বিষয়বস্তুতে চলুন

স্বদেশী আন্দোলন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

স্বদেশী আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি অংশ। স্বদেশী আদর্শে উদ্বুদ্ধ এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে ব্রিটিশ শক্তিকে ক্ষতিগ্রস্ত করে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদসাধন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নতিসাধন। আন্দোলনের রণকৌশলের অন্তর্গত ছিল ব্রিটিশ পণ্য বয়কট এবং দেশীয় শিল্প ও উৎপাদন প্রক্রিয়ার উন্নতিসাধন।

উক্তি

[সম্পাদনা]
  • স্বদেশী আন্দোলনের সাফল্য যদি বলি বঙ্গভঙ্গ রদ করায়, তাহলে সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে যে, ওই আন্দোলনের ব্যর্থতা হচ্ছে সাম্প্রদায়িকতার অগ্রযাত্রার পথকে প্রশস্ত করে দেওয়ায়।
    • সিরাজুল ইসলাম চৌধুরীজাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি ১৯০৫-১৯৪৭, প্রকাশক: সংহতি প্রকাশন, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬, পৃষ্ঠা: ৩৪-৩৫
  • মাতৃভাষাচর্চার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী অবশ্য ছিলেন রবীন্দ্রনাথই। শুরুতেই স্বদেশী আন্দোলনের সঙ্গে তাঁর সংযুক্ততা আমরা দেখেছি। কিন্তু বেশী দিন তিনি এর সঙ্গে থাকতে পারেন নি। মাস তিনেকের মধ্যেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। এর কারণ মনে হয় আন্দোলনের উগ্রতা, যে-উগ্রতা, তাঁর আশঙ্কা ছিল, ধ্বংস করবে যত ততটা সৃষ্টি করতে পারবে না। বিদেশী পণ্য বয়কটের নামে কাপড় পোড়ানো, গরীব মানুষকে কমদামী পণ্যের বদলে বেশী দামের ও নিম্নমানের স্বদেশী পণ্য কেনানোর জবরদস্তি তাঁর পছন্দ হয় নি।
    • সিরাজুল ইসলাম চৌধুরীজাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি ১৯০৫-১৯৪৭, প্রকাশক: সংহতি প্রকাশন, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬, পৃষ্ঠা: ২২
  • স্বদেশী আন্দোলনের প্রথমদিকে এক সময়ের শ্রমিক নেতা এবং পরবর্তীতে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী র‍্যামজে ম্যাকডোনাল্ড ভারতে এসেছিলেন, বাংলায় আন্দোলনকারীদের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে, এবং তাঁর মনে হয়েছে এঁরা খুবই ভালো বক্তা এবং অত্যন্ত সরব লেখক, তবে যথার্থ নেতা নন, কেননা মানুষকে কোন দিকে নিয়ে যাবেন সেটা তাঁরা জানেন না। তবে তিনি এটা পরিষ্কার টের পেয়েছেন যে, স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে বাংলা সারা ভারতকে আদর্শায়িত করে তুলছে, এবং জাতীয়তাবাদকে 'রূপান্তরিত করছে ধর্মে, গানেকবিতায়, চিত্রকলায় ও সাহিত্যে'। দেখেছেন যে, বঙ্গভূমি থেকে "ধর্মের অসংখ্য স্রোতস্বিনী সবেগে প্রবাহিত হচ্ছে যারা সবাই জাতীয়তাবাদী চেতনাকে পুনরুজ্জীবিত ও প্রাণবন্ত করে তুলছে।" তিনি যে অতিরঞ্জন করেছেন এমন বলা যাবে না।
    • সিরাজুল ইসলাম চৌধুরীজাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি ১৯০৫-১৯৪৭, প্রকাশক: সংহতি প্রকাশন, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬, পৃষ্ঠা: ৩২

বহিঃসংযোগ

[সম্পাদনা]