মুহম্মদ এনামুল হক
মুহম্মদ এনামুল হক (২০ সেপ্টেম্বর ১৯০২ – ১৬ ফেব্রুয়ারি ১৯৮২) ছিলেন একজন ডক্টরেট প্রাপ্ত বাঙালি শিক্ষাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক। বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় তিনি অন্যতম প্রধান ব্যক্তি। তিনি কর্মজীবনে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করেন এবং ১৯৭৫ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। মুহম্মদ এনামুল হক মধ্যযুগের বাংলা সাহিত্য ও ইতিহাস এবং বাংলা ভাষা ও ব্যাকরণ বিষয়ে দুরূহ গবেষণা কর্মে বিশেষ অবদান রেখেছেন। তার সাহিত্যকর্মের বৈশিষ্ট্য হলো সত্যানুসন্ধান ও বস্তনিষ্ঠ গবেষণা। তিনি প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের লুপ্তপ্রায় পান্ডুলিপির সন্ধান দেন। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে চেতনা জাগরণই তাঁর সাহিত্যসাধনার মূল প্রেরণা। সাহিত্যের ইতিহাস সন্ধানের ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য। তার কৃতিত্বর জন্য তাকে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
উক্তি
[সম্পাদনা]- ব্যাকরণটিকে বাজারে প্রচলিত যে-কোন বাংলা-ব্যাকরণ হইতে নানা বিষয়ে পৃথক ও নূতন বলিয়া মনে হইবে। ঢাকা মাধ্যমিক শিক্ষা-সংসদের পাঠ্য-তালিকার মধ্যে থাকিয়া, সংস্কৃত-ব্যাকরণের সর্বগ্রাসী কবল হইতে বাংলা-ব্যাকরণের মুক্তির যথাসাধ্য চেষ্টা এই পার্থক্য ও নূতনত্বের জন্য একমাত্র দায়ী।
- ব্যাকরণ মঞ্জুরী
- কেহ ভুল করিয়া জাতির এই সাংস্কৃতিক-কক্ষের দিকে পদক্ষেপ করিলে, তিনি অন্ততঃ কক্ষটির প্রবেশ-পথ দেখিতে পাইবেন, ইহাই আমার একমাত্র আশা।
- মুসলিম বাংলা সাহিত্য
- মুসলমানগণ অন্যবিধ সাহিত্য রচনা করুন বা না করুন, প্রাচীনকাল হইতে দেশ ও জনপদ বিজয়ের বিস্তৃত ও ঘটনাবহুল ইতিহাস রচনা করিয়াছেন।
- বঙ্গে স্বূফী প্রভাব
- বাংলার খ্যাতনামা মৌলিক গবেষক মৌলবী আবদুল করীম সাহিত্য-বিশারদই আমার এই মাটির প্রদীপের একমাত্র না হইলেও, মূল নির্মাতা।
- মুসলিম বাংলা সাহিত্য
- জাতির সাংস্কৃতিক-ইতিহাসের যে-দিক এই পুস্তকে উদ্ঘাটিত করিবার চেষ্টা করিয়াছি, তাহা এতকাল একরূপ অন্ধকারাচ্ছন্ন ছিল। সময়ে সময়ে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে মশাল-বর্তিকার (torch-light) সাহায্যে এই অন্ধকারে কেহ কেহ আলোকপাত করিবার চেষ্টা পাইলেও, আমাদের এই সাংস্কৃতিক-কক্ষে কখনো কোন স্থায়ী প্রদীপ প্রজ্বালিত হয় নাই: বিজলী-বাতি বসাইবার কথা না বলাই ভালো।
- মুসলিম বাংলা সাহিত্য
- বাঙ্গালাদেশে তুর্কী (পাঠান) শাসনের তেমন কোন বিস্তৃত সমসাময়িক ইতিহাস নাই; তবু, দিল্লীর মুসলমান সাম্রাজ্যের সম্পর্কে বাঙ্গালার যতটুকু ইতিহাস রচিত হইয়াছিল, তাহাও নগণ্য নহে
- বঙ্গে স্বূফী প্রভাব