বিষয়বস্তুতে চলুন

বিনয় ঘোষ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

বিনয় ঘোষ বিশ শতকের একজন প্রখ্যাত বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, লেখক, লোকসংস্কৃতি গবেষক এবং চিন্তাবিদ ছিলেন। তিনি ১৪ জুন, ১৯১৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ২৪ জুলাই, ১৯৮০ সালে সেখানেই মারা যান। ইতিহাস ও রাজনীতি বিষয়ক তাঁর গভীর বিশ্লেষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। "কালপেঁচা" ছদ্মনামেও তিনি লিখতেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে "পশ্চিমবঙ্গের সংস্কৃতি", "বিদ্যাসাগর ও বাঙালি সমাজ", "বাংলার সামাজিক ইতিহাসের ধারা" এবং "সাময়িকপত্রে বাংলার সমাজচিত্র"। মার্কসবাদী সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তাঁর লেখায় বিশেষভাবে ফুটে উঠেছে।

উক্তি

[সম্পাদনা]
  • মহানাগরিক জীবনের শ্রেষ্ঠ প্রতীক হল টাকা।
    • মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ
  • টাকা সচল তাই মানুষও সচল। এমনকী মানবহৃদয়ের যে সমস্ত আবেগ, অনুভূতি, ভাবানুভাব ও সহজ বৃত্তিকে আমরা এতদিন শাশ্বত সত্য বলে জানতাম সেগুলিও আজ টাকার চাকচিক্যের কাছে ম্লান হয়ে গেছে। স্নেহ, মায়ামমতা, প্রেম—ভালোবাসা, শ্রদ্ধাভক্তি সমস্ত মানবিক হৃদয়বৃত্তিকে বণিকের মনোবৃত্তি আচ্ছন্ন করে ফেলেছে।
    • মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ
  • গোবিন্দরাম মিত্র, নবকৃষ্ণ দেব, দর্পনারায়ণ ঠাকুর, গোকুল ঘোষাল, রামদুলাল দে, মদন দত্ত এবং আরও যাঁরা তখন কলকাতা শহরে ভাগ্যান্বেষণে এসেছেন, তাঁরা বেনিয়ানি, মুচ্ছুদ্দিগিরি ব্যাবসাবাণিজ্য যা—ই করুন—না কেন, তাতেই কমবেশি কৃতকার্য হয়েছেন এবং ধনদৌলতের অধিকাংশ হয় সামন্তসুলভ প্রমোদমত্ততায় অথবা জমিদার হবার বাসনা চরিতার্থের জন্য ব্যয় করেছেন। সামন্তযুগের প্রেতাত্মা তাঁদের সকলের স্কন্ধে ভর করেছে। তাঁরাই হয়েছেন নতুন কলকাতা শহরে আদিপর্বের অভিজাত শ্রেণি।
    • মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ
  • অর্থনীতিক্ষেত্রে মধ্যযুগের বাণিজ্যিক বাধাবিপত্তি সামান্য কিছুটা অপসারিত হলেও, আধুনিক শিল্পায়নের কাজ আরম্ভ হয়নি। বিজ্ঞানের আলো সমাজের ও মনের বদ্ধ জানালা ভেদ করে ভিতরে প্রবেশ করেনি। কলকাতার মন পুরোদস্তুর তখন মধ্যযুগের অন্ধকারে বন্দি।
    • মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ
  • পারিবারিক জীবনের প্রয়োজনে ইংরেজরা প্রধানত মেমসাহেবদের তাগিদেই কলকাতার সমাজের মধ্যেই পৃথক একটি অর্গলবদ্ধ আঞ্চলিক সমাজ গড়ে তোলেন।
    • মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ
  • নবযুগের বাংলার ট্র্যাজিডি হল এই যে এ দেশের হিন্দুরা যে শিক্ষায়তন থেকে পাশ্চাত্য বিদ্যা আয়ত্ত করে যুক্তিবাদী কুসংস্কারমুক্ত ও উদার মতাবলম্বী হয়ে ওঠেন বলে দাবি করেন, সেই বিদ্যালয় কিন্তু সাম্প্রদায়িক গোঁড়ামি নিয়ে প্রতিষ্ঠিত হয়।
    • মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ

আরও দেখুন

[সম্পাদনা]