বিষয়বস্তুতে চলুন

যোগেন্দ্রনাথ গুপ্ত

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

যোগেন্দ্রনাথ গুপ্ত (২২ মার্চ ১৮৮৩ - ৩১ মে ১৯৬৪) ছিলেন একজন সাহিত্যিক, নাট্যকার ও গবেষক। তিনি বাংলা ভাষায় প্রথম বিয়োগান্তক নাটক কীর্তিবিলাস রচনা করেন। শিশুভারতী নামের বিখ্যাত কোষগ্রন্থের সম্পাদনা তার উল্লেখযোগ্য কীর্তি। তিনি কৈশোরক পত্রিকার সম্পাদক ছিলেন। তার রচিত বাংলার ডাকাত বইখানি উল্লেখযোগ্য। ইতিহাস ও সাহিত্যের বিভিন্ন বিভাগে তার গবেষণামূলক অবদান আজও স্মরণীয়। যোগেন্দ্রনাথ অল্পবয়সেই সাহিত্যচর্চা শুরু করেন। ১০০টিরও বেশি বই লেখেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো—বিক্রমপুরের ইতিহাস (১৯০৯), কল্প-কথা (১৯১৭), বঙ্গের মহিলা কবি (১৯৩০), সাহারার বুকে (১৯৩৬), আরব-বেদুইন (১৯৩৯), সাধক কবি রামপ্রসাদ (১৯৫৪), রূপকথার দেশে (১৯৫৯), তাল বেতাল (১৯৫৯) প্রভৃতি।

উক্তি

[সম্পাদনা]
  • ফাল্গুনের সন্ধ্যা। সারা কলিকাতা সহরটাকে প্রখর তাপে দগ্ধ করিয়া সূর্যদেব পশ্চিমদিকে কোন এক তেলের কলের বড় চিমনীর পশ্চাতে লুকাইয়া গিয়াছেন। গরম পড়িয়াছে, রাস্তা দিয়া বেলফুলের মালা হাঁকিয়া যাইতেছে, কুল্পীবরফওয়ালা জাঁক করিয়া ডাকিতেছে। গলিতে সবেমাত্র গ্যাসের বাতিগুলি জ্বালিয়া দিয়া গিয়াছে।
    • পরশমণি - যোগেন্দ্রনাথ গুপ্ত, প্রকাশক- শিশির পাবলিশিং হাউস্, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯১৯ খ্রিস্টাব্দ (১৩২৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২
  • আহোম জাতি আসামে অনেক দিন রাজত্ব করেন। আসামের খাঁটি সত্য ইতিহাস আহোমদের রাজত্বকাল হইতেই জানিতে পারা যায়। আহোমদের পুরোহিতেরা আহোম রাজাদের কথা, তাহাদের রাজত্বের সময়কার বিবিধঘটনা বেশ যত্ন সহকারে লিখিয়াছিলেন তাঁহাদের এই বিবরণীর নাম “বুরুঞ্জি” এই বুরুঞ্জি গুলির মধ্যে বেশ সতর্কতার সহিত বিশ্বস্ত ভাবে আসামের ইতিহাস লেখা আছে।
    • আসামের ইতিহাস, পঞ্চম অধ্যায়, আহোমরাজাদের কথা, আসামের ইতিহাস - যোগেন্দ্রনাথ গুপ্ত, প্রকাশক- পপুলার এজেন্সী, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯২৯ খ্রিস্টাব্দ (১৩৩৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৪৪
  • ষোড়শ শতাব্দী বাঙ্গালার গৌরবময় পুণ্য-যুগ। সে যুগে বাঙ্গালীই বাঙ্গালাদেশের অধিপতি ছিল, সমগ্র বাঙ্গালা ভূমি তাহাদেরই শাসনাধীনে ছিল। বঙ্গের পূর্ব্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত পর্য্যন্ত সমগ্র বঙ্গদেশ কেদার, প্রতাপ, রামচন্দ্র, লক্ষ্মণমাণিক্য, মুকুন্দরাম, সীতারাম, হাম্বীর প্রভৃতি বীরপুরুষগণের বীরত্ব-গৌরবে চির-দীপ্তিমান্ ছিল।
    • কেদার রায়, প্রথম অধ্যায়, কেদার রায় - যোগেন্দ্রনাথ গুপ্ত, প্রকাশক- নবাবপুর আলবার্ট লাইব্রেরী, প্রকাশস্থান- ঢাকা, প্রকাশসাল- ১৯১৪ খ্রিস্টাব্দ (১৩২১ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১১

বহিঃসংযোগ

[সম্পাদনা]