বিষয়বস্তুতে চলুন

নবান্ন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। "নবান্ন" শব্দের অর্থ "নতুন অন্ন" বা "নব অন্ন"। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদ্‌যাপনের প্রথা রয়েছে।

উক্তি

[সম্পাদনা]
  • আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে—এই বাংলায়
    হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
    হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
    কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
    • রূপসী বাংলা - জীবনানন্দ দাশ, প্রকাশক- সিগনেট প্রেস, কলকাতা, প্রকাশসাল- ১৯৫৭ খ্রিস্টাব্দ (১৩৬৪ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২৪
  • জননী, তোমার শুভ আহ্বান
    গিয়েছে নিখিল ভুবনে--
    নূতন ধান্যে হবে নবান্ন
    তোমার ভবনে ভবনে।
    অবসর আর নাহিকো তোমার--
    আঁটি আঁটি ধান চলে ভারে ভার,
    গ্রামপথে-পথে গন্ধ তাহার
    ভরিয়া উঠিছে পবনে।
    জননী, তোমার আহ্বান লিপি
    পাঠায়ে দিয়েছ ভুবনে।
  • অঘ্রাণে নবান্ন দেয় নতুন ধান কেটে,
    পৌষ মাসে বাউনী বাঁধে ঘরে ঘরে পিঠে।
    মাঘ মাসে শ্রীপঞ্চমী ছেলের হাতে খড়ি,
    ফাগুন মাসে দোলযাত্রা ফাগ ছড়াছড়ি।
    • অবনীন্দ্রনাথ ঠাকুর, সন্ধ্যার উৎসব- বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী, প্রকাশক- কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, কলকাতা, প্রকাশসাল- ১৯৪১ খ্রিস্টাব্দ (১৩৪৮ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১৩৮
  • আশ্বিনে অম্বিকা-পূজা বলি পড়ে পাঁঠা,
    কার্ত্তিকে কালিকা-পূজা ভাই-দ্বিতীয়ার ফোঁটা।
    অঘ্রাণে নবান্ন দেয় নূতন ধান কেটে,
    পৌষ মাসে বাউনী বাঁধে ঘরে ঘরে পিঠে।
    • যোগীন্দ্রনাথ সরকার, বারমেসে ছড়া, খুকুমণির ছড়া - যোগীন্দ্রনাথ সরকার, প্রকাশক- সিটি বুক সোসাইটি, কলকাতা, প্রকাশসাল- ১৮৯৯ খ্রিস্টাব্দ (১৩০৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২২৪
  • মনে আছে একদিন তোমাদের ঘরে
    নবান্ন উজাড় ক’রে পাঠিয়েছি সোনার বছরে,
    নির্ভাবনার হাসি ছড়িয়েছি মুখে
    তৃপ্তির প্রগাঢ় চিহ্ন এনেছি সম্মুখে,
    সেদিনের অলক্ষ সেবার বিনিময়ে
    আজ শুধু কাস্তে দাও আমার এ হাতে।
    • সুকান্ত ভট্টাচার্য, ফসলের ডাকঃ ১৩৫১, ছাড়পত্র কাব্যগ্রন্থ, সুকান্ত সমগ্র- সুকান্ত ভট্টাচার্য, প্রকাশক- সারস্বত লাইব্রেরী, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯৫৭ খ্রিস্টাব্দ (১৩৬৪ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৮১

বহিঃসংযোগ

[সম্পাদনা]