বিষয়বস্তুতে চলুন

পল স্যামুয়েলসন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
পল স্যামুয়েলসন

পল অ্যান্থনি স্যামুয়েলসন (১৫ মে, ১৯১৫ – ১৩ ডিসেম্বর, ২০০৯) একজন মার্কিন অর্থনীতিবিদ ছিলেন। তিনি প্রথম মার্কিন নাগরিক হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয় করেন।

উক্তি

[সম্পাদনা]

১৯৪০ দশক

[সম্পাদনা]
  • কেইনসের জেনারেল থিওরি ৩৫ বছরের কম বয়সী অধিকাংশ অর্থনীতিবিদকে এমন এক অভাবনীয় তীব্রতায় আক্রান্ত করেছিল, যা কোনো বিচ্ছিন্ন দ্বীপে প্রথমবার ছড়িয়ে পড়া মহামারীর মতো। অথচ ৫০ ঊর্ধ্ব অর্থনীতিবিদরা এই রোগের বিরুদ্ধে সম্পূর্ণ রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ছিলেন। সময়ের সাথে সাথে মধ্যবয়সী অর্থনীতিবিদরাও এই জ্বরে আক্রান্ত হতে শুরু করেন। যদিও তারা প্রায়ই নিজের অবস্থা বুঝতে পারতেন না অথবা স্বীকার করতে চাইতেন না।
    • "লর্ড কেইনস অ্যান্ড দ্য জেনারেল থিওরি", ইকোনমেট্রিকা (১৯৪৬)
  • জেনারেল থিওরির সাফল্যের রহস্য এখানেই নিহিত। এটি একটি অত্যন্ত বাজেভাবে লেখা এবং অগোছালো বই। লেখকের পূর্বের খ্যাতিতে মুগ্ধ হয়ে কোনো সাধারণ পাঠক যদি বইটি কিনে থাকেন, তবে তিনি আসলে ঠকেছেন। এটি শ্রেণীকক্ষে ব্যবহারের উপযোগী নয়। বইটির ভাষা উদ্ধত, বদমেজাজি, বিতর্কমূলক এবং পূর্বসূরীদের অবদানের স্বীকৃতির বিষয়ে এটি খুব একটা উদার নয়। এতে অসংখ্য বিভ্রান্তি ও জটিলতা রয়েছে। কেইনসীয় পদ্ধতি এতে এতই অস্পষ্টভাবে ফুটে উঠেছে যে মনে হয় লেখক নিজেও এর অস্তিত্ব বা বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন ছিলেন না। বিশেষ করে আগের তত্ত্বগুলোর সাথে এর সম্পর্ক ব্যাখ্যা করার ক্ষেত্রে লেখককে সবচেয়ে দুর্বল মনে হয়েছে। দীর্ঘ একঘেয়ে বীজগাণিতিক হিসেবের মাঝে মাঝে হঠাৎ অন্তর্দৃষ্টি ও সজ্ঞা বা ইনটুইশন উঁকি দেয়। কোনো একটি অদ্ভুত সংজ্ঞার পরেই হঠাৎ চমৎকার ছন্দময় কোনো অংশের দেখা মেলে। তবে যখন এটি সম্পূর্ণ আয়ত্ত করা সম্ভব হয়, তখন দেখা যায় এর বিশ্লেষণটি একই সাথে অত্যন্ত সহজবোধ্য এবং নতুন। সংক্ষেপে বলতে গেলে, এটি একটি মেধাবী শিল্পকর্ম।
    • "লর্ড কেইনস অ্যান্ড দ্য জেনারেল থিওরি", ইকোনমেট্রিকা (১৯৪৬)

ফাউন্ডেশনস অফ ইকোনমিক অ্যানালাইসিস (১৯৪৭, ১৯৮৩)

[সম্পাদনা]
  • বিজ্ঞান আর শিল্পকলা এক নয়। তবে বিজ্ঞান ও শিল্পের মধ্যে পূর্ণ মিল না থাকলেও বিভিন্ন সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে অনেক মিল রয়েছে।
    • পরিবর্ধিত সংস্করণের ভূমিকা
  • হেগেল সম্পর্কে যেমন বলা হয় যে তিনি ফরাসি অনুবাদ পড়ার পর প্রথমবারের মতো নিজের দর্শন বুঝতে পেরেছিলেন। ভিলফ্রেডো প্যারেটোও ১৯৩৮ সালের বার্গসনের ধ্রুপদী লেখাটি পড়ে বুঝতে পারতেন তিনি আসলে ঠিক কী বলতে চেয়েছিলেন।
    • পরিবর্ধিত সংস্করণের ভূমিকা
  • ১৯৩২ সালে অর্থনীতিতে প্রবেশ করাটা আমার জন্য ভাগ্যের বিষয় ছিল। বিশ্লেষণাত্মক অর্থনীতি তখন বিকাশের চরম শিখরে পৌঁছানোর জন্য প্রস্তুত। আমি এমন এক চমৎকার শূন্যতার মুখোমুখি হয়েছিলাম যা বর্তমানের তরুণ অর্থনীতিবিদরা কল্পনাও করতে পারবেন না। অনেক কাজ তখন বাকি ছিল। সবকিছুই ছিল এক অপূর্ণ অবস্থায়। এটি ছিল যেন কোনো এক কুমারী হ্রদে মাছ ধরার মতো: প্রতিবার বড়শি ফেললেই একটি বড় মাছ উঠত, আর প্রতিটি নমুনা এতই চমৎকার ছিল যে আগ্রহ কখনও কমত না।
    • পরিবর্ধিত সংস্করণের ভূমিকা
  • বিভিন্ন তত্ত্বের কেন্দ্রীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে সাদৃশ্যের অর্থ হলো এমন একটি সাধারণ তত্ত্বের অস্তিত্ব থাকা যা বিশেষ তত্ত্বগুলোর মূলে থাকে এবং সেগুলোকে একীভূত করে। বিমূর্তকরণের মাধ্যমে সাধারণীকরণের এই মৌলিক নীতিটি বিখ্যাত মার্কিন গণিতবিদ ই. এইচ. মুর প্রায় ত্রিশ বছর আগেই ঘোষণা করেছিলেন। তাত্ত্বিক ও ফলিত অর্থনীতিতে এর প্রভাব নিয়ে কাজ করাই পরবর্তী পাতাগুলোর উদ্দেশ্য।
    • প্রথম অধ্যায়: ভূমিকা
  • এর সাথে যুক্ত সাধারণ পদ্ধতিটি খুব সহজভাবে বলা যায়। যেসব ক্ষেত্রে আমাদের চলকগুলোর ভারসাম্য মানকে একটি চরম (সর্বোচ্চ বা সর্বনিম্ন) সমস্যার সমাধান হিসেবে বিবেচনা করা যায়, সেখানে চলকের সংখ্যা যাই হোক না কেন, প্যারামিটার বা স্থিতিমাপের পরিবর্তনের বিপরীতে আমাদের সমাধান মানগুলোর গুণগত আচরণ স্পষ্টভাবে নির্ধারণ করা সম্ভব।
    • দ্বিতীয় অধ্যায়: দ্য থিওরি অফ ম্যাক্সিমাইজিং বিহেভিয়ার
  • রিস্ক, আনসার্টেনিটি অ্যান্ড প্রফিট বইটির পুনঃপ্রকাশিত সংস্করণের ভূমিকায় ফ্রাঙ্ক নাইট একটি সূক্ষ্ম পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেছেন যে উপরে বর্ণিত পরিস্থিতিতে অর্থের সঞ্চালনের গতি এবং মূল্যস্তর উভয়ই অসীম হয়ে উঠবে। এটি বলার একটি নাটকীয় ঢং যে কেউ টাকা জমা রাখতে চাইবে না। অর্থ তখন একটি 'ফ্রি গুড' বা বিনামূল্যের পণ্যে পরিণত হবে, যেমনটা এক সময় ঝিনুক বা অন্য জিনিসের ক্ষেত্রে হয়েছিল যেগুলো এক সময় মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। আমরা এটাও আশা করতে পারি যে এটি কেবল সঞ্চালন থেকেই বাদ যাবে না, বরং এটি প্রচলিত মূল্য পরিমাপক হিসেবেও ব্যবহৃত হবে না। এর বদলে সুদবাহী মুদ্রার উদ্ভব হবে। বাস্তবে অবশ্যই এমনটা ঘটে না কারণ অনিশ্চয়তা, জরুরি প্রয়োজন, আয়-ব্যয়ের অসামঞ্জস্যতা এবং লেনদেনের সমস্যা এই সবকিছুই আমাদের সাথে আছে। তবে উপরের বিমূর্ত বিশেষ ক্ষেত্রটি আমাদের এই সহজ অনুমান সম্পর্কে সতর্ক করে যে সুদের হারের কাঠামোর গড় স্তর কেবল বা প্রধানত এই ব্যবধান সৃষ্টিকারী উপাদানগুলো দিয়ে নির্ধারিত হয়।
    • পঞ্চম অধ্যায়: থিওরি অফ কনজিউমারস বিহেভিয়ার

ইকোনমিক্স (১৯৪৮-)

[সম্পাদনা]
স্যামুয়েলসনের ১৯৬১ সালের বই থেকে সংগৃহীত প্রতিযোগিতামূলক মূল্য ব্যবস্থা
  • চিত্র ১২-৬ আয় নির্ধারণের প্রধান উপাদানগুলোকে সহজভাবে তুলে ধরেছে। সঞ্চয় ও বিনিয়োগ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে আয়ের বৃত্তাকার প্রবাহ বজায় থাকত: উপরের দিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো শ্রম ও সম্পদের বিনিময়ে জনগণকে মজুরি, সুদ, খাজনা ও মুনাফা প্রদান করে; আর নিচের দিকে জনগণ পণ্য ও সেবার বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানকে ভোগের ডলার বা অর্থ প্রদান করে। বাস্তবসম্মতভাবে আমাদের এটা মেনে নিতে হবে যে জনগণ তাদের আয়ের একটি অংশ সঞ্চয় করতে চাইবে, যা স্পিগট Z এর মাধ্যমে দেখানো হয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের মোট মজুরি, সুদ, খাজনা ও মুনাফার সমান ভোগ-বিক্রয় আশা করতে পারে না।
    • অষ্টম সংস্করণ, ১৯৭০, পৃষ্ঠা ২১৮

১৯৫০ দশক

[সম্পাদনা]
  • আমি মনে করি "উপযোগিতার গাণিতিক প্রত্যাশা" বা এর "গাণিতিক গড়" গ্রহণ করার বিষয়টি ছিল মূলত 'ল অফ লার্জ নাম্বার্সের' (আইন) গাণিতিক তত্ত্বের একটি বিচারহীন প্রয়োগ, যা অসীমান্তিক প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
    • "প্রোবাবিলিটি অ্যান্ড দ্য অ্যাটেম্পটস টু মেজার ইউটিলিটি", দ্য ইকোনমিক রিভিউ (জুলাই ১৯৫০)
  • বলার অপেক্ষা রাখে না যে, অভ্যন্তরীণ চাহিদার সূচির ক্ষেত্রে আংশিক ভারসাম্যের অনুমান এবং সামগ্রিক সম্পর্কের অবহেলা এই ধরণের মডেলের একটি গুরুতর ত্রুটি। তবে বিশেষ অনুকূল ক্ষেত্রে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য এটি কাজে লাগতে পারে। দক্ষ অর্থনৈতিক তত্ত্ব এই সীমাবদ্ধতাগুলোকে এড়িয়ে যাওয়ার বদলে সেগুলো স্বীকার করে নেবে।
    • "স্প্যাশিয়াল প্রাইস ইকুইলিব্রিয়াম অ্যান্ড লিনিয়ার প্রোগ্রামিং", দ্য আমেরিকান ইকোনমিক রিভিউ (জুন ১৯৫২)
  • গতিশীল প্রক্রিয়া বিশ্লেষণ অর্থনীতিবিদদের সেই প্রয়োজনীয়তা থেকে মুক্তি দেয় যেখানে চক্রাকার উত্থান-পতনের তত্ত্বের পাশাপাশি "টার্নিং-পয়েন্ট" বা মোড় পরিবর্তনের জন্য আলাদা তত্ত্বের প্রয়োজন হতো। এমনকি ইনভেন্টরি সাইকেল বা ত্বরণ-গুণকের একটি সাধারণ তত্ত্বও একটি আদর্শ চক্রের চারটি পর্যায়ই ব্যাখ্যা করতে পারে। গতিশীল বিশ্লেষণ আমাদের সম্ভাবনা সম্পর্কে জ্ঞান বাড়াতে পারে এবং চক্রাকার প্রক্রিয়া সম্পর্কে কোনো সংকীর্ণ বা একঘেয়ে মতবাদে অন্ধবিশ্বাস তৈরি হওয়া থেকে বিরত রাখে।
    • "ডায়নামিক প্রসেস অ্যানালাইসিস", হাওয়ার্ড এলিস সম্পাদিত এ সার্ভে অফ কনটেম্পরারি ইকোনমিক্স (১৯৫২)
  • ইকোনমেট্রিক্স বা অর্থনীতিমিতিকে বাস্তব অর্থনৈতিক ঘটনাবলীর একটি পরিমাণগত বিশ্লেষণ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। এটি তত্ত্ব ও পর্যবেক্ষণের সমান্তরাল বিকাশের ওপর ভিত্তি করে গড়ে ওঠে এবং অনুমানের উপযুক্ত পদ্ধতি দ্বারা একে অপরের সাথে সম্পর্কিত হয়।
    • পল স্যামুয়েলসন, টিজালিং কুপম্যানস এবং রিচার্ড স্টোন, "রিপোর্ট অফ দ্য ইভ্যালুয়েটিভ কমিটি ফর ইকোনমেট্রিকা", ইকোনমেট্রিকা (১৯৫৪)
  • শিল্পখাতগুলোর মধ্যে পারস্পরিক বৃত্তাকার নির্ভরশীলতার ধরণ বিশ্লেষণে মার্ক্স মৌলিক কাজ করেছিলেন। এ ধরণের কাজ খুব একটা অনুসারী তৈরি করে না এবং বিপ্লব বা প্রতিবিপ্লব প্রচারের ক্ষেত্রেও খুব একটা সহায়ক নয়। তবে সব অগ্রগামী প্রচেষ্টার মতোই এটি পরবর্তী কারিগরদের প্রশংসা পাওয়ার যোগ্য এবং এর আরও উন্নয়ন প্রয়োজন। ক্লেমেনসুর একটি উক্তি শুম্পটার যেভাবে পরিবর্তন করে ব্যবহার করেছিলেন তাতে আংশিক সত্যতা রয়েছে: "মার্ক্সীয় অর্থনীতি মার্ক্সবাদীদের হাতে ছেড়ে দেওয়ার জন্য বড্ড বেশি কঠিন।" এটি আংশিক সত্য কারণ বর্তমান গবেষণাপত্রে স্কুলের বীজগণিতের চেয়ে জটিল কিছু নেই এবং এটি আধুনিক অর্থনৈতিক তত্ত্বের সীমানার মধ্যেই পড়ে।
    • "ওয়েজ অ্যান্ড ইন্টারেস্ট: এ মডার্ন ডিসেকশন অফ মার্ক্সিয়ান ইকোনমিক মডেলস", দ্য আমেরিকান ইকোনমিক রিভিউ (ডিসেম্বর ১৯৫৭)
  • মনে রাখবেন আমাদের লক্ষ্য সব ধরণের ব্যবসায়িক চক্র বিলুপ্ত করা নয়। এমনকি তা সম্ভব হলেও হয়তো কাম্য হতো না। এর পরিবর্তে আমাদের লক্ষ্য হলো স্থায়ী মন্দা বা অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতি দূর করা। পুঁজিবাদ যদি অতীতে এই সাধারণ লক্ষ্যটিতেও সফল হতো, তবে মানব ইতিহাসের গতিপথ আজ কতই না আলাদা হতো!
    • "হোয়াট ইকোনমিস্টস নো", ড্যানিয়েল লার্নার সম্পাদিত দ্য হিউম্যান মিনিং অফ দ্য সোশ্যাল সায়েন্সেস (১৯৫৯)
  • পুরোনো সমস্যাগুলো জয় করার সাথে সাথে আমরা নতুন নতুন সমস্যার মুখোমুখি হওয়ার আশা করি। একটি শাস্ত্র তার অমীমাংসিত সমস্যাগুলোর মাধ্যমেই বেঁচে থাকে। তাই ভালো হোক বা মন্দ, অর্থনীতি সম্ভবত ভবিষ্যতেও একটি প্রাণবন্ত বিষয় হিসেবে টিকে থাকবে।
    • "হোয়াট ইকোনমিস্টস নো", ড্যানিয়েল লার্নার সম্পাদিত দ্য হিউম্যান মিনিং অফ দ্য সোশ্যাল সায়েন্সেস (১৯৫৯)

১৯৬০ দশক

[সম্পাদনা]
  • গুরুদায়িত্বে থাকা কোনো সরকারি সংস্থার কাছ থেকে সম্ভবত আমরা এটুকুই আশা করতে পারি যে, তারা তাদের জনসমক্ষে দেওয়া বিবৃতিতে এমন সব যুক্তি তুলে ধরবে যা তারা নিজেরাও পুরোপুরি বিশ্বাস করে না। অথবা সম্ভবত তাদের বিরোধীরা যেহেতু অত্যন্ত কড়া সমালোচনা করে, তাই রাজনৈতিক বা মনস্তাত্ত্বিক কারণে তারা অতিমাত্রায় কঠোর পাল্টা জবাব দেয়। অথবা এমনও হতে পারে যে কর্তৃপক্ষ মনে করে এই দৃষ্টিভঙ্গিকে সন্দেহ করার কোনো যৌক্তিক কারণ নেই: প্রবৃদ্ধি সর্বোচ্চ করা, দীর্ঘমেয়াদী কর্মসংস্থান নিশ্চিত করা এবং মূল্যস্তরের পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে সমতা বজায় রাখার উপায় হলো গুরুত্বপূর্ণ ব্যয়-চাপ থাকুক বা না থাকুক। ফেডারেল রিজার্ভকে দীর্ঘমেয়াদী মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে অনড় থাকতে হবে।
    • "রিফ্লেকশনস অন মনেটারি পলিসি", দ্য রিভিউ অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আগস্ট, ১৯৬০)
  • পূর্ণ নিশ্চয়তার অভাবে সম্পদের তুলনামূলক বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় ফিউচার প্রাইস বা ভবিষ্যৎ মূল্য পাওয়া সম্ভব হয় না। তাই তাত্ত্বিকদের আকাঙ্ক্ষিত পরিমাপগুলো বাস্তবে প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। তবে প্রয়োগিক দিক সরিয়ে রাখলে, একজন তাত্ত্বিক যদি তার মডেলের গতিশীল প্রযুক্তি বিশদভাবে ব্যাখ্যা করেন, তবে স্থূল গড় করার ফলে সৃষ্ট কোনো বিপত্তিতে তাকে পড়তে হবে না। অতিরিক্ত স্থূল গড় করার ফলে সৃষ্ট বৈপরীত্যগুলোকে কখনও কোনো প্রতিষ্ঠান বা পারিবারিক পর্যায়ের প্রযুক্তিগত সম্পর্ক অথবা প্রতিযোগিতামূলক সিকিউরিটি ও সম্পদ বাজারের বাজার মূলধনের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়।
    • "দ্য ইভালুয়েশন অফ 'সোশ্যাল ইনকাম': ক্যাপিটাল ফর্মেশন অ্যান্ড ওয়েলথ" (১৯৬১)
  • অর্থনৈতিক তত্ত্ব এমন এক প্রেমিকা যার সৌন্দর্য বড্ড বেশি প্রলুব্ধকর।
    • "প্রবলেমস অফ দ্য আমেরিকান ইকোনমি: অ্যান ইকোনমিস্টস ভিউ" (১৯৬২)
  • গাণিতিক সম্ভাবনার প্রতিটি বিমা সংক্রান্ত পরিস্থিতিতে নমুনার সংখ্যা যতই বড় হোক না কেন, শেষ পর্যন্ত আমরা একটি সসীম নমুনাতেই সীমাবদ্ধ থাকি: সম্ভাবনার উপযুক্ত সীমারেখায় তথাকথিত ঝুঁকির পরিস্থিতির মধ্যেও অপরিহার্যভাবে কিছুটা অনিশ্চয়তা থেকেই যায়।
    • "রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি: এ ফ্যালাসি অফ লার্জ নাম্বার্স" (এপ্রিল-মে ১৯৬৩)
  • আমি আপনাদের একটি গোপন কথা বলি। অর্থনীতিবিদদের মনে করা হয় তারা নীরস ও হতাশাবাদী লোক। এটি একেবারেই ভুল এবং সত্যের বিপরীত। একজন কঠোরপন্থী ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী অর্থনীতিবিদকে একটু ঘাঁটলে তার ভেতরে একজন ডন কিহোতে-র দেখা পাবেন। কোনো বিরহী তরুণীও মধ্যযুগীয় বীরত্বের দিনগুলোর জন্য এতটা আবেগপ্রবণভাবে আকুল হয় না, যতটা কিছু অর্থনীতিবিদ সম্পূর্ণ মুক্ত ভিক্টোরীয় বাজারের প্রত্যাশায় থাকেন। সম্পূর্ণ মুক্ত? অনেকটা তাই। তবে স্বেচ্ছামূলক চুক্তি বাস্তবায়ন এবং প্রতিটি মানুষের সম্পত্তির অধিকার রক্ষার জন্য সেখানে অবশ্যই একজন পাহারাদার বা কনস্টেবলের প্রয়োজন রয়েছে।
    • "মডার্ন ইকোনমিক রিয়েলিটিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম", দ্য টেক্সাস কোয়ার্টারলি (১৯৬৩)
  • এবং কোনো ভুল করবেন না: স্মিথ সঠিক ছিলেন। সেই সময় অর্থনৈতিক জীবনে রাষ্ট্রের বেশিরভাগ হস্তক্ষেপই সমৃদ্ধি এবং স্বাধীনতা। উভয়ের জন্যই ক্ষতিকর ছিল। স্মিথ যা বলেছিলেন তা বলার প্রয়োজন ছিল। প্রকৃতপক্ষে স্মিথ যা বলেছিলেন তার অনেক কিছুই এখনও বলার প্রয়োজন রয়েছে: সরকারের কেবল সদিচ্ছাই যথেষ্ট নয়। প্রতিটি কাজেরই ফলাফল থাকে যা ভালো কিছু অর্জনের জন্য আগেভাগেই বিবেচনায় নেওয়া উচিত।
    • "মডার্ন ইকোনমিক রিয়েলিটিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম", দ্য টেক্সাস কোয়ার্টারলি (১৯৬৩)
  • এই আন্তঃনির্ভরশীল মহাবিশ্বে যখন দুটি ভিন্ন ইচ্ছা বা সংকল্পের অস্তিত্ব থাকে, তখন 'সম্পূর্ণ স্বাধীনতা' সংজ্ঞায়িত করা সম্ভব নয়। আমরা কখনও কখনও এমন দুটি পরিস্থিতির দেখা পাই যেখানে ক পছন্দ খ-এর চেয়ে সব দিক থেকেই বেশি স্বাধীন। এমন বিশেষ ক্ষেত্রে আমি অবশ্যই ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের পক্ষে থাকব। কিন্তু খুব কম পরিস্থিতিই আসলে এত সহজ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এমন এক পর্যায়ে পৌঁছাতে হয় যেখানে লক্ষ্যের মধ্যে একটি বেছে নিতে হয়: আপনি কি এই ধরণের স্বাধীনতা আর এই ধরণের ক্ষুধা চান, নাকি ওই ধরণের স্বাধীনতা আর ওই ধরণের ক্ষুধা? আসলে "স্বাধীনতা" বলতে যা বোঝানো হয় তা এক-মাত্রিক কোনো বিষয় নয় যা সহজে সাজানো যায়, বরং এটি অগণিত উপাদানের একটি সমষ্টি বা ভেক্টর।
    • "মডার্ন ইকোনমিক রিয়েলিটিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম", দ্য টেক্সাস কোয়ার্টারলি (১৯৬৩)
  • ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীরা এটা বুঝতে ব্যর্থ হন যে, মূল্য ব্যবস্থা একটি জবরদস্তিমূলক পদ্ধতি এবং এটি এমনই হওয়া উচিত। প্রকৃতি আমাদের সবাইকে আমাদের কাঙ্ক্ষিত সব পণ্য দেওয়ার মতো উদার নয়। বাস্তবের খাতিরেই আমাদের সেই প্রত্যাশা থেকে বাধ্য হয়ে সরে আসতে হয়। একারণেই আমাদের পুলিশ এবং আদালত রয়েছে। একারণেই আমরা পণ্যের এমন মূল্য নির্ধারণ করি যা সীমিত অর্থের তুলনায় যথেষ্ট বেশি, যাতে ভোগ বা ব্যবহার সীমাবদ্ধ রাখা যায়।
    • "মডার্ন ইকোনমিক রিয়েলিটিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম", দ্য টেক্সাস কোয়ার্টারলি (১৯৬৩)
  • রুশোর আগে মানুষ শিশুদের কেবল বড়দের ছোট সংস্করণ হিসেবে বিবেচনা করে ভুল করত। বাইবেল এবং ফ্রয়েড আরও এক ধাপ এগিয়ে আমাদের বলেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ আসলে বড় হয়ে যাওয়া একটি শিশু মাত্র। পুরুষ ও নারী উভয়েই অপূর্ণ। ঠিক তেমনই আমাদের সম্মিলিত প্রতিষ্ঠানগুলোও অপূর্ণ, যারা পিতৃতান্ত্রিকভাবে নিজেদের ওপর বিধিনিষেধ আরোপ করে। এমনকি কোনো ব্যক্তির পূর্ণতাও কেবল তার একার নয়। তার অপূর্ণতার মতো সেগুলোও সমাজ বা গোষ্ঠীর তৈরি। আমরা এমন এক পৃথিবীতে এসেছি যা আমরা তৈরি করিনি এবং এমন এক পৃথিবী রেখে যাব যা আমরা ধ্বংস করিনি।
    • "মডার্ন ইকোনমিক রিয়েলিটিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম", দ্য টেক্সাস কোয়ার্টারলি (১৯৬৩)
  • ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের ধারণাকে একদম চরম সীমায় নিয়ে গেলে তা একটি দানবীয় রূপ নেয়, ঠিক যেমনটা ঘটে কোনো গোষ্ঠীর ধারণাকে চরম সীমায় নিয়ে গেলে।
    • "মডার্ন ইকোনমিক রিয়েলিটিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম", দ্য টেক্সাস কোয়ার্টারলি (১৯৬৩)
  • শেয়ার বাজার গত পাঁচটি মন্দার মধ্যে নয়বারই মন্দার পূর্বাভাস দিয়েছে।
    • "সায়েন্স অ্যান্ড স্টকস", নিউজউইক (১৯ সেপ্টেম্বর ১৯৬৬)
  • ভালো হোক বা মন্দ, আমি আন্তর্জাতিক অর্থনীতির মূল ধারার চিত্রই তুলে ধরছি। এর অনেক অগ্রগতিই বিজ্ঞানের ইতিহাসবিদ থমাস কুনের ভাষায় 'বিপ্লবী' নয় বরং 'সাধারণ' বিজ্ঞান। আমাদের আধুনিক বিশ্বের প্রতিনিয়ত পরিবর্তিত সমস্যাগুলো মোকাবিলা করার সময় অতীতের স্মৃতি ও ছবিগুলো একপাশে সরিয়ে রাখতে হবে এবং উদীয়মান মহাবিশ্বের দিকে তারুণ্যের দৃষ্টি দিতে হবে।
    • "দ্য ওয়ে অফ অ্যান ইকোনমিস্ট", ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস (১৯৬৯)

১৯৭০ দশক

[সম্পাদনা]
  • আমার পাঠ্যবিষয় অর্থনীতির নাম শুনলেই মিতব্যয়িতা বা কোনো কিছুকে সর্বোচ্চ করার ধারণা মাথায় আসে। কিন্তু 'পলিটিক্যাল ইকোনমি' বা রাজনৈতিক অর্থনীতি এখন গৃহস্থালি অর্থনীতির গণ্ডি ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে। প্রকৃতপক্ষে, এই শতাব্দীর শেষ এক-তৃতীয়াংশে। আমার নিজের কর্মজীবনের মধ্যেই অর্থনৈতিক তত্ত্ব প্রকৃতপক্ষেই কোনো ব্যবসায়ী বা আমলার কাছে কার্যকর হওয়ার মতো দাবি জানাতে পারছে। আমার মনে পড়ছে, গত প্রজন্মের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক মহান অর্থনীতিবিদ এ. সি. পিগু একবার একটি আলঙ্কারিক প্রশ্ন করেছিলেন— "একটি মদ্যশালা চালানোর জন্য একজন অর্থনীতিবিদকে নিয়োগ দেওয়ার কথা কি কেউ কখনও ভাববে?" অথচ আজ অপারেশনাল রিসার্চ এবং ম্যানেজমেন্টাল ইকোনমিক্স বা ব্যবস্থাপনা অর্থনীতির ছদ্মবেশে আমাদের সবচেয়ে জটিল অর্থনৈতিক সরঞ্জামগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানেই ব্যবহৃত হচ্ছে।
  • গণিতের সহায়তায় আমি ৯৯-মাত্রার কোনো তলের এমন সব বৈশিষ্ট্য দেখতে পাই যা খালি চোখে দেখা অসম্ভব। যদি কেবল সারের দাম বাড়ার কারণে কোনো ফার্মের ক্যাভিয়ার (এক ধরণের দামী মাছের ডিম) কেনার পরিমাণ বাড়ে, তবে সেই তথ্য থেকেই আমি এমন এক পরীক্ষার ফলাফল বলে দিতে পারি যা আমি কখনও হতে দেখিনি: কেবল ক্যাভিয়ারের দাম বাড়লে ফার্মটির সার কেনার পরিমাণও বাড়বে। তাপগতিবিদ্যায় এই ধরণের পারস্পরিক অবস্থাকে 'ম্যাক্সওয়েল কন্ডিশন' বলা হয়; অর্থনীতিতে ১৯৩২ সালের হ্যারল্ড হোটেলিংয়ের কাজ অনুসারে একে 'হোটেলিং কন্ডিশন' বলা হয়।
  • একজন অর্থনীতিবিদ বা একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী যখন পদার্থবিজ্ঞানের ধারণার সাথে অর্থনীতির ধারণার জোরপূর্বক তুলনা করার চেষ্টা করেন, তার চেয়ে করুণ আর কিছুই হতে পারে না। আমাকে এমন কতশত নিরানন্দ গবেষণাপত্র রিভিউ করতে হয়েছে যেখানে লেখক এনট্রপি বা শক্তির অন্য কোনো রূপের সাথে অর্থনীতির কোনো কিছুর মিল খুঁজছেন। ক্রয়ক্ষমতার সংরক্ষণশীলতার আইনের মতো নিরর্থক আইনগুলো আসলে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 'শক্তির সংরক্ষণশীলতা' আইনের একটি সস্তা সামাজিক বিজ্ঞানীয় অনুকরণ মাত্র; আর যখন কোনো অর্থনীতিবিদ সামাজিক জগতের ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির উল্লেখ করেন, তখন সেটি কোয়ান্টাম মেকানিক্সের কোনো বৈধ প্রয়োগ নয় বরং নিছক একটি অলঙ্কার বা কথার কথা হিসেবেই গণ্য করা উচিত।
  • দুই প্রজন্ম আগের একজন মার্কিন অর্থনীতিবিদ এইচ. জে. ডেভেনপোর্ট, যিনি ছিলেন থরস্টাইন ভেবলেনের সবচেয়ে ভালো বন্ধু (ভেবলেন এক সময় ডেভেনপোর্টের কয়লা রাখার ঘরেও বাস করেছিলেন), একবার বলেছিলেন: "তাত্ত্বিক অর্থনীতি কেবল প্রতিক্রিয়াশীলদের একচেটিয়া অধিকার হওয়ার কোনো কারণ নেই।" সারাজীবন আমি এই সতর্কতাটি মনে রাখার চেষ্টা করেছি এবং আপনাদেরও এটি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করছি।
  • আমি প্রায়ই বব সোলোর কাছে রসিকতা করে বলতাম যে, আমার আর জোয়ান রবিনসনের মধ্যেকার দূরত্ব জোয়ান রবিনসন আর আমার মধ্যেকার দূরত্বের চেয়ে কম। ওর জবাব ছিল, "তুমি ওকে কখনও এটা বিশ্বাস করাতে পারবে না।" তবুও মানুষ আশায় বাঁচে।
  • প্রতিটি ধ্রুপদী বা ক্লাসিক্যাল অর্থনীতিবিদের ভেতরেই একজন আধুনিক অর্থনীতিবিদ বেরিয়ে আসার চেষ্টা করেন। 'ওয়েলথ অফ নেশনস' পুনরায় পড়ার সময় আমার মনে হয়েছে যে, কিছুটা নিপুণ ব্যাখ্যার মাধ্যমে অ্যাডাম স্মিথের কাছ থেকে এমন এক মূল্যবান মডেল বের করা সম্ভব যা তাকে রিকার্ডো এবং মার্ক্সের সমালোচনা থেকে মুক্তি দেয়। এটি স্মিথকে একজন মৌলিকতাহীন তাত্ত্বিক বা যৌক্তিকভাবে অস্পষ্ট লেখক হিসেবে তুচ্ছজ্ঞান করার প্রচলিত ধারণাকেও ভুল প্রমাণ করে।
    • "এ মডার্ন থিওরিস্টস ভিন্ডিকেশন অফ অ্যাডাম স্মিথ", দ্য আমেরিকান ইকোনমিক রিভিউ (ফেব্রুয়ারি, ১৯৭৭)
  • ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন প্রথমবারের মতো সাধারণ শেয়ার এবং বন্ডে একটি দক্ষ এবং সুবিধাজনক উপায়ে বিনিয়োগ করতে পারে। আমি এমন মানুষদের কথা বলছি যাদের ১০ মিলিয়ন ডলার নেই। যারা অপ্রয়োজনীয় জুয়া খেলতে চান না। যাদের মধ্যে বিজয়ী শেয়ার খুঁজে বের করে টাকা চারগুণ করার মতো কোনো নেপোলিয়নীয় বিভ্রম নেই। যারা করের হিসাব রাখতে প্রতিটা মিনিট ব্যয় করতে অনিচ্ছুক এবং কেবল নববর্ষে বা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় বিনিয়োগ নিয়ে ভাবতে চান। অর্থ সংক্রান্ত নিরপেক্ষ বিশেষজ্ঞরা এমন ব্যক্তিদের জন্য নিচের পরামর্শগুলো দেন: ১. শেয়ার মালিকানার সাথে জড়িত অপরিহার্য ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনার কতটা আছে তার ওপর ভিত্তি করে ঠিক করুন আপনার সঞ্চয়ের কত শতাংশ আপনি শেয়ারে রাখবেন: ০, ১০০, ৩০ নাকি ৭০ শতাংশ। এটি অন্য কেউ আপনার জন্য ঠিক করে দিতে পারবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ঠিক কতটুকু বিনিয়োগ করলে আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। ২. আপনি যে শেয়ারই কেনার সিদ্ধান্ত নিন না কেন, বিচক্ষণতার সুবর্ণ নিয়মগুলো অনুসরণ করুন: বিনিয়োগে বৈচিত্র্য আনুন, বারবার শেয়ার কেনা-বেচা বন্ধ করুন এবং সব ধরণের ফি বা খরচ ন্যূনতম রাখুন। ৩. একই নিয়ম আপনার বন্ড হোল্ডিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন আপনি জানেন কী করতে হবে। কিন্তু করবেন কীভাবে?
    • "কোপিং সেন্সিবলি", নিউজউইক (৬ মার্চ ১৯৭৮)
  • শেয়ার বাজারের সাম্প্রতিক উত্থান যা সাধারণ শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে, তা ঘটনাক্রমে সোনার মজুদকেও বাড়িয়ে দিয়েছে। এটি নিছক ভাগ্য, যা প্রাপ্য ছিল না এবং পুনরায় ঘটার সম্ভাবনাও কম। সহজ উত্তরের চেয়ে ভালো প্রশ্নগুলোর গুরুত্ব অনেক বেশি।
    • "গোল্ড অ্যান্ড কমন স্টকস", নিউজউইক (২১ আগস্ট ১৯৭৮)

১৯৮০ দশক

[সম্পাদনা]
  • গণিত হলো বিজ্ঞানের সেবিকা। কিন্তু গণিতের নিজস্ব একটি জীবনও রয়েছে। বিজ্ঞানকে সে যতটুকু দেয়, নিজের বিকাশ ও পূর্ণতার জন্য বিজ্ঞানের কাছ থেকে সে ততটুকুই গ্রহণ করে। আপেল এবং গ্রহ কীভাবে নিচে পড়ে এবং দড়ি কীভাবে ঝুলে থাকে তা ব্যাখ্যা করতে নিউটন ও লাইবনিজ ক্যালকুলাস উদ্ভাবন করেছিলেন। এক অভাবনীয় সমাপতনে, বিশ্লেষণের সেই পদ্ধতিটিই দুই শতাব্দী পরে অর্থনীতিবিদদের সাধারণ ভারসাম্য তত্ত্বকে নিখুঁত করতে সাহায্য করেছিল।
    • রিউজো সাটো লিখিত থিওরি অফ টেকনিক্যাল চেঞ্জ অ্যান্ড ইকোনমিক ইনভ্যারিয়েন্স (১৯৮১) মুখবন্ধ থেকে।
  • হ্যাঁ, কেইনস একজন মেধাবী ছিলেন। হ্যাঁ, তাঁর কিছু ধারণা ছিল অপরিপক্ব যা চিত্র বা প্রতীকের মাধ্যমে প্রকাশের উপযোগী ছিল না। এবং হ্যাঁ, র‍্যাডক্লিফ কমিটির সময় নাগাদ তাঁর অনেক ব্রিটিশ ভক্তই তাঁর ব্যবস্থার পুরোনো সংস্করণে স্থবির হয়ে ছিলেন। তবে বিজ্ঞানে অসংলগ্ন বা অস্পষ্ট বিষয়ের কোনো বাজারমূল্য নেই। যদি তাই হতো, তবে গ্যোটে আইন্সটাইন বা নিউটনের চেয়েও বড় বিজ্ঞানী হতেন। যা গুরুত্বপূর্ণ তা হলো কুহনীয় প্যারাডাইম, যা প্রতিভাবান নন এমন ব্যক্তিরাও ব্যবহার করতে পারেন। যে বিষয়ে অনেক পণ্ডিত স্বাধীনভাবে একমত হয়েছেন, তা কেইনসের লিখিত মূল পাঠের বাইরে হতে পারে না। ১৯৭০ দশকে কেইনসীয়বাদকে ভুল প্রমাণ করার জন্য যে সুপ্ত আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা সত্যিই বিস্ময়কর।
    • "দ্য কেইনস সেন্টেনারি: সিমপ্যাথি ফ্রম দ্য আদার কেমব্রিজ", দ্য ইকোনমিস্ট (১৯৮৩)
  • একজন আশাবাদী মানুষ যিনি এমন এক সময়ে বাস করতেন যখন বিশ্ব অর্থনীতি এতই খারাপভাবে চলছিল যে চতুর কৌশলগুলোও চমৎকার কাজ করত। কেইনসের লক্ষ্য ছিল পুঁজিবাদকে নিজের হাত থেকেই রক্ষা করা। শেষ পর্যন্ত তাঁর প্রেসক্রিপশনটি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেছিল; কারণ একটি পূর্ণ-কর্মসংস্থান সম্পন্ন মানবিক রাষ্ট্র পরিচালনার বাধ্যবাধকতা আধুনিক অর্থনীতিকে 'স্ট্যাগফ্লেশনের' মতো নতুন রোগে আক্রান্ত করেছিল। অর্থনীতিবিদরা প্রায়ই নিজেদের প্রশ্ন করেন: কেইনস আজ বেঁচে থাকলে কী পরামর্শ দিতেন? তবে হাইয়েক থেকে শুরু করে গালব্রেইথ—সবাই কেইনসকে এই চরম সম্মানটুকু দেন যে, তারা বিশ্বাস করেন কেইনস ফিরে আসলে ঠিক সেটিই সমর্থন করতেন যা তারা নিজেরা পছন্দ করেন।
    • "দ্য হাউস দ্যাট কেইনস বিল্ট", দ্য নিউ ইয়র্ক টাইমস (২৯ মে, ১৯৮৩)
  • ১৯২৯ সালের পর কেবল সর্বহারা শ্রেণি নয়, বরং মজবুত মধ্যবিত্ত শ্রেণিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেউলিয়া হওয়া তখন খুব একটা অস্বাভাবিক বা অসম্মানজনক ছিল না। হুভার প্রশাসনের শেষ দিনগুলোতে ত্রাণ দেওয়ার মতো টাকা অঙ্গরাজ্য বা স্থানীয় সরকারগুলোর কাছে ছিল না। আমার মতো মধ্যবিত্ত পাড়াগুলোতেও দেখা যেত শিশুরা দরজায় এসে এক আনা বা একটি আলুর জন্য অনুরোধ করত এবং বলত যে তারা অনাহারে আছে।
    • "সাকাম্বিং টু কেইনসিয়ানিজম", চ্যালেঞ্জ (১৯৮৫)
  • আমি দাবি করতে পারি যে আধুনিক অর্থনীতি নিয়ে কথা বলার মানে হলো আমাকে নিয়ে কথা বলা। প্রতিটি ক্ষেত্রেই আমার হাতের ছোঁয়া রয়েছে। আমি এক সময় দাবি করেছিলাম যে আমি অর্থনীতির শেষ 'জেনারেলিস্ট' বা সাধারণজ্ঞ, যিনি আন্তর্জাতিক বাণিজ্য থেকে শুরু করে ইকোনমেট্রিক্স, অর্থনৈতিক তত্ত্ব, জনসংখ্যা তত্ত্ব, শ্রম অর্থনীতি এবং অর্থসংস্থানের মতো বৈচিত্র্যময় বিষয়ে লেখালেখি ও শিক্ষকতা করেছেন।
    • 'লিভস অফ দ্য লরিয়েটস' (১৯৮৫)
  • আমি একটি মারাত্মক ভুলের জন্য নিজেকে তিরস্কার করি। কিন্তু যদি পর্যবেক্ষণগুলো ভুলটি স্পষ্টভাবে ধরিয়ে দেওয়ার পরেও আমি তা ধরে রাখতাম, তবে আমি নিজেকে আরও বেশি তিরস্কার করতাম। আমি ১৯৪০ দশকের শেষের দিকে শেয়ার বাজারে অনেক টাকা আয় করেছিলাম। আমি স্যামুয়েলসনের আইন প্রচার করতে চাই: "সব সময় পেছনের দিকে তাকাও। তোমার ভুলগুলো থেকে তুমি অনেক কিছু শিখতে পারো।" "যদি পূর্বাভাস দিতেই হয়, তবে ঘনঘন দাও" এই প্রবাদটি কোনো রসিকতা বা অক্ষমতার স্বীকারোক্তি নয়। এটি সুন্দর তত্ত্বের ওপর রূঢ় বাস্তবতার প্রাধান্যকে স্বীকার করে নেওয়া মাত্র।
    • 'লিভস অফ দ্য লরিয়েটস' (১৯৮৫)
  • আমার মন সবসময় অর্থনৈতিক ধারণা এবং সম্পর্কগুলো নিয়ে খেলা করে। অনেক বড় ঔপন্যাসিক বা কবিরা তাদের সৃজনশীলতা হারিয়ে ফেলার কথা বলেন। কিন্তু আমার ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন ছিল। আমার মনের কোণে অগণিত বিষয় ও সমস্যা জমা হয়ে আছে। হয়তো এগুলো লিখে শেষ করার মতো সুযোগ আমি পাব না। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে (পরিসংখ্যানগত বলবিদ্যা) আমি যে ফলাফল দেখি, তা হয়তো কোনো একদিন অর্থসংস্থানের সমস্যা সমাধানে সাহায্য করবে।
    • 'লিভস অফ দ্য লরিয়েটস' (১৯৮৫)
  • বিজ্ঞানের জাদুঘরগুলো এমন সব প্রজাতির জীবাশ্মে পূর্ণ যারা টিকে থাকতে পারেনি। অগ্রগামী বা পশ্চাৎগামী সূচকগুলো হয়তো চিরদিনের জন্য পুরোনো ফুটনোটে চাপা পড়ে যেতে পারে। কিন্তু মাঝেমধ্যে কোনো নতুন রাজপুত্রের ছোঁয়ায় 'স্লিপিং বিউটি' বা ঘুমন্ত রূপসী আবার প্রাণ ফিরে পায়।
    • দ্য জার্নাল অফ পোর্টফোলিও ম্যানেজমেন্ট (১৯৮৭)
  • যারা বাজারের সঠিক সময় খোঁজার চেষ্টা করেন এবং দীর্ঘমেয়াদী মুনাফা বাড়ানোর আশায় তাদের পোর্টফোলিও বারবার পরিবর্তন করেন, তারা আসলে গাণিতিকভাবে ব্যর্থ হন। তাদের তুলনায় যারা কেবল একটি নির্দিষ্ট শেয়ার কিনে ধরে রাখেন, তারা অনেক বেশি সফল হন। এটি সত্যিই হতাশাজনক অথবা হয়তো আশ্বস্ত হওয়ার মতো তথ্য।
    • দ্য জার্নাল অফ পোর্টফোলিও ম্যানেজমেন্ট (১৯৮৭)
  • বিজ্ঞানের কাছাকাছি থাকা বিষয়গুলোর লক্ষ্য, পদ্ধতি এবং কৌশল ফ্যাশনের পরিবর্তন কিংবা বিভিন্ন যুগের শিল্প ও সংগীতের তুলনা অযোগ্যতার চেয়ে আলাদা। যেহেতু এই ক্রমবর্দ্ধমান বিজ্ঞানের প্রক্রিয়াটি অপূর্ণ, তাই বিজ্ঞানের ইতিহাসবিদ ও দার্শনিকরা মাঝেমধ্যে এই পার্থক্যটিকে গুরুত্ব দেন না।
    • "কিপিং হুইগ হিস্ট্রি অনেস্ট", হিস্ট্রি অফ ইকোনমিক্স সোসাইটি বুলেটিন (১৯৮৮)
  • বিজ্ঞানের বিকল্প প্যারাডাইমগুলোর গুণাগুণ আধুনিক সময়ে এবং আধুনিক পদ্ধতিতে মূল্যায়ন করতে হবে। যতক্ষণ না একটি কাঠামো অন্যটির ওপর আধিপত্য বিস্তার করছে, ততক্ষণ ইতিহাসবিদরা প্রত্নতাত্ত্বিক গবেষণার বৈচিত্র্যময় ভাণ্ডারে আগ্রহী থাকবেন। যখন একটি প্যারাডাইম বিজ্ঞানের ডারউইনীয় জঙ্গলে হেরে যায়, তখন টিকে থাকা বিষয়গুলোর গুরুত্বও বদলে যায়।
    • "কিপিং হুইগ হিস্ট্রি অনেস্ট", হিস্ট্রি অফ ইকোনমিক্স সোসাইটি বুলেটিন (১৯৮৮)

১৯৯০ দশক

[সম্পাদনা]
  • অর্জিত শিক্ষাগুলো সংক্ষেপে দেখা যাক:

১. যদিও ব্যক্তিগত মালিকানাধীন নিখুঁত প্রতিযোগিতা উৎপাদনশীল দক্ষতা নিশ্চিত করে, তবে সেদিকে অগ্রসর হওয়ার প্রক্রিয়াটি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। ল্যান্ড-এনক্লোজার (জমি ঘেরা) সমস্যার মতো ক্ষেত্রে, পরিস্থিতি ভাল হওয়ার আগে রূপান্তরকালীন সময়ে তা আরও খারাপ হওয়া প্রায় নিশ্চিত। ২. বাস্তব ক্ষেত্রে যেখানে জমির গুণগত মান ভিন্ন ভিন্ন হয়, সেখানে আংশিক বেসরকারীকরণও দক্ষতা হ্রাস করতে পারে। যদিও চূড়ান্তভাবে নিয়ন্ত্রণমুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পাবে। ৩. তবে বাস্তবসম্মতভাবে, ল্যসে-ফেয়ার বা অবাধ বাজারের দিকে যাওয়ার এই কর্মসূচিতে পরিস্থিতি ভাল হওয়ার আগে খারাপ হওয়ার একটি প্রবল সম্ভাবনা থাকে।

    • "হোয়েন ডিরেগুলেশন মেকস থিংস ওরস বিফোর দে গেট বেটার" (১৯৯০)
  • ১৯৩৬ সালের আগের মন্দার বছরগুলোতে অনেক চরিত্রই ছিল যারা অবচেতনভাবে কেইনসীয় গদ্যে কথা বলত। কেইনসের 'জেনারেল থিওরি' আমাদের এমন একটি নতুন ও নিয়ন্ত্রণযোগ্য প্যারাডাইম বা কাঠামো দিয়েছিল যা আমরা স্পষ্টভাবে প্রকাশ করতে, পরীক্ষা করতে, সমালোচনা করতে এবং উন্নত করতে পারতাম। কুহনের অনেক আগেই শুম্পটার জোর দিয়ে বলতেন যে, পুরোনো তত্ত্বগুলো কেবল সাধারণ তথ্য দিয়ে মারা যায় না: একটি পুরোনো তত্ত্বকে মারতে নতুন একটি তত্ত্বের প্রয়োজন হয়। মানুষের মন এলোমেলো সংবেদন নিয়ে কাজ করতে পারে না। নিয়মিত এবং স্থায়ী প্যাটার্নগুলো বোঝার জন্য এর একটি রোড ম্যাপ বা মানচিত্র প্রয়োজন।
    • "থটস অন দ্য স্টকহোম স্কুল অ্যান্ড অন স্ক্যান্ডিনেভিয়ান ইকোনমিক্স" (১৯৯১)
  • একজন তাত্ত্বিক হিসেবে আমার অনেক সুবিধা আছে। আমার যা প্রয়োজন তা হলো একটি কলম আর এক দিস্তা সাদা কাগজ। এমন অনেক বিশ্লেষক আছেন যারা জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে থাকেন, কিন্তু ২০ বছর বয়সের পর আমি কখনও তেমনটা করিনি। কম্পিউটারের সাথে বড় হওয়া নতুন প্রজন্মকে আমার হিংসে করা উচিত ছিল, কিন্তু আমি তা করি না। আমি এমন কাউকে দেখিনি যে পিয়ানোতে সুরকারের মতো কম্পিউটারের সামনে বসে নতুন কিছু উদ্ভাবন বা পরীক্ষা-নিরীক্ষা করছে। আমার পর্যবেক্ষণে কম্পিউটার মূলত একটি 'ব্ল্যাক বক্স' যার ভেতরে গবেষকরা কাঁচা তথ্য প্রবেশ করান এবং বিভিন্ন সারসংক্ষেপ বা সিমুলেশন বের করে আনেন। সেই বক্সের ভেতরে দেখার সুযোগ না থাকায়, তথ্যের ওপর তদন্তকারীর সেই সহজাত দখল আর থাকে না যা আমাদের সেই 'পুরোনো খারাপ দিনগুলোতে' ছিল।
    • “মাই লাইফ ফিলোসফি: পলিসি ক্রেডোস অ্যান্ড ওয়ার্কিং ওয়েজ” (১৯৯২)
  • দার্শনিক নীতিবিদ্যার উচ্চতর জগৎ থেকে বৈজ্ঞানিক পদ্ধতির পার্থিব জগতে আসাটা কিছুটা স্বস্তির। তবে বড় হাতের 'M' দিয়ে লেখা মেথডোলজি বা 'পদ্ধতিবিদ্যা' নিয়ে আলোচনা থেকে আমি দূরে থাকতেই পছন্দ করি। বার্নার্ড শয়ের কথা ধার করে বললে: যারা পারে তারা বিজ্ঞান চর্চা করে। আর যারা পারে না তারা এর পদ্ধতি নিয়ে বকবক করে।
    • “মাই লাইফ ফিলোসফি: পলিসি ক্রেডোস অ্যান্ড ওয়ার্কিং ওয়েজ” (১৯৯২)
  • একজন বিজ্ঞানী একমাত্র সার্থক অমরত্ব অর্জন করেন। একজন ভালো পণ্ডিত সম্পর্কে আমরা বলি: রেক্স নামকুয়াম মরিতুর (রাজার মৃত্যু নেই)।
    • ট্রেড, ওয়েলফেয়ার, অ্যান্ড ইকোনমিক পলিসিসের মুখবন্ধ (১৯৯৩)
  • আত্মপক্ষ সমর্থনের তাত্ত্বিক মারপ্যাঁচে আমি কালি নষ্ট করব না। যখন শিশুদের দেখাশোনাকারী একজন সেবিকা কোনো জ্বলন্ত দালানে অলক্ষ্যে পুনরায় প্রবেশ করেন একটি আশাহীন উদ্ধার অভিযানে, তখন কূটতর্ককারীরা হয়তো যুক্তি দেবেন: "তিনি কেবল ভালো বোধ করার জন্যই এটি করেছেন। কারণ তা না হলে তিনি এটি করতেন না।" ওল্ফগ্যাং পাউলির ভাষায় এই ধরণের যুক্তি "ভুল হওয়ার যোগ্যও নয়"। এটি কেবল বিরক্তিকর, অপ্রাসঙ্গিক এবং অর্থহীন।
    • আমেরিকান ইকোনমিক রিভিউ (১৯৯৩)
  • গোঁড়া জীববিজ্ঞানী আর গোঁড়া অর্থনীতিবিদরা একই রকম। যখন তাদের প্যারাডাইম বা তত্ত্বের সাথে বাস্তবের সংঘাত বাঁধে, তখন তারা বাস্তবতাকে তত্ত্ব দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন।
    • আমেরিকান ইকোনমিক রিভিউ (১৯৯৩)
  • ডারউইনের বিবর্তন আসলে 'শব্দ ও ক্রোধের' সমষ্টি যা কোনো আদর্শিক অর্থ বহন করে না। প্রাকৃতিক নির্বাচন মানে কেবল টিকে থাকাদের টিকে থাকার কোনো ফাঁপা পুনরাবৃত্তি নয়। এটি একটি বিধিবদ্ধ প্রক্রিয়া যা সূক্ষ্ম পূর্বাভাস এবং পরীক্ষাযোগ্য খণ্ডনের অধীন।
    • আমেরিকান ইকোনমিক রিভিউ (১৯৯৩)
  • রিচার্ড পজনারের মতো কেউ যখন দাবি করেন যে আইন ঐতিহাসিকভাবে প্যারেটো নীতি মেনে বিবর্তিত হয়েছে, তখন আমার ভয় হয় যে ফন নিউম্যান এবং মরগেনস্টার্ন হয়তো কবরের ভেতরে ছটফট করছেন এবং চার্লস ডারউইন ভাবছেন কেন তিনি তার ঝিনুক আর পায়রাদের ছেড়ে মানুষের আলোচনা করতে গেলেন। একজন অর্থনীতিবিদ-ডারউইনবাদীর অসমর্থিত দাবি বিবর্তনের সাথে তুলনা করলেই সত্য হয়ে যায় না। সত্যকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি অর্জন করতে হয়।
    • আমেরিকান ইকোনমিক রিভিউ (১৯৯৩)
  • ভুল হলো একটি ভাইরাসের মতো যা ছড়িয়ে পড়ার প্রবণতা রাখে। আমি আগেই ইঙ্গিত দিয়েছি যে, সঞ্চালিত মূলধন এবং মজুরি তহবিলের বিভাগগুলো আগে যেমন গুলিয়ে যেত, এখনও তেমনই যায়।
    • "দ্য ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ফ্যালাসি" (১৯৯৪)
  • অর্থনীতি, এমনকি ধ্রুপদী অর্থনীতিও কোনো শেষ হয়ে যাওয়া বিষয় নয়। বর্তমান বিতর্কের সাথে প্রাসঙ্গিক এমন অনেক ইস্যু এখনও রয়েছে যেগুলোর চূড়ান্ত অনুসন্ধান এখনও বাকি।
    • "দ্য ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ফ্যালাসি" (১৯৯৪)
  • স্যামুয়েলসন-কোয়াস প্রজন্ম বড় হয়েছে ফন মিসেস এবং লার্নার-ল্যাঞ্জের মহান বিতর্ক দেখে। যেখানে সমাজতান্ত্রিক যৌক্তিক মূল্য নির্ধারণের মাধ্যমে ইউটোপিয়া বা আদর্শ সমাজ গড়ার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছিল। অনেকেই বিশ্বাস করতেন লার্নার-ল্যাঞ্জ সেই বিতর্কে জিতেছেন। কিন্তু আমি বিশ্বাস করতে শুরু করি যে ফ্রিডরিখ হায়েক-ই ছিলেন প্রকৃত বিজয়ী। বাস্তব জগত প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এমনকি এই বাক্যটি লিখতে আমার যেটুকু সময় লাগছে তার মধ্যেও। অভিজ্ঞতা বলে যে, কেবল বাজার মূল্য ব্যবস্থার ওপর নির্ভরশীলতার মাধ্যমেই সমাজের একটি আধা-দক্ষ এবং আধা-প্রগতিশীল সংগঠন গড়ে তোলা সম্ভব।
    • "সাম আনইজিনেস উইথ দ্য কোয়াস থিওরেম" (১৯৯৫)
  • জীববিজ্ঞানের ক্লাসরুমে 'সেক্স' যেমন উত্তেজনার বিষয়, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের লেকচার হলে 'শেয়ার এবং বিনিয়োগের ঝুঁকি' ঠিক তেমন।
    • "স্যামুয়েলসন্স ইকোনমিক্স অ্যাট ফিফটি" (১৯৯৮)
  • আমি কোনো গোপন কথা বলছি না যখন আমি পুনরায় বলি যে, খ্যাতি এবং সম্মান অনেকাংশেই ভাগ্য এবং সুযোগের ওপর নির্ভর করে।
    • "স্যামুয়েলসন্স ইকোনমিক্স অ্যাট ফিফটি" (১৯৯৮)
  • ১৮০০ সালের আগের বাণিজ্যিক আতঙ্কগুলো ছিল বাজারের 'ম্যাক্রো-দক্ষতার' অভাব। গত ২০০ বছরে আমরা বাজারের 'মাইক্রো' বা ক্ষুদ্র স্তরের দক্ষতার দিকে অনেক দূর এগিয়েছি: ব্ল্যাক-শোলস অপশন প্রাইসিং কিংবা ইনডেক্সিং ইত্যাদি তার প্রমাণ। কিন্তু অর্থনৈতিক ইতিহাস বা আধুনিক তত্ত্ব কোথাও এমন কোনো জোরালো প্রমাণ নেই যে বাজারের 'ম্যাক্রো' বা সামগ্রিক অদক্ষতা বিলুপ্তির পথে। ভবিষ্যতে আমরা আবারও সেই পুরোনো দক্ষিণ সাগর বুদবুদ বা এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি দেখতে পারি। কোনো বুদবুদ বা অর্থনৈতিক ফানুস কতক্ষণ স্থায়ী হবে তার কোনো নিশ্চিত তত্ত্ব আমাদের কাছে নেই।
    • "সামিং আপ অন বিজনেস সাইকেলস" (১৯৯৮)
  • মূলধারার অর্থনীতির বেশিরভাগই 'বিশাল প্রেক্ষাপটের অর্থনীতি' নয়। আমাদের জার্নাল এবং পাঠ্যবইগুলো ইনভেন্টরি চক্র কিংবা কর ও নিয়ন্ত্রণের কারণে হওয়া মৃতভার ক্ষতির খুঁটিনাটি বিবরণে পূর্ণ। এছাড়া, বেশিরভাগ 'বিশাল প্রেক্ষাপট'-ই ভুল হয়ে থাকে।
    • "টু গডস দ্যাট ফেইল" (১৯৯৯)
  • কয়েক বছর আগে আর্থার কোয়েস্টলার 'দ্য গড দ্যাট ফেইল্ড' সম্পাদনা করেছিলেন, যেখানে সমকালীন বাস্তবতার মুখে মার্ক্সীয় ভবিষ্যদ্বাণীর প্রতি মোহভঙ্গের কথা উঠে এসেছিল। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বিশৃঙ্খলার সময়ে আরেকটি বিপরীত আদর্শিক দেবতা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আর তা হলো 'লিবার্টেরিয়ান' বা উগ্র-উদারবাদী পুঁজিবাদ।
    • "টু গডস দ্যাট ফেইল" (১৯৯৯)

২০০০ দশক

[সম্পাদনা]
  • কয়েক বছর আগে আমি একটি সংক্ষিপ্ত উক্তি লিখেছিলাম: "একজন ধ্রুপদী অর্থনীতিবিদের ভেতরেই আপনি একজন নিও-ক্লাসিক্যাল অর্থনীতিবিদকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে দেখবেন।" আমার এই ধারণাটি ১৯৫০ এবং ৬০ দশকের সেই জনপ্রিয় মতবাদ সম্পর্কে যৌক্তিক সন্দেহ তৈরি করে যা মনে করত যে, "ধ্রুপদী ধারায় ফিরে যাওয়া" কোনোভাবে আধুনিক অর্থনীতির মূলধারার চেয়ে ভালো কোনো বিকল্প হতে পারে।
    • "এ কুইনটেসেনশিয়াল ট্যাবলিউ ইকোনমিক" (২০০১)
  • ইতিহাস এবং উন্নত অর্থনৈতিক তত্ত্ব—উভয়ই ইঙ্গিত দেয় যে, কেবল ব্যক্তিস্বার্থের ওপর ভিত্তি করে 'ল্যাসে-ফেয়ার' বা অবাধ বাজার ব্যবস্থার দিকে ধাবিত হলে তা বাজারের ব্যর্থতা এবং উল্লেখযোগ্য মাত্রায় রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য তৈরি করবে। কমিউনিস্ট ইউটোপিয়া বা আদর্শ সমাজ যেমন অসম্ভব, তেমনই একটি আদর্শ অবাধ বাজার ব্যবস্থাও অসম্ভব।
    • "এ মডার্ন পোস্ট-মর্টেম অন বম'স ক্যাপিটাল থিওরি" (২০০১)
  • অর্থনীতি কখনও কোনো নিরানন্দ বিজ্ঞান ছিল না। বরং একে হতে হবে একটি বাস্তবসম্মত বিজ্ঞান।
    • "কন্ট্রিবিউশনস অফ পল এ. স্যামুয়েলসন" (২০০২)
  • আপনাদের বুঝতে হবে জনমনে পুঁজিবাদ এক সময় সাময়িকভাবে কতটা খারাপ অবস্থায় পৌঁছেছিল। আমি স্থানীয় সংবাদপত্রের একটি জরিপ দেখেছিলাম যেখানে জিজ্ঞেস করা হয়েছিল "আমাদের কি ব্যাংকিং ব্যবস্থা জাতীয়করণ করা উচিত?" অর্ধেকেরও বেশি সম্পাদক (যারা সাধারণত রক্ষণশীল হন) ব্যাংকিং ব্যবস্থা জাতীয়করণের পক্ষে মত দিয়েছিলেন। কেইনস নিজেকে এই ব্যবস্থা রক্ষার একজন ত্রাণকর্তা হিসেবে ভাবতেন। অথচ মূল নিউ ডিলাররা কেইনসীয় অর্থনীতি পছন্দ করতেন না; তারা মনে করতেন এটি কেবল উপশমকারী ওষুধ হিসেবে কাজ করছে, পুঁজিবাদের "দুষ্ট চরিত্র" দূর করছে না।
    • "রিফ্লেকশনস অন দ্য গ্রেট ডিপ্রেশন" (২০০২)
  • মোদিলিয়ানির তত্ত্ব যা ঘটছে তার ওপর এক শক্তিশালী আলো ফেলেছিল... ১৯৫০ দশক থেকে আমেরিকান জীবনে ঘটে যাওয়া বড় পরিবর্তনগুলোর এটিই সেরা ব্যাখ্যা।
    • নিউ ইয়র্ক টাইমস (২৬ সেপ্টেম্বর ২০০৩)
  • তবে একটি শেষ সতর্কতা। ১২ বছর ধরে জাপানে যা ঘটেছে তা আমাদের সতর্ক করে যে, আমেরিকার মতো একটি সমৃদ্ধ সমাজও কখনও কখনও তার আত্মবিশ্বাস এবং অকৃপণ ব্যয়ের মানসিকতা হারিয়ে ফেলে স্থবির হয়ে যেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতির ওপর বাজি ধরবেন না, তবে সেগুলোকে পুরোপুরি উপেক্ষা করবেন না।
    • "টেল অফ টু ম্যাক্রোইকোনমিকস" (২০০৩)
  • ১৯৭০ দশকে একটি মিথ বা কাল্পনিক ধারণা প্রচলিত ছিল যে কেইনসীয়বাদ ব্যর্থ হয়েছে এবং মিল্টন ফ্রিডম্যানের মনিটরিবাদ তার জায়গা করে নিয়েছে। কিন্তু প্রকৃত তথ্য পরীক্ষা করুন। ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ১০টি বিখ্যাত পূর্বাভাস মডেল পরীক্ষা করলে দেখা যায়। অর্থের জোগান গুরুত্বপূর্ণ ছিল ঠিকই, কিন্তু ফ্রিডম্যান যেভাবে দাবি করেছিলেন যে 'কেবল অর্থের জোগানই সব', তা কখনও পদ্ধতিগতভাবে সঠিক প্রমাণিত হয়নি।
    • উইলিয়াম বার্নেটকে দেওয়া সাক্ষাৎকার (২০০৩)
  • ১৯৮০ সালের পর থেকে এমআইটির অনেক পিএইচডিধারী হয়তো নিজেদের "কেইনসীয়" বলে মনে করেন না। কিন্তু তারা এবং বিশ্বের আধুনিক সব অর্থনীতিবিদরা স্যামুয়েলসন, মোদিলিয়ানি, সোলো এবং টোবিনের মডেলগুলোই ব্যবহার করেন। হার্ভার্ডের অধ্যাপক মার্টিন ফেল্ডস্টাইন অভিযোগ করেছিলেন যে কেইনসীয়রা সঞ্চয়ের বিরুদ্ধে তরুণদের মন বিষিয়ে দিয়েছে। কিন্তু আমি এবং টোবিন ১৯৫৫ সাল থেকেই একটি "নিও-ক্লাসিক্যাল সিনথেসিস" বা নব্য-ধ্রুপদী সংশ্লেষণের পক্ষে ছিলাম।
    • উইলিয়াম বার্নেটকে দেওয়া সাক্ষাৎকার (২০০৩)
  • আমি ভুল হতে কতটা ঘৃণা করি তা আমি প্রায়ই বলেছি। তবে ভুল আঁকড়ে ধরে থাকা আমি আরও বেশি ঘৃণা করি। ১৯৪৫ সালের সেপ্টেম্বরের মধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে যুদ্ধের পর কোনো স্থায়ী মন্দা আসছে না। তখনই আমি আমার আগের ভুল অনুমানটি ত্যাগ করেছিলাম। মানুষ নিজের ভুল থেকে যা শেখে, সাফল্য থেকে ততটা শিখতে পারে না।
    • উইলিয়াম বার্নেটকে দেওয়া সাক্ষাৎকার (২০০৩)
  • একটি সার্থক অর্থনৈতিক বিজ্ঞানের কাজ হলো আমাদের প্রকৃত অর্থনৈতিক ইতিহাসের গতিপথ বুঝতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করা। একজন পণ্ডিত যখন বর্তমানের মাসিক বা বাৎসরিক ঘটনাবলী নিয়ে গম্ভীরভাবে আলোচনা করেন, তখন তিনি মূলত ইতিহাসের সবচেয়ে সাম্প্রতিক অংশটিই চর্চা করেন।
    • উইলিয়াম বার্নেটকে দেওয়া সাক্ষাৎকার (২০০৩)
  • মূলধারার বাণিজ্য অর্থনীতিবিদরা মার্কিন আয়ের বৈষম্যের দিকে যথেষ্ট নজর দেননি। কোনো সমাজের এক-তৃতীয়াংশ মানুষই হয়তো উচ্চ শিক্ষিত বা দক্ষ পেশাদার চাকরির যোগ্য হয় না। যদি যুক্তরাষ্ট্রে অবাধ অভিবাসনের অনুমতি দেওয়া হতো, তবে এই বিশাল জনগোষ্ঠীর মজুরি নাটকীয়ভাবে হ্রাস পেত। অর্থনীতিবিদদের ১৯৩০ দশকের সাহিত্য দক্ষতা এবং বৈষম্যের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে নৈতিক বিতর্কের ক্ষেত্রে কিছুটা ধোঁকাবাজি করেছে। মেরি অ্যান্টোনেট বলেছিলেন, "তাদের কেক খেতে দাও।" কিন্তু ইতিহাস বলে তিনি প্রজাদের চিনি বা ময়দা কিছুই দেননি। গ্রিনস্প্যানকেও মাঝে মাঝে অ্যান্টোনেটের মতো শোনায়।
    • "হোয়্যার রিকার্ডো অ্যান্ড মিল রিবুট..." (২০০৪)
  • একটি বিবর্তনশীল বিষয়—সেটি ইতিহাস হোক বা অর্থনীতি সবসময় গতিশীলভাবে পরিবর্তিত হয়। দুই ধাপ সামনে তো এক ধাপ পেছনে। আমরা যারা কর্মজীবনে আছি তারা তখনই সবচেয়ে বেশি সুখী হই যখন অতীতের অর্জনগুলো সফল মনে হয় এবং সামনে আরও কিছু কাজ বাকি আছে বলে অস্পষ্টভাবে দেখা যায়।
    • মুখবন্ধ: "নিউ ফ্রন্টিয়ারস ইন ইকোনমিক্স" (২০০৪)
  • সংশয় থাকলে আমার নতুন প্রচেষ্টাগুলোকে সুযোগ দিন। ডারউইনীয় প্রক্রিয়ায় সময়ের ব্যবধানে প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় বিষয়গুলো এমনিতেই আলাদা হয়ে যাবে।
    • মুখবন্ধ: "নিউ ফ্রন্টিয়ারস ইন ইকোনমিক্স" (২০০৪)
  • আমি পিগুর খুব প্রশংসা করতাম। তিনি কেবল আলফ্রেড মার্শালের একজন অনুসারীই ছিলেন না, বরং তিনি মার্শালের ঐতিহ্যের আরও উর্বর বিকাশ ঘটিয়েছিলেন। হোয়াইটহেড যখন আমাকে জিজ্ঞেস করেছিলেন পিগু অতিমূল্যায়িত কি না, আমি সততার সাথেই বলেছিলাম যে ফক্সওয়েলের চেয়ে পিগুই অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ ছিলেন।
    • কোতারো সুজুমুরাকে দেওয়া সাক্ষাৎকার (২০০৫)
  • আমি মনে করি মার্শাল একজন মহান অর্থনীতিবিদ ছিলেন, তবে তাঁর স্বাস্থ্য ভালো না থাকায় তিনি যতটুকু কাজ করেছেন, তিনি আসলে তার চেয়ে অনেক বেশি বড় হওয়ার সম্ভাবনা রাখতেন।
    • কোতারো সুজুমুরাকে দেওয়া সাক্ষাৎকার (২০০৫)
  • অ্যারোর জেনারেল ইমপসিবিলিটি থিওরেম (সাধারণ অসম্ভবতা তত্ত্ব) বার্গসোনিয়ান সামাজিক কল্যাণ ফাংশন কিংবা বেন্থামীয় উপযোগবাদকে মিথ্যা প্রমাণ করে না।
    • কোতারো সুজুমুরাকে দেওয়া সাক্ষাৎকার (২০০৫)
  • আমরা অর্থনীতিবিদরা কেইনসের 'জেনারেল থিওরির' শেষ লাইনগুলো উদ্ধৃত করতে ভালোবাসি কারণ সেগুলো আমাদের আত্মঅহংকার বাড়িয়ে দেয়। কিন্তু সত্য কথা হলো, ক্ষমতায় থাকা উন্মাদরা মৃত বা জীবিত অর্থনীতিবিদদের সাহায্য ছাড়াই নিজেদের উন্মাদনা তৈরি করতে পারে। রাজপুত্র এবং সাধারণ জনগণ যা পান করতে চায়, অর্থনীতিবিদরা অনেক সময় সেটাই পরিবেশন করেন।
    • "ইনসাইড দ্য ইকোনমিস্ট’স মাইন্ড" (২০০৭)
  • ২০০৭ সালের পর থেকে যা ওয়াল স্ট্রিট পুঁজিবাদের আত্মহত্যার কারণ হয়েছে তা হলো: মিল্টন ফ্রিডম্যান এবং ফ্রিডরিখ হায়েকের লিবার্টেরিয়ান বা উগ্র-উদারবাদী অবাধ বাজার ব্যবস্থা, যা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলতে দেওয়া হয়েছিল। আজ আমরা যে কষ্টের সম্মুখীন হচ্ছি, তার মূল উৎস এখানেই। এই দুই ব্যক্তি মারা গেছেন, কিন্তু তাদের বিষাক্ত উত্তরাধিকার আজও বেঁচে আছে।
    • "ফেয়ারওয়েল টু ফ্রিডম্যান-হায়েক লিবার্টেরিয়ান ক্যাপিটালিজম" (২০০৮)
  • কলম্বাস সিফিলিস নতুন পৃথিবীতে এনেছিলেন নাকি সেখান থেকে নিয়ে গিয়েছিলেন তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক ধসের গায়ে যে "মেড ইন আমেরিকা" লেবেল লাগানো আছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
    • "ফেয়ারওয়েল টু ফ্রিডম্যান-হায়েক লিবার্টেরিয়ান ক্যাপিটালিজম" (২০০৮)
  • সামষ্টিক অর্থনীতি,আমাদের এতসব কম্পিউটার এবং তথ্য থাকা সত্ত্বেও একটি নির্ভুল বিজ্ঞান নয় এবং এটি কখনও নির্ভুল বিজ্ঞান হওয়া সম্ভবও নয়। এটি হয়তো আগের চেয়ে উন্নত হতে পারে, কিন্তু এসব ক্ষেত্রে কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।
    • কনর ক্লার্ককে দেওয়া সাক্ষাৎকার (২০০৯)
  • অর্থনৈতিক ইতিহাসের গবেষণার প্রতি পরম শ্রদ্ধা বজায় রাখুন, কারণ আপনার সমস্ত অনুমান বা পরীক্ষার মূল রসদ এখান থেকেই আসবে। ইতিহাস নিজে নিজের কথা বলে না, একে সব ধরণের গাণিতিক ও পরিসংখ্যানগত পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যেতে হয়।
    • কনর ক্লার্ককে দেওয়া সাক্ষাৎকার (২০০৯)
  • অর্থনীতি বুঝতে হলে আপনাকে কেবল এর মূলনীতি জানলে হবে না, এর সূক্ষ্ম দিকগুলোও বুঝতে হবে। ডারউইনীয় বিবর্তনের রহস্য যেমন সূক্ষ্মতায় থাকে, অর্থনীতিতেও তাই। কেউ যদি বলে "এক পাঠেই অর্থনীতি শেষ", তবে আমি বলব দ্বিতীয় পাঠটি নিতে ফিরে যান।
    • "অ্যান এনজয়েবল লাইফ পাজলিং ওভার মডার্ন ফিন্যান্স থিওরি" (২০০৯)
  • নৈতিক শিক্ষা: মুক্ত বাজার নিজেকে নিজে স্থিতিশীল করতে পারে না। নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার চেয়ে 'শূন্য নিয়ন্ত্রণ' অনেক বেশি সাব-অপটিমাল বা ক্ষতিকর। লিবার্টেরিয়ানবাদ বা উগ্র-উদারবাদ নিজেই নিজের বড় শত্রু!
    • "অ্যান এনজয়েবল লাইফ পাজলিং ওভার মডার্ন ফিন্যান্স থিওরি" (২০০৯)
  • বাজার নিখুঁত নয়, এমনকি যুক্তিযুক্তভাবে নিয়ন্ত্রিত বাজারের ক্ষেত্রেও এটি সত্য। তা সত্ত্বেও, গত এক হাজার বছরে বাজার ব্যবস্থার ওপর বড় ধরণের নির্ভরতা না দিয়ে কোনো বিশাল সমাজ পরিচালনার প্রতিটি চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
    • "অ্যান এনজয়েবল লাইফ পাজলিং ওভার মডার্ন ফিন্যান্স থিওরি" (২০০৯)

পল স্যামুয়েলসন সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • মার্কিন এমনকি বিশ্ব অর্থনীতিতেও পল স্যামুয়েলসন সর্বত্র বিরাজমান। জয়েসের হামফ্রে চিম্পডেন ইয়ারউইকার কিংবা মেলভিলের কনফিডেন্স ম্যানের মতো তিনিও ইতিহাসের প্রতিটি মোড়ে ভিন্ন ভিন্ন বেশে আবির্ভূত হন।
    • কেন্‌থ অ্যারো, "স্যামুয়েলসন কালেক্টেড", জার্নাল অফ পলিটিক্যাল ইকোনমি (অক্টোবর, ১৯৬৭)
  • পলের কাজের মধ্যে গভীরতা ও ব্যাপকতার এক অনন্য সমন্বয় ছিল। একদিকে প্রাকৃতিক ঘটনাবলী বর্ণনায় ব্যবহৃত গাণিতিক ব্যবস্থার ওপর তার ছিল অগাধ জ্ঞান। অন্যদিকে তিনি অর্থনীতির প্রতিটি বিষয়কে অত্যন্ত খুঁটিনাটি সহকারে বিশ্লেষণ করতেন।
    • কেন্‌থ অ্যারো, স্যামুয়েলসনিয়ান ইকোনমিক্স অ্যান্ড দ্য টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি (২০০৬) মুখবন্ধ থেকে।
  • একজন বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ হিসেবে স্যামুয়েলসন ছিলেন দ্বিমুখী প্রতিভার অধিকারী। একদিকে তিনি ছিলেন এমন একজন গাণিতিক পণ্ডিত যিনি জ্যাকব ভাইনার, ওয়াসিলি লিওনতিয়েফ, জোসেফ শুম্পটার এবং সর্বোপরি এডউইন বিডওয়েল উইলসনের কাছে শিক্ষা গ্রহণ করেছেন। এই কাজগুলো তাকে তার সমসাময়িকদের চেয়ে অনেক উপরে তুলে দিয়েছিল। অন্যদিকে তার জনপ্রিয় কাজগুলো কেবল তত্ত্বের সারাংশ ছিল না। বরং তা জটিল গণিতের বদলে তথ্যের নির্ভুল বিশ্লেষণ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কার্যপদ্ধতির ওপর ভিত্তি করে লেখা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হ্যান্ডসেনের পরামর্শে গড়ে ওঠা এই স্যামুয়েলসনই 'ইকোনমিক্স' বইটি লিখেছিলেন যার মতামতের ওপর সংবাদমাধ্যম ও সরকার বিশেষ গুরুত্ব দিত।
  • ২০০১-০২ সালে এমআইটিতে ভিজিটিং প্রফেসর থাকাকালীন আমি পল স্যামুয়েলসনের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হই। আমি প্রায়ই তার অফিসে গিয়ে আড্ডা দিতাম। জীবনের শেষলগ্নে এসে তিনি কিছুটা নিঃসঙ্গ বোধ করতেন। বিজ্ঞানের জটিল বিষয় থেকে শুরু করে মানুষের জীবন সব বিষয়েই তার প্রবল আগ্রহ ছিল। ১৫ মে, ২০০২ তারিখে এমআইটিতে তার সাথে আমার শেষ কার্যকর আলাপ হয়। ফটোকপি করার সময় তিনি আমাকে থামিয়ে বলেন যে সেদিন তার জন্মদিন। হার্ভার্ড ক্লাব তার জন্য বিশেষ শ্যাম্পেনের আয়োজন করেছে এবং তিনি আমাকে ও আমার স্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানান। একজন অর্থনীতিবিদের কাছে এটি ছিল আইনস্টাইনের কাছ থেকে নৈশভোজের আমন্ত্রণ পাওয়ার মতো। সেখানে গিয়ে দেখলাম কোনো ভিড় নেই, কেবল স্যামুয়েলসন দম্পতি আর আমরা। আমাদের আড্ডার মূল বিষয় ছিল শিল্পকলা, ইতিহাস এবং অবশ্যই অর্থনীতি।
  • গত শতাব্দীতে অর্থনীতিতে দুজনের অবদান আমার আর্থিক বাজারের ওপর গড়ে ওঠা ধারণাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। একজন হলেন কিংবদন্তি ব্রিটিশ তাত্ত্বিক জন মেনার্ড কেইনস। অন্যজন হলেন ধারণার নিরলস উদ্ভাবক পল স্যামুয়েলসন।
    • জন বোগল, প্রোসিডিংস অফ দ্য আমেরিকান ফিলোসফিক্যাল সোসাইটি (সেপ্টেম্বর ২০১৪)
  • পাঠকরা পল স্যামুয়েলসনকে সাম্প্রতিক ঘটনাবলীর একজন চতুর ও তীক্ষ্ণ সমালোচক হিসেবে চেনেন। লাখ লাখ কলেজ গ্র্যাজুয়েট তাকে চেনেন তার অর্থনীতি পাঠ্যবইয়ের জন্য যা গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় পাঠ্যবই হিসেবে সমাদৃত। তবে পেশাদার অর্থনীতিবিদরা তাকে চেনেন একজন গাণিতিক অর্থনীতিবিদ হিসেবে যিনি আমাদের বিষয়ের তাত্ত্বিক ভিত্তি পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই বহুমুখী প্রতিভার জন্যই তিনি নোবেল পুরস্কার জয় করেন।
    • মিল্টন ফ্রিডম্যান, "পল স্যামুয়েলসন", নিউজউইক (৯ নভেম্বর ১৯৭০)
  • পাঠ্যবই এবং এর লেখকের কথা প্রায়ই উচ্চ বুদ্ধিবৃত্তিক আভিজাত্যের সাথে উল্লেখ করা হতো। পল স্যামুয়েলসনের প্রভাব আধুনিক অর্থনীতিতে সর্বজনস্বীকৃত। তার গবেষণা এবং জনহিতকর অর্থনৈতিক নীতির পক্ষে অবস্থানের জন্য তিনি প্রশংসিত। তবে পরবর্তী প্রজন্মের মৌলিক অর্থনৈতিক শিক্ষার ভিত্তি গড়ে দেওয়ার মতো অসাধারণ কৃতিত্বের জন্য তিনি যতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য তা পাননি।
    • জন কেনেথ গালব্রেইথ, "পল স্যামুয়েলসনের ৯০তম জন্মদিনে", দ্য আমেরিকান ইকোনমিস্ট (২০০৭)
  • শিকাগোতে আমার পড়াশোনা শুরুর সময় স্যামুয়েলসনের 'ফাউন্ডেশনস' বইটির বড় প্রভাব ছিল। এটি একটি "কাজটি করার নিয়ম" শেখানোর বই যা স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য চমৎকার। এই বইটি কেবল কঠিন শব্দ ব্যবহারের বদলে গেমটি কীভাবে খেলতে হয় তার গোপন সূত্রগুলো জানিয়ে দেয়।
    • রবার্ট ই. লুকাস, কনভারসেশনস উইথ ইকোনমিস্টস (১৯৮৩)
  • আমি মনে করি কোনো বিষয়কে যদি একটি মডেলে রূপান্তর করা না যায়, তবে তা সঠিকভাবে বোঝা সম্ভব নয়। স্যামুয়েলসনের বইটিকে আমি একারণেই পছন্দ করি। তিনি দীর্ঘদিনের অমীমাংসিত বিতর্কের অবসান ঘটিয়ে বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করেন যার উত্তর খুঁজে পাওয়া সম্ভব।
    • রবার্ট ই. লুকাস, কনভারসেশনস উইথ ইকোনমিস্টান (১৯৮৩)
  • স্যামুয়েলসন মনে করেন আমি ভুল ছিলাম এবং তিনি সঠিক। বাতিঘরের উদাহরণটি নিয়ে কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন কোয়াস ভুল। কোয়াস ফ্রি রাইডার সমস্যা সমাধান করতে পারেন না। স্যামুয়েলসনের পদ্ধতিতে আপনি কী করবেন? আপনি কি সরকারকে ভর্তুকি দিতে বলবেন? নাকি জনগণের ওপর ট্যাক্স বসাবেন? আমার পদ্ধতি হলো বিকল্পগুলোর তুলনা করা। স্যামুয়েলসনের মতো মানুষরা একটি আদর্শ জগত কল্পনা করেন এবং বলেন যে বাজার আমাদের সেই পর্যায়ে নিয়ে যায় না, তাই সরকারের কিছু করা উচিত। কিন্তু তারা তাদের বিশ্লেষণ সেখানেই থামিয়ে দেন।
  • খাবারের ফাঁকে আমি একটি সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। যদি সেখানে পয়েন্ট গণনা করা হতো, তবে স্যামুয়েলসন অনায়াসেই জিতে যেতেন। তিনি ফিনল্যান্ডের তৃতীয় প্রেসিডেন্টের নামও জানতেন। যা আমি কেবল মজার ছলেই তাকে জিজ্ঞেস করেছিলাম।
  • সাধারণ ভাষায় স্যামুয়েলসনের অবদান হলো এই যে, তিনি সমসাময়িক অন্য যেকোনো অর্থনীতিবিদের চেয়ে অর্থনৈতিক বিজ্ঞানের সাধারণ বিশ্লেষণী ও পদ্ধতিগত মান বৃদ্ধিতে বেশি অবদান রেখেছেন। তিনি অর্থনৈতিক তত্ত্বের উল্লেখযোগ্য অংশ নতুন করে লিখেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে অর্থনীতির সমস্যা এবং বিশ্লেষণী কৌশলের মধ্যে এক ধরণের মৌলিক ঐক্য রয়েছে।
  • এমআইটিতে সেই সময়ের বিস্ময়বালক পল স্যামুয়েলসনের সাথে কাজ করার সুযোগই ছিল আমার বড় প্রাপ্তি। আমি তার গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট ছিলাম এবং তার প্রতিটি আলাপে ছড়িয়ে থাকা জ্ঞানের সারটুকু নেওয়ার চেষ্টা করতাম। স্যামুয়েলসনের সাথে কাজ করে আমি সরাসরি দুটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। একটি হলো সামষ্টিক অর্থনীতি নিয়ে নতুন চিন্তাভাবনার গ্রহণযোগ্যতা বাড়ানো এবং অন্যটি হলো অর্থনীতিতে গাণিতিক পদ্ধতির প্রবর্তন। স্যামুয়েলসনের 'ইকোনমিক্স' পাঠ্যবই হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর কেইনসিয়ান অর্থনীতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।
    • লরেন্স আর. ক্লেইন, 'লিভস অফ দ্য লরিয়েটস' (২০০৯)
  • তিনি ইতিহাস বোঝেন। এমনকি ডিনারের আড্ডায় পাশের মানুষটি যদি হাঙ্গেরিয়ান হন, তবে তিনি অনায়াসেই উনিশ শতকের হাঙ্গেরিয়ান রাজনীতিবিদ বা ঔপন্যাসিকদের নাম বলতে পারতেন। এটি একটি বিরল গুণ কারণ বর্তমানে অর্থনীতিবিদদের শিক্ষা কেবল প্রযুক্তিগত বিষয়ের ওপর সীমাবদ্ধ হয়ে পড়ছে।
    • জানোস কর্নাই, টেন ওয়েজ টু নো পল এ. স্যামুয়েলসন (২০০৬)
  • সংগীতের জগতে যেমন একজন ভালো সুরকার ও দক্ষ কন্ডাক্টর পাওয়া বিরল, অর্থনীতিতেও তাই। পল সেই বিরল প্রতিভাদের একজন। তার লেখা যেমন অলঙ্কারবহুল, তেমনি তাতে এক ধরণের গতিশীলতা পাওয়া যায় যা বর্তমান যুগে খুব কম দেখা যায়।
    • মাইকেল জেনবার্গ, টেন ওয়েজ টু নো পল এ. স্যামুয়েলসন (২০০৬)
  • অ্যালেক্সান্ডার বার্লিনের সেই বিখ্যাত বিভাজন অনুযায়ী শিয়াল অনেক কিছু জানে আর হেজহগ জানে কেবল একটি বড় বিষয়। পল স্যামুয়েলসনের বিশেষত্ব ছিল তিনি আমাদের অনেকগুলো বড় বড় বিষয় শিখিয়েছিলেন। কোনো অর্থনীতিবিদের এতগুলো মৌলিক আইডিয়া বা ধারণা ছিল না।
  • জন মেনার্ড কেইনস হয়তো নীতিনির্ধারকদের ওপর বেশি প্রভাব ফেলেছিলেন, মিল্টন ফ্রিডম্যান নাগরিকদের ওপর এবং কেন্‌থ অ্যারো অর্থনৈতিক তত্ত্বের ওপর। কিন্তু বর্তমান সময়ে অর্থনীতি যেভাবে চর্চা করা হয় এবং এর উদ্দেশ্য যেভাবে নির্ধারিত হয়। তার ওপর স্যামুয়েলসনের প্রভাব বিংশ শতাব্দীর অন্য যেকোনো অর্থনীতিবিদের চেয়ে বেশি।
  • তিনি ছিলেন প্রভাবশালী। তিনি পাঠ্যবইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রভাবিত করেছিলেন এবং গবেষণাপত্রের মাধ্যমে পুরো অর্থনীতি পেশাকে বদলে দিয়েছিলেন। মিল্টন ফ্রিডম্যান হয়তো সরকারি নীতিতে বেশি প্রভাব ফেলেছিলেন, কিন্তু অর্থনীতির অভ্যন্তরীণ কাঠামোর ওপর স্যামুয়েলসনের প্রভাব অতুলনীয়।
  • অর্থনীতির অনেক নীতিই আগে অস্পষ্ট ভাষায় লুকানো ছিল। তিনি গণিতের ভাষার মাধ্যমে সেগুলোকে অত্যন্ত স্বচ্ছভাবে প্রকাশ করেছেন।
    • অবিনাশ দীক্ষিত, "পল স্যামুয়েলসন্স লিগ্যাসি" (২০১২)

বহিঃসংযোগ

[সম্পাদনা]