ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী
অবয়ব
ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী (২২ জুলাই ১৮৭৭ - ৩০ মে ১৯৫৭) ছিলেন প্রসিদ্ধ বাঙালি হঠ যোগী ও নগেন্দ্রনাথ ভাদুড়ীর শিষ্য। ভাদুড়ী মহাশয় - মহর্ষি নগেন্দ্রনাথ তাঁর এই ভ্রাতুষ্পুত্রকে নিজের ভাবসন্তানের মর্যাদা প্রদান করেন। পরবর্তীকালে তিনি শ্রীশ্রী নগেন্দ্র মঠের প্রথম মোহান্ত নির্বাচিত হন। ভাদুড়ী মহাশয় মৃত্যুবরণ করলে তাঁর আধ্যাত্মিক পরম্পরা এবং মঠের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী।
উক্তি
[সম্পাদনা]- বিভূতিলাভ তো মনুষ্যজীবনের উদ্দেশ্য নয়; মনুষ্য জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ করা বা ভগবৎপ্রাপ্তি এবং জন্মজরামৃত্যুর হাত থেকে চিরতরে মুক্তি । বিভূতি লাভ হ'লে ভেল্কি দেখিয়ে আপাততঃ কিছু লাভ হয়। তাতে তো আর জীব কৃতকৃত্য হয় না। লোক- সংঘট্ট বাড়ে, একাকী নির্জনে থেকে আত্মচিন্তনের-নিত্য-নিরন্তর ব্রহ্মানুচিন্তনের ব্যাঘাত হয়। লোক-সংঘট্ট বাড়লে, যার সাহায্যে লোকের বাহবা বা তথাকথিত প্রশংসা সংগ্রহ হয় তাও হারিয়ে যায়। তখন জ্বালা উপস্থিত হয়।
- ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী। শ্রীগুরুচরণতলে, শ্রীমদ্ ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী, ১৩৭৩, ২ বি রামমোহন রায় রোড, কলকাতা - ৯, পৃষ্ঠা ২১৫
- ইষ্টমন্ত্র দীর্ঘ ক'রে— অর্থাৎ টেনে টেনে শ্বাসে-প্রশ্বাসে জপ করতে করতে বিনা প্রচেষ্টায় কুম্ভক হবে। কুম্ভক হ'লেই, বায়ুর বহির্গতি নিরুদ্ধ হ'লেই মূলাধার হ'তে সহস্রার পর্যন্ত বিস্তৃত সুষুম্নামার্গে বায়ুর প্রবেশ হ'বে ; তখন মূলাধারে সার্দ্ধ-ত্রিবলয়াকারে অবস্থিত কুণ্ডলিনী আপনিই জাগবে। শ্বাসপ্রশ্বাসের গতিবিচ্ছেদ নিয়মিত হ'লে, অভ্যাসে পরিণত হ’লেই সহজে কুম্ভক হবে; কুম্ভক দীর্ঘকাল স্থায়ী হ'লে, কুণ্ডলিনী জাগবে ; তখন অভ্যাসে পরিণত হওয়ায় কুণ্ডলিনী আর ঘুমাবে না।
- ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী। শ্রীগুরুচরণতলে, শ্রীমদ্ ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী, ১৩৭৩, ২ বি রামমোহন রায় রোড, কলকাতা - ৯, পৃষ্ঠা ২১৪
- চিত্ত অতি সূক্ষ্ম বস্তু, শুধু কার্যের দ্বারা অনুমেয় । মন সংকল্পবিকল্পাত্মক ; কাজে প্রবৃত্তি-অ প্রবৃত্তি দিয়েই মনকে ধরতে হয়, কর্ম-অধর্ম-বিকর্মের তত্ত্ব জানার পর যখন মন প্রথম প্রথম শাস্ত্র-বিগর্হিত কর্ম না ক'রে শাস্ত্রবিহিত কর্মের প্রতি ধাবিত হবে তখন জানবে মন শুদ্ধ হ'তে চলেছে। স্থিতিলাভের চেষ্টাই অভ্যাস, আর বিগর্হিত কর্মে ঘৃণা বা দ্বেষের জন্য যে ত্যাগ, এই জগতে এই জন্মে কাম্য কর্মের ফল এবং পরজন্মে এবং পরজগতে বা স্বর্গাদিতে ইন্দ্রত্বাদিলাভরূপ যে ফলভোগের আকাঙ্ক্ষা ত্যাগ, তাহাই বৈরাগ্য । আবার সেই মন যখন সব কর্ম ক'রেও নিলিপ্ত থাকতে পারে, তখন সে শুদ্ধ হয়, কোনরূপে ভাল-মন্দ লাভালাভে আসক্ত হয় না । অশুক্ল অকৃষ্ণ কর্মে প্রবৃত্তিই চিত্তের শুদ্ধির লক্ষণ এবং কৃষ্ণ কর্ম বা গুরুকৃষ্ণ কর্মে অপ্রকৃত্তিই বিকল্প তদ্ধির লক্ষণ। সুতরাং দেখছে সঙ্কল্প বিকল্প শুদ্ধ হ'লেই চিত্ত শুদ্ধ হয়।
- ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী। শ্রীগুরুচরণতলে, শ্রীমদ্ ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী, ১৩৭৩, ২ বি রামমোহন রায় রোড, কলকাতা - ৯, পৃষ্ঠা ৩৪৪
- অকাম বা পূর্ণকাম না হ'লে নিষ্কাম কর্ম হয় না ; কামনা মনের ধর্ম । কামনায় ভরা আমাদের চিত্ত। সুতরাং নিষ্কাম কর্ম করতে গেলে সর্ব প্রথমে চিত্তশুদ্ধির দরকার। চিত্ত শুদ্ধ না হলে কৰ্ম কখনও নিষ্কাম হ'তে পারে না।
- ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী। শ্রীগুরুচরণতলে, শ্রীমদ্ ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী, ১৩৭৩, ২ বি রামমোহন রায় রোড, কলকাতা - ৯, পৃষ্ঠা ৩৩৯
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।