র্যাচেল কারসন
অবয়ব

র্যাচেল লুইস কারসন (২৭ মে, ১৯০৭ – ১৪ এপ্রিল, ১৯৬৪) ছিলেন একজন মার্কিন সামুদ্রিক জীববিজ্ঞানী, লেখক এবং প্রকৃতি সংরক্ষণবাদী। তাঁর প্রভাবশালী বই সাইলেন্ট স্প্রিং (১৯৬২) এবং অন্যান্য লেখাকে বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনের অগ্রগতির পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়। পরিবেশের দূষক বা ক্ষতিকারক উপাদান সম্পর্কে আমাদের সচেতনতা বাড়ার সাথে সাথে কারসনের কাজের প্রভাব আজও অনুভূত হয়।
উক্তি
[সম্পাদনা]- বিজ্ঞানের লক্ষ্য হলো সত্যকে আবিষ্কার ও আলোকিত করা। আমার কাছে জীবনী, ইতিহাস বা ফিকশন। সব ধরণের সাহিত্যের লক্ষ্যও এটিই। তাই আমার মনে হয়, বিজ্ঞানের জন্য আলাদা কোনো সাহিত্য হতে পারে না।
- 'দ্য সি অ্যারাউন্ড আসের' জন্য ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড (১৯৫২) গ্রহণকালে দেওয়া ভাষণ।
- বাতাস, সমুদ্র এবং জোয়ারের চলন ঠিক যা হওয়ার তা-ই। যদি তাদের মধ্যে কোনো বিস্ময়, সৌন্দর্য বা মহিমা থাকে, বিজ্ঞান সেই গুণগুলো আবিষ্কার করবে। আর যদি না থাকে, বিজ্ঞান তা তৈরি করতে পারবে না। সমুদ্র নিয়ে আমার বইতে যদি কোনো কবিত্ব থাকে, তবে তা এই জন্য নয় যে আমি সচেতনভাবে তা সেখানে দিয়েছি বরং এই জন্য যে সমুদ্র সম্পর্কে সত্য লিখতে গিয়ে কেউ কবিত্ব বাদ দিতে পারবে না।
- ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড (১৯৫২) গ্রহণকালে দেওয়া ভাষণ।
- আমরা প্রথমে মানুষকে তার অহংকার, লোভ এবং দিন বা বছরের সমস্যাগুলো দিয়ে বিচার করেছি। তারপর কেবল সেই পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীর দিকে তাকিয়েছি যেখানে মানুষ খুব অল্প সময় অতিবাহিত করেছে এবং সেই মহাবিশ্বের দিকে তাকিয়েছি যেখানে আমাদের পৃথিবী একটি অতি ক্ষুদ্র অংশ। অথচ এগুলিই মহৎ বাস্তবতা এবং সেগুলির বিপরীতে আমরা আমাদের মানবিক সমস্যাগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। সম্ভবত আমরা যদি টেলিস্কোপটি উল্টে দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে মানুষের দিকে তাকাই, তবে আমরা নিজেদের ধ্বংসের পরিকল্পনা করার জন্য খুব কম সময় ও আগ্রহ খুঁজে পাব।
- ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড (১৯৫২) গ্রহণকালে দেওয়া ভাষণ।
- মানবজাতি নিজের তৈরি এক কৃত্রিম জগতে অনেক দূর চলে এসেছে। সে ইস্পাত আর কংক্রিটের শহর দিয়ে মাটি, পানি আর অঙ্কুরিত বীজের বাস্তবতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। নিজের ক্ষমতার মোহে মত্ত হয়ে সে নিজেকে এবং নিজের পৃথিবীকে ধ্বংস করার নিত্যনতুন পরীক্ষার দিকে আরও গভীরে তলিয়ে যাচ্ছে।
এই অবস্থার কোনো একক প্রতিকার নেই এবং আমি কোনো ধন্বন্তরী ওষুধের প্রস্তাব দিচ্ছি না। তবে এটি বিশ্বাস করা যুক্তিসঙ্গত এবং আমি বিশ্বাস করি যে আমাদের চারপাশের মহাবিশ্বের বিস্ময় ও বাস্তবতার দিকে আমরা যত স্পষ্টভাবে দৃষ্টি নিবদ্ধ করতে পারব, আমাদের নিজেদের ধ্বংস করার স্বাদ ততটাই কমে যাবে। বিস্ময় এবং নম্রতা হলো সুস্থ আবেগ, যা ধ্বংসের লালসার সাথে সহাবস্থান করে না।- জন বারোজ মেডেল গ্রহণকালে দেওয়া ভাষণ (এপ্রিল ১৯৫২)।
- আমরা পৃথিবী নিয়ে দুশ্চিন্তায় ছিলাম এবং মানুষের ওপর প্রায় বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। পৃথিবীর দীর্ঘ ইতিহাস এবং কীভাবে প্রাণের সৃষ্টি হলো তা নিয়ে ভাবলে সান্ত্বনা পাওয়া যায়। আর যখন আমরা লক্ষ লক্ষ বছরের কথা চিন্তা করি, তখন আমরা আমাদের নিজেদের সমস্যাগুলো আগামীকালই সমাধান করার জন্য এতটা অধৈর্য হই না।
- জন বারোজ মেডেল গ্রহণকালে দেওয়া ভাষণ (এপ্রিল ১৯৫২)।
- একটি দেশের প্রকৃত সম্পদ মাটির নিহিত উপাদানে মাটি, পানি, বন, খনিজ এবং বন্যপ্রাণীর মাঝে বিদ্যমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ নিশ্চিত করে বর্তমানের চাহিদা মেটাতে ব্যাপক গবেষণার ওপর ভিত্তি করে একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ এবং নিরন্তর কর্মসূচি প্রয়োজন। এগুলোর প্রশাসন কোনোভাবেই রাজনীতির বিষয় হতে পারে না।
- 'ওয়াশিংটন পোস্টের' সম্পাদকের কাছে লেখা চিঠি (১৯৫৩)।
- লেখালেখি বড়জোর একটি একাকী পেশা। অবশ্যই বন্ধু এবং সহকর্মীদের সাথে উদ্দীপক এবং এমনকি আনন্দদায়ক যোগাযোগ থাকে, কিন্তু সৃষ্টির প্রকৃত কাজের সময় লেখক নিজেকে অন্য সবার থেকে বিচ্ছিন্ন করে নেন এবং একাকী তাঁর বিষয়ের মুখোমুখি হন। তিনি এমন এক রাজ্যে প্রবেশ করেন যেখানে তিনি আগে কখনো যাননি। হয়তো যেখানে কেউ আগে কখনো যায়নি। এটি একটি নির্জন স্থান, এমনকি কিছুটা ভয়ংকরও।
- আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি উইমেনের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণকালে দেওয়া ভাষণ (১৯৫৬)।
- শিশুর পৃথিবী সতেজ, নতুন এবং সুন্দর, বিস্ময় আর উত্তেজনায় ভরপুর। এটি আমাদের দুর্ভাগ্য যে আমাদের অধিকাংশের জন্য সেই স্বচ্ছ দৃষ্টি এবং সুন্দরের প্রকৃত সহজাত প্রবৃত্তি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ঝাপসা হয়ে যায়, এমনকি হারিয়ে যায়। যদি সব শিশুর নামকরণ অনুষ্ঠানের অধিষ্ঠাত্রী পরীর ওপর আমার প্রভাব থাকত, তবে আমি চাইতাম প্রতিটি শিশুর জন্য তার উপহার হোক এমন এক 'বিস্ময়বোধ' যা হবে অক্ষয়। যা পরবর্তী জীবনের একঘেয়েমি ও মোহভঙ্গের বিরুদ্ধে, কৃত্রিম জিনিসের প্রতি অনুরক্তি এবং আমাদের শক্তির উৎস থেকে বিচ্ছিন্ন হওয়ার বিরুদ্ধে এক অব্যর্থ প্রতিষেধক হিসেবে কাজ করবে। যদি একটি শিশু পরীদের থেকে এমন কোনো উপহার ছাড়াই তার সহজাত বিস্ময়বোধকে বাঁচিয়ে রাখতে চায়, তবে তার অন্তত একজন প্রাপ্তবয়স্ক সঙ্গীর প্রয়োজন যে তার সাথে এই জগতের আনন্দ, উত্তেজনা এবং রহস্য নতুন করে আবিষ্কার করতে পারবে। একবার এটি খুঁজে পেলে তার স্থায়ী তাৎপর্য তৈরি হয়। একটি শিশুকে তথ্য মুখস্থ করানোর চেয়ে তার মধ্যে জানার আগ্রহ তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
- "আপনার সন্তানকে বিস্মিত করতে সাহায্য করুন" (১৯৫৬)।
- কেবল বিশ শতকের মধ্যেই জীববৈজ্ঞানিক চিন্তাধারা বাস্তুসংস্থান বা পরিবেশের সাথে জীবের সম্পর্কের ওপর কেন্দ্রীভূত হয়েছে। বাস্তুসংস্থানিক সম্পর্কের সচেতনতাই হওয়া উচিত আধুনিক সংরক্ষণ কর্মসূচির ভিত্তি। কারণ কোনো প্রাণী যে ধরণের ভূমি বা পানি ব্যবহার করে তা রক্ষা না করে সেই প্রাণীকে রক্ষা করার চেষ্টা নিরর্থক। এই সম্পর্কগুলো এতই সূক্ষ্মভাবে বোনা যে বুননের একটি সুতোয় টান দিলে পুরোটা বদলে যায়। কখনও অদৃশ্যভাবে, আবার কখনও ধ্বংসাত্মকভাবে।
- "জৈবিক বিজ্ঞানের উপর প্রবন্ধ" (১৯৫৮)।
- আমরা যদি বাস্তুসংস্থান এবং সংরক্ষণের সাধারণ ধারণাগুলো বিকাশে ধীরগতি সম্পন্ন হই, তবে মানুষের নিজস্ব বাস্তুসংস্থান ও সংরক্ষণের বিষয়টি স্বীকার করতে আমরা আরও বেশি দেরি করেছি। আমরা আশা করতে পারি যে এটি হবে জীববিজ্ঞানের বিকাশের পরবর্তী প্রধান পর্যায়। এখানে সেখানে সচেতনতা বাড়ছে যে মানুষ সৃষ্টির অধিপতি হওয়া তো দূরের কথা, সে নিজেই প্রকৃতির অংশ এবং সেই মহাজাগতিক শক্তির অধীন যা অন্য সব প্রাণকে নিয়ন্ত্রণ করে। মানুষের ভবিষ্যৎ কল্যাণ এবং সম্ভবত তার টিকে থাকাও নির্ভর করছে এই প্রাকৃতিক শক্তিগুলোর সাথে যুদ্ধের পরিবর্তে সংহতি বজায় রেখে বাঁচতে শেখার ওপর।
- "জৈবিক বিজ্ঞানের উপর প্রবন্ধ" (১৯৫৮)।
- আমাদের অনেকের কাছেই পাখিদের গানের আকস্মিক স্তব্ধতা, পাখিদের জীবনের রঙ ও সৌন্দর্যের এই বিলুপ্তি তীব্র অনুতাপের কারণ। যারা প্রকৃতির এই আনন্দ কখনো উপভোগ করেনি, তাদের কাছেও একটি পীড়াদায়ক প্রশ্ন রয়ে যাওয়া উচিত: যদি এই 'মৃত্যুর বৃষ্টি' পাখিদের ওপর এত ভয়াবহ প্রভাব ফেলে, তবে আমাদের নিজেদের জীবনসহ অন্যান্য প্রাণের অবস্থা কী হবে?
- 'ওয়াশিংটন পোস্ট' (১০ এপ্রিল ১৯৫৯)।
- আমাদের আধুনিক বিশ্বে কোনো কিছুকেই নিশ্চিত ধরে নেওয়া উচিত নয়—এমনকি পাখিদের ফিরে আসার বসন্তকালীন গানকেও নয়।
- "অদৃশ্য আমেরিকানরা" (১৯৫৯)।
- আমি জীববিজ্ঞানকে পৃথিবী এবং এর সমস্ত প্রাণের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ইতিহাস হিসেবে সংজ্ঞায়িত করতে পছন্দ করি। জীববিজ্ঞান বোঝা মানে এটি বোঝা যে সমস্ত প্রাণ এই মাটির সাথে যুক্ত যেখান থেকে এর জন্ম; এটি বোঝা যে প্রাণের প্রবাহ এক অবিচ্ছেদ্য শক্তি, যদিও তা অগণিত এবং বৈচিত্র্যময় আলাদা আলাদা প্রাণ নিয়ে গঠিত।
- 'হিউম্যান বায়োলজি প্রজেক্টসের- মুখবন্ধ (১৯৬১)।
- জীববিজ্ঞানের যেকোনো ধারণা কেবল নিষ্ফলাই নয়, তা বিকৃত এবং অসত্য হবে যদি তার প্রাথমিক দৃষ্টি প্রাকৃতিক অবস্থার পরিবর্তে কৃত্রিম অবস্থার ওপর থাকে। অথচ মানুষের তৈরি নয় এমন বিশাল শক্তিগুলোই জীবনের প্রকৃতি ও গতিপথ নির্ধারণ করে।
- 'হিউম্যান বায়োলজি প্রজেক্টসের' মুখবন্ধ (১৯৬১)।
- 'সাইলেন্ট স্প্রিং' বইতে আমি যে সমস্যার কথা বলেছি তা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ও অবিবেচনাপ্রসূত ব্যবহার আমাদের এই জীবন্ত জগতকে ক্ষতিকর ও বিপজ্জনক পদার্থ দিয়ে কলুষিত করার একটি অংশ মাত্র। খুব সম্প্রতি পর্যন্ত গড়পড়তা নাগরিক মনে করত যে 'কেউ একজন' নিশ্চয়ই এসব বিষয় দেখাশোনা করছে এবং সুরক্ষামূলক ব্যবস্থাগুলো তার জীবনকে যেকোনো ক্ষতি থেকে রক্ষা করছে। এখন সে বিভিন্ন দিক থেকে তার এই বিশ্বাসের এক রূঢ় ভাঙন অনুভব করছে।
- 'সাইলেন্ট স্প্রিংয়ের' ওপর বিশেষ লেখা (ডিসেম্বর ১৯৬২)।
- আমি বিশ্বাস করি যে কেবল বৌদ্ধিক স্বাধীনতার পরিবেশেই আমরা আমাদের সামনের সমস্যাগুলো সমাধান করতে পারি।
- "মানুষ নিজের বিরুদ্ধে" (১৯৬৩)।
- আমার কাছে ডক্টর অ্যালবার্ট শোয়েিৎজার হলেন আমাদের আধুনিক সময়ের অন্যতম মহান ব্যক্তিত্ব।
- ভাষণ (১৯৬৩)।
- ইতিহাসের দিকে তাকালে আমি একটি সাদৃশ্য খুঁজে পাই। চার্লস ডারউইন যখন তাঁর বিবর্তনবাদ ঘোষণা করেছিলেন তখন যে হট্টগোল সৃষ্টি হয়েছিল তা মনে করুন। মানুষের পূর্ববর্তী রূপ থেকে উৎপত্তি হওয়ার ধারণাটি তীব্র আবেগের সাথে অস্বীকার করা হয়েছিল। অনেক বছর পর 'দ্য অরিজিন অফ স্পিসিসে' বর্ণিত ধারণাগুলো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ শিক্ষিত কোনো মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যে বিবর্তনের তথ্য অস্বীকার করবে। অথচ আমাদের মধ্যে অনেকেই এর স্পষ্ট উপসংহারটি অস্বীকার করি: মানুষও সেই একই পরিবেশগত প্রভাব দ্বারা প্রভাবিত হয় যা অন্য হাজার হাজার প্রজাতির জীবন নিয়ন্ত্রণ করে যাদের সাথে সে বিবর্তনের বন্ধনে আবদ্ধ।
- "আমাদের পরিবেশের দূষণ" (১৯৬৩)।
'দ্য সি অ্যারাউন্ড আস' (১৯৫১)
[সম্পাদনা]- মাছ এবং প্ল্যাঙ্কটন, তিমি এবং স্কুইড, পাখি এবং সামুদ্রিক কচ্ছপ। সবাই নির্দিষ্ট ধরণের পানির সাথে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ তা উষ্ণ বা শীতল পানি হোক, পরিষ্কার বা ঘোলা পানি হোক, কিংবা ফসফেট বা সিলিকেট সমৃদ্ধ পানিই হোক না কেন।
- অধ্যায় ২, পৃষ্ঠা ২৭
- মধ্য-আটলান্টিক শৈলশিরা বা মিড-আটলান্টিক রিজের সবচেয়ে তীক্ষ্ণ চূড়াগুলো হলো বিষুবরেখার নিকটবর্তী 'সেন্ট পল'স রকস' নামে পরিচিত ক্ষুদ্র দ্বীপপুঞ্জ। এই আধা ডজন দ্বীপের পুরো গুচ্ছটি এক মাইলের চার ভাগের এক ভাগের বেশি প্রশস্ত নয় এবং তাদের পাথুরে ঢালগুলো এত খাড়াভাবে নিচে নেমে গেছে যে উপকূল থেকে মাত্র কয়েক ফুট দূরেই পানির গভীরতা আধা মাইলেরও বেশি।
- অধ্যায় ৫, পৃষ্ঠা ৯০
- পলি বা তলানি হলো পৃথিবীর এক ধরণের মহাকাব্য।
- অধ্যায় ৬, পৃষ্ঠা ৯৮
- ১৯৫০ দশকটি সমুদ্র বিজ্ঞানের জন্য একটি রোমাঞ্চকর দশক। এই সময়ে মানুষবাহী যান সমুদ্রতলের গভীরতম গহ্বরে নেমেছে। এই দশকেই বরফের নিচ দিয়ে সাবমেরিন চলাচলের মাধ্যমে সম্পূর্ণ আর্কটিক অববাহিকা অতিক্রম করা সম্ভব হয়েছে। সমুদ্রের অদৃশ্য তলদেশের অনেক নতুন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, যার মধ্যে রয়েছে নতুন পর্বতশ্রেণী যা এখন বিশ্বের দীর্ঘতম এবং পরাক্রমশালী পর্বতশৃঙ্খল হিসেবে একে অপরের সাথে যুক্ত বলে মনে হয়। সমুদ্রে গভীর ও লুকানো নদী এবং উপ-পৃষ্ঠীয় স্রোত পাওয়া গেছে যার আয়তন হাজার হাজার মিসিসিপি নদীর সমান।
- যদিও প্রাকৃতিক সম্পদের রক্ষক হিসেবে মানুষের রেকর্ড হতাশাজনক, তবুও সমুদ্র অন্তত মানুষের পরিবর্তন বা কলুষিত করার ক্ষমতার বাইরে। এমন একটি বিশ্বাসে দীর্ঘদিন ধরে এক ধরণের স্বস্তি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিশ্বাসটি ছিল অপরিণত। পরমাণুর রহস্য উন্মোচন করতে গিয়ে আধুনিক মানুষ এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক পদার্থ, আণবিক বিভাজনের উপজাত বা বাই-প্রোডাক্ট নিয়ে এখন কী করা হবে? তাকে এই কঠিন সমস্যার মোকাবিলা করতে হচ্ছে যে, পৃথিবীটাকে বাসের অযোগ্য না করে সে কি এই প্রাণঘাতী পদার্থগুলো নিষ্কাশন করতে পারবে? সমুদ্রের বর্তমান বর্ণনায় এই অশুভ সমস্যার উল্লেখ না করলে তা অপূর্ণ থেকে যাবে। সমুদ্রের বিশালতা এবং এর আপাত দূরত্বের কারণে এটি বর্জ্য নিষ্কাশনকারীদের নজর কেড়েছে এবং খুব কম আলোচনা ও জনসচেতনতা ছাড়াই ১৯৫০-এর দশকের শেষের দিক পর্যন্ত সাগরকে পরমাণু যুগের দূষিত আবর্জনা পুঁতে ফেলার একটি "প্রাকৃতিক" কবরস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
- সত্য হলো এই যে, আমাদের জ্ঞানের চেয়ে বর্জ্য নিষ্কাশনের কাজ অনেক দ্রুতগতিতে এগিয়েছে। আগে নিষ্কাশন করা এবং পরে তদন্ত করা মানে হলো বিপর্যয়কে আমন্ত্রণ জানানো। কারণ তেজস্ক্রিয় উপাদান একবার সমুদ্রে জমা হলে তা আর পুনরুদ্ধার করা সম্ভব নয়। এখন যে ভুলগুলো হচ্ছে তা চিরকালের জন্য হয়ে যাচ্ছে।
- এটি একটি অদ্ভুত পরিস্থিতি যে, যে সমুদ্র থেকে প্রাণের উৎপত্তি হয়েছে, এখন সেই প্রাণেরই একটি রূপের (মানুষ) কর্মকাণ্ডের ফলে সমুদ্র হুমকির মুখে। সমুদ্র টিকে থাকবে ঠিকই, তবে কলুষিত রূপে; এই হুমকি আসলে প্রাণের অস্তিত্বের প্রতি।
- সমগ্র বিশ্বের জন্য মহাসাগর হলো তাপমাত্রার মহান নিয়ন্ত্রক এবং স্থিতিশীলকারী। একে সৌরশক্তির একটি 'সেভিংস ব্যাংক' হিসেবে বর্ণনা করা হয়েছে, যা অতিরিক্ত রোদ বা উত্তাপের মৌসুমে জমা রাখে এবং প্রয়োজনের সময় তা ফিরিয়ে দেয়। মহাসাগর না থাকলে আমাদের এই পৃথিবী অকল্পনীয় তীব্র তাপমাত্রার সম্মুখীন হতো।
- দিনে দিনে এবং ঋতুতে ঋতুতে মহাসাগরই বিশ্বের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।
- আমাদের নিজেদের জীবদ্দশায় আমরা জলবায়ুর এক চমকপ্রদ পরিবর্তন প্রত্যক্ষ করছি।
- অ-মানবিক জগতের ক্রিয়াকলাপও আর্কটিকের উষ্ণায়নকে প্রতিফলিত করে। অনেক মাছ, পাখি, স্থলের স্তন্যপায়ী প্রাণী এবং তিমির অভ্যাস ও পরিযায়ন বদলে গেছে।
ভাষণ (১৯৫৪)
[সম্পাদনা]'লস্ট উডস: দ্য ডিসকভারড রাইটিং অফ রেচেল কারসন' (১৯৯৮) থেকে
- সরকারের মৎস্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কাজে আমি যে পনেরো বছর কাটিয়েছি, তা আমাকে এমন কিছু জায়গায় নিয়ে গেছে যেখানে খুব কম নারীই যাওয়ার সুযোগ পেয়েছেন।
- সরকারের কাজে ঐতিহ্য গুরুত্বপূর্ণ, কিন্তু ভাগ্যক্রমে আমার কিছু সহযোগী ছিল যারা নজির ভাঙতে সাহায্য করতে ইচ্ছুক ছিল। কিন্তু আমার পুরুষ সহকর্মীদের কাছে জাহাজে ৫০ জন পুরুষের সাথে একজন নারীর থাকার চিন্তাটি ছিল অকল্পনীয়। অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নেওয়া হলো যে হয়তো দুজন নারী থাকলে ঠিক হবে, তাই আমি আমার এক বন্ধুকে (যিনি একজন লেখক ছিলেন) আমার সাথে যাওয়ার ব্যবস্থা করেছিলাম।
- স্থলভাগ থেকে অনেক দূরে একটি ছোট জাহাজ থেকে রাতের সমুদ্র দেখার অভিজ্ঞতা গভীরভাবে প্রভাব ফেলে। যখন আমি সেই অন্ধকার রাতে জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকতাম, চারপাশে বড় বড় ঢেউ আছড়ে পড়ত, তখন আমি আগের চেয়ে বেশি সচেতন হতাম যে আমাদের এই জগতটি আসলে পানির জগত, যা সমুদ্রের বিশালতা দিয়ে নিয়ন্ত্রিত।
- আমাদের মধ্যে যারা পৃথিবী এবং এর প্রাণ নিয়ে কাজ করি, তাদের একটি বৈশিষ্ট্য হলো আমরা কখনো বিরক্ত হই না। হওয়ার সুযোগ নেই। কারণ সবসময় নতুন কিছু না কিছু তদন্ত করার থাকে। প্রতিটি রহস্যের সমাধান আমাদের আরও বড় এক রহস্যের দ্বারে নিয়ে যায়...
- প্রকৃতির সংস্পর্শের আনন্দ বা মূল্য কেবল বিজ্ঞানীদের জন্য সংরক্ষিত নয়। এটি যে কারো জন্য উন্মুক্ত—সে নির্জন পাহাড়ের চূড়াই হোক, সমুদ্র হোক বা বনের নিস্তব্ধতা। এমনকি একটি বেড়ে ওঠা বীজের রহস্য নিয়ে ভাবলেও এই আনন্দ পাওয়া যায়।
- আজ রাতে আমি যখন বলছি যে কোনো ব্যক্তি বা সমাজের আধ্যাত্মিক বিকাশে প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রয়োজনীয় স্থান রয়েছে, তখন আমি 'ভাবপ্রবণ' হিসেবে গণ্য হতে ভয় পাই না। আমি বিশ্বাস করি, যখনই আমরা সৌন্দর্য ধ্বংস করি বা প্রকৃতির কোনো উপাবদলের বদলে মানুষের তৈরি কৃত্রিম কিছু বসাই, তখনই আমরা মানুষের আধ্যাত্মিক প্রগতির কিছু অংশকে পিছিয়ে দিই।
- মানুষ হিসেবে আমরা প্রাণের সামগ্রিক প্রবাহের অংশ।
- আমাদের উৎপত্তি এই পৃথিবী থেকে। আর তাই আমাদের মধ্যে প্রাকৃতিক মহাবিশ্বের প্রতি এক গভীর সাড়া রয়েছে, যা আমাদের মানবতারই অংশ।
- আমি বিশ্বাস করি নারীদের এটা উপলব্ধি করা জরুরি যে আজকের বিশ্ব সেই সৌন্দর্যকে ধ্বংস করার হুমকি দিচ্ছে যা আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে। নারীদের এই বিষয়ে এক ধরণের সহজাত অন্তর্দৃষ্টি রয়েছে। তারা তাদের সন্তানদের জন্য কেবল শারীরিক স্বাস্থ্য নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যও চায়।
- সৌন্দর্য এবং সৌন্দর্য থেকে আসা সমস্ত মূল্যবোধ ডলার দিয়ে পরিমাপ করা যায় না।
- পৃথিবীর বিস্ময় ও সৌন্দর্যের প্রতি গভীর অনুরাগ আমার জীবনের গতিপথকে প্রবলভাবে প্রভাবিত করেছে।
- পাখিদের পরিযায়নে, জোয়ার-ভাটার উত্থান-পতনে এবং বসন্তের জন্য প্রস্তুত কুঁড়ির মধ্যে এক প্রতীকী ও প্রকৃত সৌন্দর্য রয়েছে। প্রকৃতির এই বারবার ফিরে আসা রিদমগুলোর মধ্যে অসীম নিরাময় ক্ষমতা রয়েছে। এই নিশ্চয়তা যে রাতের পর ভোর আসে এবং শীতের পর বসন্ত।
'সাইলেন্ট স্প্রিং' (১৯৬২)
[সম্পাদনা]- পরিবেশের ওপর মানুষের সমস্ত আঘাতের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হলো বাতাস, মাটি, নদী এবং সমুদ্রকে বিপজ্জনক ও প্রাণঘাতী উপাদান দিয়ে দূষিত করা।
- অধ্যায় ২, পৃষ্ঠা ৬
- এটি বিশেষজ্ঞদের যুগ, যেখানে প্রত্যেকে কেবল নিজের সমস্যাটুকুই দেখে এবং সেই বৃহত্তর কাঠামো সম্পর্কে অসচেতন থাকে যার ভেতর তার সমস্যাটি খাপ খায়।
- অধ্যায় ২, পৃষ্ঠা ১৩
- পৃথিবীতে প্রাণের ইতিহাস হলো জীবন্ত জিনিসের সাথে তাদের পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার ইতিহাস। বর্তমান শতাব্দী বা সময়ের এই একটি মুহূর্তেই কেবল একটি প্রজাতি, মানুষ তার জগতকে পরিবর্তন করার উল্লেখযোগ্য ক্ষমতা অর্জন করেছে।
- সময় পেলে জীবন নিজেকে মানিয়ে নেয় এবং একটি ভারসাম্য অর্জিত হয়। সময়ের জন্য প্রয়োজন হাজার বছর। কিন্তু আধুনিক বিশ্বে কোনো সময় নেই।
- প্রতি বছর ৫০০টি নতুন রাসায়নিক পদার্থ তৈরি হচ্ছে যার সাথে মানুষ ও প্রাণীর শরীরকে মানিয়ে নিতে হচ্ছে—এই রাসায়নিকগুলো জৈবিক অভিজ্ঞতার সীমার সম্পূর্ণ বাইরে।
- এই বিষগুলোকে "কীটনাশক" বলা উচিত নয়, বরং বলা উচিত "প্রাণনাশক" ।
- এটা ভাবলে অবাক লাগে যে মানুষ পতঙ্গ মারার স্প্রে বেছে নেওয়ার মতো তুচ্ছ বিষয়ের মাধ্যমে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলছে। ভবিষ্যতের ঐতিহাসিকরা হয়তো আমাদের এই বিকৃত কাণ্ডজ্ঞান দেখে বিস্মিত হবেন। কীভাবে বুদ্ধিমান জীবেরা কয়েকটি অবাঞ্ছিত প্রজাতিকে নিয়ন্ত্রণ করার জন্য এমন পদ্ধতি বেছে নিতে পারে যা পুরো পরিবেশকে বিষাক্ত করে এবং নিজেদের জন্য রোগ ও মৃত্যু বয়ে আনে?
- অনেক প্রয়োজনীয় জ্ঞান এখন আমাদের হাতে আছে কিন্তু আমরা তা ব্যবহার করি না। আমরা বিশ্ববিদ্যালয়ে বাস্তুসংস্থানবিদদের প্রশিক্ষণ দিই, সরকারি সংস্থায় নিয়োগ দিই কিন্তু তাদের পরামর্শ নিই না। আমরা রাসায়নিক মৃত্যুর বৃষ্টি ঝরতে দিই যেন কোনো বিকল্প নেই, অথচ বাস্তবে অনেক বিকল্প আছে।
- ভবিষ্যৎ প্রজন্ম সম্ভবত প্রাণের আধার এই প্রাকৃতিক বিশ্বের অখণ্ডতা রক্ষায় আমাদের এই উদাসীনতাকে ক্ষমা করবে না।
- এটি শিল্পের দ্বারা নিয়ন্ত্রিত একটি যুগ, যেখানে যেকোনো মূল্যে ডলার উপার্জনের অধিকারকে খুব কমই চ্যালেঞ্জ জানানো হয়। যখন জনসাধারণ কীটনাশক ব্যবহারের ক্ষতিকর প্রভাব দেখে প্রতিবাদ করে, তখন তাদের অর্ধেক সত্যের "ট্রানকুইলাইজার" বা ঘুমের বড়ি খাওয়ানো হয়।
- আমরা এখন সেখানে দাঁড়িয়ে আছি যেখানে দুটি রাস্তা আলাদা হয়ে গেছে। রবার্ট ফ্রস্টের পরিচিত কবিতার রাস্তা দুটির মতো এরা সমান সুন্দর নয়। আমরা যে রাস্তায় দীর্ঘকাল ধরে ভ্রমণ করছি তা প্রতারণামূলকভাবে সহজ এবং মসৃণ সুপারহাইওয়ে যাতে আমরা খুব দ্রুত এগোচ্ছি, কিন্তু এর শেষ প্রান্তে রয়েছে বিপর্যয়। অন্য রাস্তাটি "কম ব্যবহৃত" আমাদের পৃথিবীকে রক্ষা করার একমাত্র সুযোগ দেয়। নির্বাচনটি আমাদেরই করতে হবে।
- পৃষ্ঠা ২৭৭
- 'প্রকৃতির নিয়ন্ত্রণ' কথাটি অহংকার থেকে জন্ম নেওয়া একটি বাক্য, যার জন্ম জীববিজ্ঞানের সেই আদিম যুগে যখন মনে করা হতো প্রকৃতি কেবল মানুষের সুবিধার জন্যই টিকে আছে। এটি আমাদের দুর্ভাগ্য যে একটি আদিম বিজ্ঞান নিজেকে আধুনিক ও ভয়াবহ মারণাস্ত্রে সজ্জিত করেছে এবং পতঙ্গদের বিরুদ্ধে সেগুলো প্রয়োগ করতে গিয়ে আসলে পৃথিবীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে।
স্ক্রিপস কলেজে ভাষণ (জুন ১৯৬২)
[সম্পাদনা]- মানুষ দীর্ঘকাল ধরে দম্ভের সাথে প্রকৃতি জয়ের কথা বলেছে। এখন সেই দম্ভ পূরণ করার ক্ষমতা তার হয়েছে। এটি আমাদের দুর্ভাগ্য। হয়তো এটিই আমাদের চূড়ান্ত ট্র্যাজেডি যে এই ক্ষমতা প্রজ্ঞার দ্বারা নিয়ন্ত্রিত হয়নি, বরং দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। মানুষের এই প্রকৃতি জয়ের মূল্য হতে পারে তার নিজেরই বিনাশ।
- ভূতাত্ত্বিক সময়ের বিশাল পটভূমিতে মানুষের পুরো যুগটি কেবল একটি মুহূর্ত মাত্র, কিন্তু কী এক অশুভ মুহূর্ত!
- কে জানত যে এই প্রাণীটি, যে একসময় গাছে থাকা ছেড়ে সোজা হয়ে হাঁটতে শুরু করেছিল এবং গুহায় লুকিয়ে থাকত, সে একদিন পৃথিবীর প্রকৃতি বদলে দেওয়ার ক্ষমতা অর্জন করবে? কে জানত যে তার মস্তিষ্ক তাকে এমন সব কাজ করার ক্ষমতা দেবে যা অন্য কোনো প্রাণী পারেনি, কিন্তু একইসাথে তাকে সেই প্রজ্ঞা দেবে না যা দিয়ে সে নিজের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারে যাতে সে নিজের ধ্বংস ডেকে না আনে?
- আমাদের এই পুরো পৃথিবীটা এখন অন্য এক তীরে পরিণত হয়েছে যেখান থেকে আমরা মহাশূন্যের অন্ধকার মহাসাগরের দিকে তাকিয়ে থাকি। আমরা জানি না নক্ষত্রদের মাঝে আমরা কী খুঁজে পাব, কিন্তু প্রাচীন ভাইকিং বা পলিনেশিয়ানদের মতো অজানার চ্যালেঞ্জ আমাদের প্রলুব্ধ করে।
- আমরা এখনো নিজেদের প্রকৃতির অধিপতি ভাবি। আমরা এখনো যথেষ্ট পরিপক্ব হতে পারিনি এটা বোঝার জন্য যে, আমরা এই বিশাল মহাবিশ্বের এক অতি ক্ষুদ্র অংশ। এই মহাবিশ্ব এক রহস্যময় এবং চমৎকার একত্বের বন্ধনে আবদ্ধ, যা লঙ্ঘন করলে আমরা বিপদে পড়ব।
- প্রকৃতিকে রক্ষা করা প্রয়োজন ঠিকই, কিন্তু মানুষেরও নিজের কর্মকাণ্ড থেকে সুরক্ষা প্রয়োজন, কারণ সে এই জীবন্ত পৃথিবীরই অংশ। প্রকৃতির বিরুদ্ধে তার যুদ্ধ আসলে নিজের বিরুদ্ধেই যুদ্ধ। তার অবিবেচনাপ্রসূত এবং ধ্বংসাত্মক কাজগুলো পৃথিবীর বিশাল চক্রে প্রবেশ করে এবং সময়ের ব্যবধানে তার কাছেই ফিরে আসে।
- আমরা প্রযুক্তির যুগে বাস করছি, যেখানে আমরা যদি জানি কোনো কাজ কীভাবে করতে হয়, তবে আমরা তা করে ফেলি। একবারও ভাবি না যে আমাদের সেটি করা উচিত কি না।
- প্রকৃতির ওপর আমাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার পরিবর্তে আমাদের মাঝে মাঝে নীরব থেকে শুনতে হবে প্রকৃতি আমাদের কী বলতে চায়।
উইমেন্স ন্যাশনাল প্রেস ক্লাবে ভাষণ (৫ ডিসেম্বর ১৯৬২)
[সম্পাদনা]- 'সাইলেন্ট স্প্রিং' বইতে আমি কখনোই পাঠককে কেবল আমার কথা বিশ্বাস করতে বলিনি। আমি স্পষ্টভাবে আমার উৎসগুলো উল্লেখ করেছি। আমি পাঠককে আমন্ত্রণ জানিয়েছি যেন সে আমার রিপোর্টের বাইরে গিয়ে পুরো চিত্রটি দেখে। আর এই কারণেই বইটিতে ৫৫ পৃষ্ঠার তথ্যসূত্র দেওয়া হয়েছে। আপনি যদি তথ্য গোপন করতে চান বা অর্ধেক সত্য বলতে চান, তবে এটি করা সম্ভব নয়।
- একসময় ধনী পরিবারগুলো বিশ্ববিদ্যালয়ের প্রধান দাতা ছিল, এখন শিল্পপ্রতিষ্ঠানগুলো সেই স্থান দখল করেছে। শিক্ষার ক্ষেত্রে এই সহায়তা ভালো বিষয়, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে কীটনাশক উৎপাদনকারীদের অর্থায়নে পরিচালিত গবেষণা কখনোই কীটনাশকের ক্ষতিকর প্রভাবগুলো খুঁজে বের করতে আগ্রহী হবে না।
- যখন কোনো বৈজ্ঞানিক সংস্থা কথা বলে, তখন আমরা কার কণ্ঠস্বর শুনতে পাই। বিজ্ঞানের নাকি সেই শিল্পের? জনসাধারণ মনে করে তারা বিজ্ঞানের কথা শুনছে, কিন্তু বাস্তবতা হয়তো ভিন্ন।
- শিল্পপ্রতিষ্ঠানগুলো কি এমন এক ছাঁকনিতে পরিণত হচ্ছে যার মধ্য দিয়ে তথ্যগুলো ফিল্টার হয়ে আসে? কঠিন এবং অস্বস্তিকর সত্যগুলো কি আটকে রাখা হচ্ছে এবং কেবল ক্ষতিকর নয় এমন অংশগুলোই কি জনসাধারণের কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছে?
গার্ডেন ক্লাব অফ আমেরিকা-তে ভাষণ (৮ জানুয়ারি ১৯৬৩)
[সম্পাদনা]- অনাকাঙ্ক্ষিত প্রজাতি নিয়ন্ত্রণের জন্য একটি সুস্থ নীতি তৈরির লড়াই দীর্ঘ এবং কঠিন হবে। 'সাইলেন্ট স্প্রিং' প্রকাশ হওয়াই এই লড়াইয়ের শুরু বা শেষ নয়।
- সবচেয়ে আশার বাণী হলো জনসাধারণের প্রবল আগ্রহ এবং উদ্বেগ। মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে এবং স্প্রে করার কর্মসূচিতে অন্ধভাবে রাজি হওয়ার পরিবর্তে সঠিক উত্তর দাবি করছে।
- সর্বোপরি, কীটনাশক উৎপাদনকারী এবং শিল্প-সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে আসা প্রচারণার জোয়ারে আমাদের বিভ্রান্ত হওয়া চলবে না।
- আমরা এমন এক ভয়াবহ পরীক্ষা চালাচ্ছি যা আগে কখনো করা হয়নি। আমরা পুরো জনপদকে এমন রাসায়নিকের সংস্পর্শে নিয়ে আসছি যা অত্যন্ত বিষাক্ত এবং যার প্রভাব দীর্ঘস্থায়ী। এই সংস্পর্শ জন্ম নেওয়ার আগে থেকেই শুরু হচ্ছে এবং জীবনভর চলছে। এর ফলাফল কী হবে তা কেউ জানে না।
অডুবন মেডেল গ্রহণকালে ভাষণ (১৯৬৩)
[সম্পাদনা]- আমরা সবাই একটি সাধারণ উদ্দেশ্যে ঐক্যবদ্ধ। এটি একটি গর্বিত উদ্দেশ্য এবং এই জ্ঞান আমাদের আশ্বস্ত করে যে আমাদের প্রচেষ্টায় পৃথিবী আরও সুন্দর হবে। এটি এমন এক কাজ যার কোনো শেষ নেই; কোনো এক সময়ে আমরা বলতে পারব না যে "আমাদের কাজ শেষ"।
- কয়েক দশকের ব্যবধানে দৃশ্যপট এবং কুশীলবরা বদলে যায়, কিন্তু মূল বিষয়টি একই থাকে কতিপয় মানুষের লোভ এবং অদূরদর্শিতা যারা বৃহত্তর জনগোষ্ঠীকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চায়। তারা সবসময় এই মিথ্যা আশ্বাস দেয় যে, যা অর্থনৈতিকভাবে লাভজনক তা জাতি এবং মানবতার জন্য ভালো।
- আজকের সংকট অতীতের চেয়ে অনেক বেশি জরুরি কারণ মানুষের জনসংখ্যা অবিশ্বাস্যভাবে বেড়েছে। মানুষের চাহিদা বাড়ার ফলে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের অংশ কমে যাচ্ছে। পরিষ্কার পানি, নির্মল বাতাস এবং অস্পৃশ্য বরণভূমি আজ কমে আসছে।
পরিবেশগত বিপদ: কীটনাশক ও অন্যান্য রাসায়নিক বিষ নিয়ন্ত্রণ (কংগ্রেসের সামনে বিবৃতি, ৪ জুন ১৯৬৩)
[সম্পাদনা]- ক্ষতিকর পদার্থ দিয়ে পরিবেশকে দূষিত করা আধুনিক জীবনের অন্যতম প্রধান সমস্যা। বাতাস, পানি এবং মাটির জগত কেবল লক্ষ লক্ষ প্রাণীকে নয়, মানুষকেও বাঁচিয়ে রাখে। অতীতে আমরা প্রায়ই এই সত্যটি উপেক্ষা করেছি।
- আমরা এমন প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছি যা এক প্রজন্ম আগেও অকল্পনীয় ছিল। আমরা খুব দ্রুত নাটকীয় সব কাজ করতে পারি; কিন্তু যখন এর ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দৃশ্যমান হয়, তখন অনেক দেরি হয়ে যায় এবং আমাদের কর্মকাণ্ড আর সংশোধন করা সম্ভব হয় না।
- আমার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক যে, এই রাসায়নিকগুলো অশিক্ষিত বা এমনকি মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তিরাও কিনে ব্যবহার করতে পারে। আমরা ওষুধের বিক্রিতে অনেক বেশি কড়াকড়ি করি, অথচ এই বিষগুলো শক্তিশালী মেশিনের মাধ্যমে বাতাসে ছিটানো হচ্ছে!
'দ্য সেন্স অফ ওয়ান্ডার' (১৯৬৫)
[সম্পাদনা]- যদি একটি শিশু পরীদের থেকে কোনো উপহার ছাড়াই তার সহজাত বিস্ময়বোধকে বাঁচিয়ে রাখতে চায়, তবে তার অন্তত একজন প্রাপ্তবয়স্ক সঙ্গীর প্রয়োজন যে তার সাথে এই জগতের আনন্দ, উত্তেজনা এবং রহস্য নতুন করে আবিষ্কার করতে পারবে।
- পৃষ্ঠা ৫৫
- শিশুর পৃথিবী সতেজ, নতুন এবং সুন্দর, বিস্ময় আর উত্তেজনায় ভরপুর। এটি আমাদের দুর্ভাগ্য যে আমাদের অধিকাংশের জন্য সেই স্বচ্ছ দৃষ্টি এবং সুন্দরের প্রকৃত সহজাত প্রবৃত্তি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ঝাপসা হয়ে যায়, এমনকি হারিয়ে যায়। যদি সব শিশুর নামকরণ অনুষ্ঠানের অধিষ্ঠাত্রী পরীর ওপর আমার প্রভাব থাকত, তবে আমি চাইতাম প্রতিটি শিশুর জন্য তার উপহার হোক এমন এক 'বিস্ময়বোধ' যা হবে অক্ষয়। যা পরবর্তী জীবনের একঘেয়েমি ও মোহভঙ্গের বিরুদ্ধে, কৃত্রিম জিনিসের প্রতি অনুরক্তি এবং আমাদের শক্তির উৎস থেকে বিচ্ছিন্ন হওয়ার বিরুদ্ধে এক অব্যর্থ প্রতিষেধক হিসেবে কাজ করবে।
- আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে একটি শিশুর জন্য এবং তাকে পথ দেখানো অভিভাবকের জন্য—তথ্য জানার চেয়ে অনুভব করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি তথ্যগুলো হয় বীজ যা পরে জ্ঞান ও প্রজ্ঞা তৈরি করবে, তবে আবেগ এবং ইন্দ্রিয়জাত অনুভূতিগুলো হলো সেই উর্বর মাটি যেখানে বীজগুলো বেড়ে উঠবে। শৈশবের প্রথম বছরগুলো হলো সেই মাটি প্রস্তুত করার সময়। একবার যদি আবেগগুলো জেগে ওঠে—সুন্দরের প্রতি বোধ, নতুন ও অজানার উত্তেজনা, সহানুভূতি, মায়া, শ্রদ্ধা বা ভালোবাসা—তখনই আমরা সেই বিষয়ের ওপর জ্ঞান অর্জনের তৃষ্ণা অনুভব করি। আর একবার সেই জ্ঞান খুঁজে পেলে তার এক স্থায়ী তাৎপর্য তৈরি হয়। একটি শিশুকে তথ্য গিলিয়ে দেওয়ার চেয়ে তার মধ্যে জানার পথ তৈরি করে দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।
- বনে হাঁটার জন্য একটি বৃষ্টির দিন হলো উপযুক্ত সময়। আমি সবসময়ই এমনটা ভেবেছি; মেইনের বনগুলোকে বৃষ্টির দিনে যতটা সতেজ এবং জীবন্ত মনে হয়, অন্য কোনো সময় তেমনটা মনে হয় না। তখন চিরহরিৎ বৃক্ষের প্রতিটি সুঁই যেন রূপালি রঙের আবরণ পরে থাকে; ফার্নগুলো ক্রান্তীয় সতেজতায় বেড়ে ওঠে এবং প্রতিটি পাতার কিনারে স্ফটিকের মতো পানির ফোঁটা জমে থাকে। হলদেটে, কমলা বা লাল রঙের বিচিত্র সব ছত্রাক ঝরা পাতার স্তূপ ভেদ করে বেরিয়ে আসে এবং লাইকেন ও শৈবালগুলো সবুজ আর রূপালি সতেজতায় প্রাণ ফিরে পায়।
- যারা পৃথিবীর সৌন্দর্য ও রহস্যের মধ্যে বসবাস করেন। তারা বিজ্ঞানী হন বা সাধারণ মানুষ তারা কখনোই একা নন বা জীবনের প্রতি ক্লান্ত নন। তাদের ব্যক্তিগত জীবনে যত জ্বালা বা দুশ্চিন্তাই থাকুক না কেন, তাদের চিন্তা এমন সব পথের সন্ধান পায় যা অন্তরের প্রশান্তি এবং নতুন করে বাঁচার উদ্দীপনা জোগায়। যারা পৃথিবীর সৌন্দর্য নিয়ে ভাবেন, তারা শক্তির এমন এক ভাণ্ডার খুঁজে পান যা জীবন থাকা পর্যন্ত ফুরিয়ে যায় না।
চিঠিপত্র থেকে
[সম্পাদনা]- আমাকে একটি গভীর বিশ্বাসের কথা বলতে হবে: যতক্ষণ না আমরা নিষ্ঠুরতাকে তার প্রকৃত রূপে চেনার সাহস অর্জন করব। শিকার মানুষ হোক বা প্রাণী, ততক্ষণ আমরা এই বিশ্বের উন্নতির আশা করতে পারি না। এখানে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। যেসব মানুষের হৃদয় কোনো জীবন্ত প্রাণীকে হত্যা করে আনন্দ পায়, তাদের মধ্যে শান্তি থাকতে পারে না। প্রতিটি কাজ যা এই হত্যা করার মূর্খতাপূর্ণ আনন্দকে মহিমান্বিত করে বা সহ্য করে, তা মানবতার অগ্রগতিকে পিছিয়ে দেয়।
- ফন বোর্ডম্যানকে লেখা চিঠি (১৯৫৩)।
- আমি শুধু এটুকু নিশ্চিত জানি: আমার জন্য এটা জানা খুব প্রয়োজন যে এমন কেউ আছে যে আমাকে মানুষ হিসেবে গভীরভাবে ভালোবাসে এবং যার সেই সক্ষমতা ও বোধের গভীরতা আছে যাতে সে সৃজনশীল কাজের মাঝে মাঝে চেপে আসা অসহ্য বোঝাটি ভাগ করে নিতে পারে। (১৯৫৪)
- আর বিষয়টি এমনই আমরা সবসময় মনে করি আমাদের সমস্যাগুলো কেবল আমাদেরই, কিন্তু পরে আবিষ্কার করি যে আরও কত মানুষ ঠিক একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আর লেখালেখির সময় আমি নিজে যতটা কষ্ট পাই, ভার্জিনিয়া উলফ যে যন্ত্রণার কথা বর্ণনা করেছেন তার তুলনায় আমারটা অনেক সহজ মনে হয়! (১৯৫৫)
কারসন সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- সাধারণ পাঠকদের কাছে বিজ্ঞানকে কীভাবে সহজবোধ্য করে ব্যাখ্যা করতে হয়, তা তিনি জানতেন। তিনি এটিও জানতেন যে, আপনি যদি কোনো কিছুকে ভালো না বাসেন তবে আপনি তা রক্ষা করবেন না। আর প্রকৃতির প্রতি তাঁর সেই ভালোবাসা তাঁর প্রতিটি লেখায় ফুটে ওঠে।
- মার্গারেট অ্যাটউড, "রেচেল কারসন অ্যানিভার্সারি" (২০১২)।
- আমি নিজেও জানতাম না যে বিশ্বজুড়ে মহাসাগরগুলো এক চরম বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। আমি একাই যে জানতাম না তা নয়। ১৯৫১ সালেই কারসন লিখেছিলেন: "মানুষ অবশেষে সমুদ্রের কাছে ফিরে এসেছে... তবুও সে তার মা-সমুদ্রের কাছে ফিরেছে কেবল সমুদ্রের নিজস্ব শর্ত মেনেই। সে মহাসাগরকে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারে না যেমনটি সে তার সংক্ষিপ্ত অবস্থানে মহাদেশগুলোতে করেছে।"
- সিলভিয়া আর্ল, 'দ্য ওয়ার্ল্ড ইজ ব্লু' (২০০৯)।
- পরিবেশ আন্দোলনের ঐতিহাসিক সূচনা নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। কেউ কেউ ১৯৬২ সালে কারসনের 'সাইলেন্ট স্প্রিং' প্রকাশনাকে এর শুরু বলেন। এই যুগান্তকারী বইয়ের মাধ্যমে কারসন রাসায়নিক শিল্পের অনাকাঙ্ক্ষিত পরিণতি সম্পর্কে বিশ্বকে সতর্ক করেছিলেন, যার ফলে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ডিডিটি নিষিদ্ধ হয়।
- ডিনা গিলিও-হুইটেকার, 'অ্যাজ লং অ্যাজ গ্রাস গ্রোজ' (২০১৯)।
- ১৯৬২ সালে কারসন আমাদের সতর্ক করেছিলেন যে আমরা আমাদের গ্রহের ভয়াবহ ক্ষতি করছি। আজ এর অবস্থা কতটা খারাপ হয়েছে দেখলে তিনি হয়তো কাঁদতেন। কারসনের সময়ে যে কীটনাশক ও সারের সমস্যাগুলো তিনি তুলে ধরেছিলেন তা এখন আরও তীব্র হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৩০ লক্ষ টন কীটনাশক পরিবেশে মিশছে। কারসনের সময়ের চেয়ে বর্তমানে ব্যবহৃত অনেক কীটনাশক পোকামাকড়ের জন্য কয়েক হাজার গুণ বেশি বিষাক্ত।
- ডেভ গুলসন, গ্রেটা থুনবার্গের সম্পাদিত 'দ্য ক্লাইমেট বুক' (২০২২)।
- তিনি ১৯০৭ সালে শিল্প বিপ্লবের চরম সময়ে পিটসবার্গের কাছে স্প্রিংডেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। নিজের বেডরুমের জানালা দিয়ে তিনি আমেরিকান গ্লু ফ্যাক্টরি থেকে নির্গত ধোঁয়া দেখতে পেতেন, যেখানে ঘোড়া জবাই করা হতো। এই দৃশ্যগুলো হয়তো তাঁর পরিবেশবাদী চেতনার অবচেতনে প্রভাব ফেলেছিল।
- এলাইজা গ্রিসওয়াল্ড, 'নিউ ইয়র্ক টাইমস' (২০১২)।
- রবিন ওয়াল কিমারার বলেন যে তিনি কারসনকে একজন অগ্রগামী নারী বিজ্ঞানী হিসেবে শ্রদ্ধা করেন, যিনি "নিজের অর্জিত জ্ঞানকে সেই জ্ঞানের প্রতি দায়বদ্ধতার সাথে যুক্ত করেছিলেন।"
- 'দ্য গার্ডিয়ান' (২০২৪)।
- এটি ছিল রেচেল কারসনের কাজ যা ডিডিটি-দূষিত কেঁচোদের মাধ্যমে মাটির গভীর থেকে সমস্যাগুলো তুলে এনেছিল। তাঁর বর্ণনাধর্মী গদ্য এবং প্রামাণ্যচিত্রগুলো নির্দিষ্ট প্রাণী ও স্থানের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে অনুপ্রাণিত করেছিল।
- নাওমি ক্লেইন, 'দিস চেঞ্জেস এভরিথিং' (২০১৪)।
- ১৯৬২ সালে 'সাইলেন্ট স্প্রিং' প্রকাশনা এবং ১৯৬৯ সালের সান্তা বারবারা তেল নিঃসরণ ঘটনা উত্তর আমেরিকার পরিবেশবাদকে এক নতুন রূপ দিয়েছিল। এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ডের মতো গোষ্ঠীগুলো কারসনের সতর্কতা মেনে ডিডিটি নিষিদ্ধ করার লড়াইয়ে আইনি লড়াই শুরু করে, যার ফলে টাক ঈগলসহ অনেক পাখির প্রজাতি বিলুপ্তি থেকে রক্ষা পায়।
- নাওমি ক্লেইন, 'দিস চেঞ্জেস এভরিথিং' (২০১৪)।
- আমরা যদি খুব ধীরে বাতাসে CO₂ যোগ করতাম, তবে শিলার ক্ষয় হওয়ার মতো ভূ-প্রাকৃতিক প্রক্রিয়াগুলো সমুদ্রের অম্লকরণকে রুখে দিতে পারত। কিন্তু বর্তমানে সবকিছু এত দ্রুত ঘটছে যে প্রকৃতি তাল মেলাতে পারছে না। কারসন যেমনটা বলেছিলেন: "সময় হলো অপরিহার্য উপাদান, কিন্তু আধুনিক বিশ্বে কোনো সময় নেই।"
- এলিজাবেথ কোলবার্ট, 'দ্য সিক্সথ এক্সটিংশন' (২০১৫)।
- মানুষ যেমন ধ্বংসাত্মক হতে পারে, তেমনি তারা পরোপকারীও হতে পারে। বারবার মানুষ প্রমাণ করেছে যে তারা কারসনের বলা সেই "অন্যান্য প্রাণীদের সাথে আমাদের পৃথিবী ভাগ করে নেওয়ার সমস্যা" নিয়ে সচেতন। সাইলেন্ট স্প্রিং সিন্থেটিক কীটনাশকের বিপদ উন্মোচন করেছিল এবং এক দশকের মধ্যেই ডিডিটি নিষিদ্ধ হয়েছিল।
- এলিজাবেথ কোলবার্ট, 'দ্য সিক্সথ এক্সটিংশন' (২০১৫)।
- ১৯৬২ সালে 'সাইলেন্ট স্প্রিং' প্রকাশের পর কারসন আমেরিকানদের প্রকৃতির ওপর তাদের নির্ভরশীলতা নিয়ে ভাবতে বাধ্য করেছিলেন। দীর্ঘকাল ধরে যারা প্রকৃতি নিয়ন্ত্রণের ব্যবসা করছিল, সেই কীটনাশক উৎপাদনকারীরা তাঁকে আক্রমণ করে এবং তাঁকে একজন "হিস্টেরিক্যাল নারী" হিসেবে অভিহিত করে তাঁর বিজ্ঞান ও চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল।
- গ্লেন শেরার এবং মার্টি ফ্লেচার, 'হু অন আর্থ ইজ রেচেল কারসন?' (২০০৯)।
- রেচেল কারসনের 'সাইলেন্ট স্প্রিং' পরিবেশগত ন্যায়বিচারের একটি আকর গ্রন্থ। ১৯৬০-এর দশকের শুরুতে একজন নারী বিজ্ঞানী হিসেবে তিনি দেখিয়েছিলেন যে পৃথিবী একটি জীবন্ত ব্যবস্থা এবং মানুষের অদূরদর্শিতার ফল অনেক ভয়াবহ হতে পারে।
- মেলিসা টাকি, 'ঘোস্ট ফিশিং' (২০১৮)।
- আমি রেচেল কারসনের 'সাইলেন্ট স্প্রিং' দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলাম। এটি হয়তো এমন একটি বই যার ওপর ভিত্তি করে মানবজাতির টিকে থাকা বা পতন নির্ভর করবে।
- ই. বি. হোয়াইট, 'দ্য প্যারিস রিভিউ' সাক্ষাৎকার (১৯৬৯)।
- কারসনের কৃতিত্ব ছিল সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানকে একটি একক ইমেজে সংশ্লেষিত করা যা বিজ্ঞানী এবং সাধারণ মানুষ সবাই সহজে বুঝতে পারে। আজও আমরা বায়ু ও পানি দূষিত করছি, তবে কারসন বইটি না লিখলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো।
- ই. ও. উইলসন, 'সাইলেন্ট স্প্রিংয়ের' উত্তরকথায়।
- সাম্প্রতিক বছরগুলোতে "ইকোলজি" বা বাস্তুসংস্থান শব্দটির উল্লেখ ছাড়া মানুষের সাথে প্রকৃতির সম্পর্কের কথা বলা অসম্ভব হয়ে পড়েছে। রেচেল কারসনের মতো বিজ্ঞানীরা আমাদের সময়ের নতুন পথপ্রদর্শক হয়ে উঠেছেন। তাঁদের বিজ্ঞানের শাখা এতই প্রভাবশালী হয়ে উঠেছে যে আমাদের সময়কে "বাস্তুসংস্থানের যুগ" বলা যেতে পারে।
- ডোনাল্ড ওরস্টার, 'নেচার'স ইকোনমি' (১৯৯৪)।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় র্যাচেল কারসন সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
- RachelCarson.org রেচেল কারসনের জীবন ও উত্তরাধিকার
- রেচেল কারসন বন্যপ্রাণী অভয়ারণ্য
- টাইম ম্যাগাজিনের "১০০ জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি" নিবন্ধে কারসন
- সাইলেন্ট স্প্রিং ইনস্টিটিউট পরিবেশ এবং নারীদের স্বাস্থ্য, বিশেষ করে স্তন ক্যান্সার নিয়ে গবেষণা
- দ্য মস্কুইটো কিলার
- 'নিউ ইয়র্ক টাইমস'-এ প্রকাশিত শোকসংবাদ
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯০৭-এ জন্ম
- ১৯৬৪-এ মৃত্যু
- মার্কিন যুক্তরাষ্ট্রের নারী শিক্ষাবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশবাদী
- মার্কিন যুক্তরাষ্ট্রের জীববিজ্ঞানী
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণীবিজ্ঞানী
- সরকারি কর্মকর্তা
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসবিটারিয়ান
- পেনসিলভেনিয়ার ব্যক্তি
- ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড বিজয়ী
- প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রাপক
- মার্কিন যুক্তরাষ্ট্রের নারী বিজ্ঞানী
- ১৯০০-এর দশকে জন্মানো নারী
- জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী