুরাতভের উপ-সম্পাদককে একটি জঙ্গলে নিয়ে গিয়েছিলেন। সেই কর্মকর্তা তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন এবং বলেছিলেন যে পরে তিনিই তার মৃত্যুর তদন্ত করার নাটক করবেন।
কিন্তু কোনো কিছুই মুরাতভ এবং নোভায়া গাজেতা দলকে দমাতে পারেনি। বছরের পর বছর ধরে তার সংবাদপত্র পুতিন সরকারের কোটি কোটি ডলারের দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ফাঁস করে আসছে। এই কাজের জন্যই তাকে ২০২১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। এর কয়েক মাস পর, পুতিনের ইউক্রেন আক্রমণ শুরু হলে তিনি এই সংকটে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা শরণার্থীদের কল্যাণে তার পদকটি দান করার প্রতিশ্রুতি দেন।
কিছু বীর কেবল বিশেষ কিছু মুহূর্তে সাহসিকতা দেখান; কিন্তু দিমিত্রি মুরাতভ সারা জীবন সাহসিকতার পরিচয় দিয়েছেন।- "২০২২ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তি - দিমিত্রি মুরাতভ", টাইম, ২৩ মে ২০২২
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় দিমিত্রি মুরাতভ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।