বিষয়বস্তুতে চলুন

হাসান ফকরী

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

হাসান ফকরী (জন্ম: ৭ অক্টোবর, ১৯৫২) বাংলাদেশের একজন কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি ১৯৯৩ সালে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার অর্জন করেন।

উক্তি

[সম্পাদনা]

দেশটা কি তোর বাপের

[সম্পাদনা]
  • দেশটা কি তোর বাপের?
    ধমক দিয়ে বললেন এক
    নেতা বড় মাপের
    দেশটা কি তোর বাপের?

    ধমক শুনে থমকে গিয়ে
    মুখে দিলাম কুলুপ
    যেমন খুশি চলুক না দেশ
    চুপ আমি নিশ্চুপ।

    নির্বাচনে ভোট না পড়ুক
    গায়ের জোরে সংসদ গড়ুক
    নিত্য পণ্যের মূল্য বাড়ুক
    নেশাখোরে দেশটা ভরুক।

    শিক্ষালয়ে অস্ত্র থাকুক
    লেখাপড়া লাটে উঠুক
    খুন ধর্ষণ ঘটে ঘটুক
    মা-বোনরা মাথা কুটুক।
    • "দেশটা কি তোর বাপের" কবিতা থেকে
  • প্রতিবাদের শব্দ যেখানে স্তব্ধ
    ভাষা রুদ্ধ
    সেখানে আমার প্রতিবাদের নাম
    যুদ্ধ, শ্ৰেণী যুদ্ধ

    বলিতে পারিনা মানিনা মানিনা
    অন্যায় জুলুম মানিনা
    কাগজে-দেয়ালে মনোকষ্টের
    কথাও লিখিতে পারিনা
    বলিলে লিখিলে যেখানে আমাকে
    হতে হয় কারারুদ্ধ
    সেখানে আমার প্রতিবাদের নাম
    যুদ্ধ, শ্ৰেণী যুদ্ধ।
    • "আমার প্রতিবাদের নাম" কবিতা থেকে
  • কবিতা নিয়ে ভাবছি শুধু
    কবিতা আসে না মগজে
    অথচ লিখেছি ভুরি ভুরি কতো
    ইচ্ছে মতো সহজে।
    কবিতা এখন আজব এদেশ
    উন্নয়নের দিই দোহাই
    কবিতা এখন কন্যা দিয়ে
    কৃষকরা পায় ঋণ রেহাই।
    কবিতা এখন ডেঙ্গু রোগে
    আক্রান্ত শিশুর চোখ
    কবিতা এখন হাহাকার করা
    মৃত খোকার মায়ের বুক ।
    কবিতা এখন বেতন বোনাস
    বঞ্চিতদের হা-হুতাশ
    কবিতা এখন ভুখা পেটের
    শ্রমজীবীর দীর্ঘশ্বাস।
    কবিতা এখন পিতার খোঁজে
    প্লেকার্ড হাতে শিশুর দল
    কবিতা এখন ছেলেহারা
    দুঃখিনী মা'র চোখের জল।
    • "কবিতা এখন" কবিতা থেকে
  • এই কথাটা পাক্কা
    স্বৈরশাসক উৎক্ষাতে চাই
    বিপ্লবীদের ধাক্কা
    এই কথাটা পাক্কা।

    এই কথাটা পাক্কা
    ভোট-ব্যালটে মুক্তি নেই, চাই
    গণযুদ্ধের ধাক্কা
    এই কথাটা পাক্কা।

    এই কথাটা পাক্কা
    পুঁজিতন্ত্র খতম করে
    সমাজতন্ত্রের ধাক্কা
    এই কথাটা পাক্কা।

    এই কথাটা পাক্কা
    শ্রেণী শোষণ বিলোপে চাই
    শ্রেণী যুদ্ধের ধাক্কা
    এই কথাটা পাক্কা।

    এই কথাটা পাক্কা
    শোষণবাদকে রুখতে পারে
    মাওবাদীদের ধাক্কা
    এই কথাটা পাক্কা।
    • "ধাক্কা" কবিতা থেকে
  • পিছু হটার উপায় নেই আর
    দেয়ালে পিঠ ঠেকছে তোমার
    মরবে নাকি বাঁচবে তুমি
    ভাবছো অনুক্ষণ?
    বলছি আমি বাঁচবে তুমি
    করো আক্রমণ।

    ভাবছো কী লাভ বেঁচে থেকে
    পুত্রকন্যা ভুখা দেখে
    ভাবছো না কেন শোষক তোমার
    নিচ্ছে কেড়ে ধন
    বলছি আমি বাঁচবে তুমি
    করো আক্রমণ।
    • "আক্রমণ" কবিতা থেকে
  • মুদীখানার চোঁতা দেখে
    তেল-নুন-ডাল নিচ্ছো গুণে
    হিসেবে নেই ক'জন গেলো
    ক্রসফায়ারে-গুমে খুনে।

    পিয়াজ-রসুন-আদার হিসেব
    ভালোই তুমি করবে পারো
    এদিক ওদিক হলে পরে
    দোকানদারের কলার ধরো।

    মশলাপাতি নুনের চেয়ে
    মানুষ যদি দামী মানো
    গুম-খুনের কসাইখানা
    রাষ্ট্রযন্ত্রে আঘাত হানো।
    • "লালবার্তা" কবিতা থেকে
  • দেশটা বড় অদ্ভুত
    চাইলে পরে রিমান্ড মঞ্জুর
    অর্ডারশীটও প্রস্তুত
    দেশটা বড় অদ্ভুত!

    কে ছাত্র কে শিল্পী কবি
    কে তরুণ কে তরুণী
    ওসব পরে দেখা যাবে
    আগে দরকার পিটুনি।

    গরম জলে চুবায় ভাসায়
    নখগুলোতে সুঁই ঢুকায়
    উল্টো করে ঝুলিয়ে ফ্যানে
    লাঠি পিটায় সর্বগায়।

    হাজার পাওয়ার লাইট জ্বালিয়ে
    সিদ্ধ করে শরীরটা
    ইলেকট্রিক সক দিয়ে কয়-
    ‘মুখস্থ কর বলছি যা'।
    • "রিমান্ড সমাচার" কবিতা থেকে
  • বন্দুককে রুখতে হলে বন্দুক ধরো
    যুদ্ধ দিয়ে যুদ্ধকে বিলোপ করো
    তোমার আমার শ্রেণীশত্রু
    অস্ত্রবাজকে খতম করো
    অস্ত্র ধরো
    অস্ত্র ধরো যুদ্ধ করো অস্ত্র ধরো॥

    গুটিকয়েক স্বার্থান্বেষী অস্ত্র বলে
    রাষ্ট্রটাকে রাখছে ওদের ভোগ দখলে,
    অসুখ-ক্ষুধায় মরছে মানুষ
    চাচ্ছে ওরা মরুক আরও
    অস্ত্র ধরো যুদ্ধ করো অস্ত্র ধরো॥

    গুটিকয়েক যুদ্ধবাজ ওই অস্ত্র জোরে
    দেশে দেশে যুদ্ধ বাধায় লাভের তরে,
    গুলি-বোমায় মরছে মানুষ
    চাচ্ছে ওরা মরুক আরও
    অস্ত্র ধরো যুদ্ধ করো অস্ত্র ধরো।।
    • "মহা বিদ্রোহ" কবিতা থেকে
  • বিপ্লব মানে গণ উত্থান
    কৃষকের হাতে খোলা তলোয়ার
    জ্বলন্ত উদাহরণ নকশাল বাড়ি
    নকশাল বাড়ি চারু মজুমদার।

    বিপ্লব মানে সশস্ত্র হানা
    শত্রু শিবির জ্ব'লে ছারখার
    জ্বলন্ত উদাহরণ নকশাল বাড়ি
    নকশাল বাড়ি চারু মজুমদার।

    বিপ্লব মানে দ্রুত একশান
    নয় আয়েশী গবেষণাগার
    জ্বলন্ত উদাহরণ নকশাল বাড়ি
    নকশাল বাড়ি চারু মজুমদার।
    • "মহান শিক্ষক চারু মজুমদার" কবিতা থেকে
  • ডেরেক শভিন পুলিশরে ভাই
    পুলিশ কবে মানুষ হয়?
    ফ্রয়েডের ঘাড় মটকে
    দিলেন পশুর পরিচয়।

    নির্মমতায় সেই পুলিশের
    ছিলোনা যে রাখ ঢাক
    এমন করুণ মৃত্যুতে তাই
    বিশ্ববাসী হতবাক।

    বাংলাদেশের ডেরেক শভিন
    দেখছি অনেক বুদ্ধিমান
    অন্ধকারে মারে মানুষ
    আড়াল ক'রে সব প্রমাণ।
    • "প্রসঙ্গ জর্জ ফ্লয়েড" কবিতা থেকে
  • কবিতার ভূমিকম্পে নাকি
    শাসকের গদি টালমাটাল
    জেলে পুরে কবিকে শাসক
    তকমা দিলো নয়া নকশাল।
    • "বিপ্লবী দূত ভারভারা রাও" কবিতা থেকে
  • ভেবেছো হয়তো জেলের ভিতর
    মরলে পরে ভারভারা রাও
    বিপ্লবীরা কাঁপবে ভয়ে
    প্রতিবাদীরা হবে উধাও।

    বিপ্লবীরা মৃত্যুঞ্জয়ী
    প্রতিবাদীরা অগ্ন্যুদগম
    হাঃ হাঃ, যাঁদের দেখাচ্ছো ভয়
    নিজেরাই ওরা সাক্ষাৎ যম।
    • "মৃত্যু পরোয়ানা করলাম জারি" কবিতা থেকে
  • মসজিদ মন্দির গীর্জার মতো
    ভেবোনা ভঙুর লেনিন
    কমরেড লেনিন হিমালয় দৃঢ়
    অটল অন্তহীন।

    শত শতাব্দী যাবে আসবে
    আছে থাকবে লেনিন
    বোলডোজারে কামান গোলায়
    হবেনা কভু সে বিলীন।

    লেনিন লেনিন কৃষকের বন্ধু
    শ্রমিকের শক্তি লেনিন
    লেনিন লেনিন বিদ্রোহ বিপ্লব
    ভাস্কর অমলিন।
    • "লেনিন" কবিতা থেকে
  • মিছেমিছি কেন জোর করছ বলো?

আমি তো সাফ সাফ জানিয়ে দিয়েছি জন্মাবো না, জন্মাতে চাইনা এখানে। আমাকে জন্ম দেওয়ার জন্য বৃথাই কষ্টে মরছ কবি।

বিছানায় শুয়ে যতই অস্বস্তিতে এপাশ ওপাশ করো কাটাও নির্ঘুম রাত স্বাভাবিক বাক্যালাপে খেই হারাও কাতরাও আত্মপীড়নে, ক্ষুধামন্দায় কোন লাভ নেই।

আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই এখানে জন্ম নেওয়ার। এখানে মেধাবী নূরুল-রাশেদরা রক্তাক্ত আলোকচিত্রী রিমান্ড পিষ্ঠ, নারী লাঞ্ছিত-ধর্ষিত।

    • "কবি নিরুপায়" কবিতা থেকে
  • যে শুধু সুখ নিজের বোঝে
    দুঃখ বুঝে না কারো
    মারো ঝাড়ু সেই সে ব্যাটার
    মুখে ঝাড়ু মারো।

    যে শুধু খায় নিজে একা
    ভুখ বুঝে না কারো
    মারো ঝাড়ু সেই সে ব্যাটার
    মুখে ঝাড়ু মারো।

    যে শুধু কয় ওম শান্তি
    ত্রাসে তাঁর মরো
    মারো ঝাড়ু সেই সে ব্যাটার
    মুখে ঝাড়ু মারো।
    • "মারো ঝাড়ু মারো" কবিতা থেকে
  • শিশু-কিশোর কে না বলো
    রূপকাহিনী পড়তো
    পেটুক দানব-দৈত্য মারার
    ইচ্ছে কে না করতো?

    এক বসাতে দৈত্যটা খায়
    হাজার লোকের খাদ্য
    রাজ্যবাসী ক্ষুধায় মরে
    বাঁচায় কে? কার সাধ্য?

    গল্প পড়ে চাইতো সবাই
    চাইতো যে তলোয়ার
    দৈত্যটাকে কেটেকুটে
    করবে একাকার।

    রূপকাহিনীর যুগ গেলেও
    কী আসে যায় তাতে
    মানুষ খেকো দৈত্য আজও
    বহাল তবিয়তে।
    • "রূপকাহিনীর সত্য কথন" কবিতা থেকে
  • আহারে কী গণতন্ত্র
    আ মরি আ মরি
    শিল্পী-শিক্ষক-সাংবাদিকের
    হাতে পায়ে বেড়ি।

    চোরকে যদি চোর বলো
    খুনিকে বলো খুনি
    ডিজিটাল নিরাপত্তা আইনে
    টানবে জেলের ঘানি।
    • "জয় ফ্যাসিবাদ!" কবিতা থেকে
  • মাও করেছেন গুমর ফাঁক
    যতই করুক হম্বিতম্বি
    প্রতিক্রিয়াশীল কাগুজে বাঘ
    মাও করেছেন গুমর ফাঁক॥

    হিটলার কি উচ্ছেদ হয়নি
    উৎখাত হয়নি রাশিয়ার জার?
    জাপান হেরেছে, চীন সম্রাট
    গণধোলাইয়ে পগার পার,
    ভিয়েতনামের বীর জনতা
    কেটেছে মার্কিনের নাক॥ ঐ
    • "আসলে ওরা কাগুজে বাঘ" কবিতা থেকে
  • তোমরা কি ভাই বেঁচে আছো
    এটাকে কি বাঁচা কয়?
    বুক ধুক ধুক্‌ বুক ধুক ধুক্‌
    অহরহ মৃত্যু ভয়।

    করোনা তো সেদিন এলো
    ডেঙ্গু গিয়ে করোনা
    তার আগে কি ভালো ছিলে?
    একটু ভেবে দেখো না।

    ধরো দেশটা ডেঙ্গু বিহীন
    করোনায়ও ধরে নি
    কাগজপত্র ঘেঁটে দেখো
    কোন্ দিন মানুষ মরেনি?
    • "কেন মিছে মৃত্যু ভয়" কবিতা থেকে
  • মিলন সম্ভোগে শহরে যাঁরা
    আছো, থাকো বারোমাস
    তাঁরা দেখো ওদের গ্রাম যাত্রা
    অশনি সর্বনাশ।

    বছরে ক'দিন শ্রমিকের ভাগ্যে
    স্বামী-স্ত্রী জোটে
    ক'দিন ওদের অবুঝ শিশুরা
    বাবার কোলেতে ওঠে?

    দাওয়ায় বসে ডাকে শ্বাশুড়ি
    "বউরে আয় শোন্
    মরার আগে বাছারে আমার
    দেখিতে চাইছে মন।
    • "প্রেমময় জীবন ঝুঁকি" কবিতা থেকে
  • বাপ মরেছে করোনাতে
    মা মরেছে না খেয়ে
    ভাই দিয়েছে গলায় দড়ি
    চাকরিটা তাঁর হারিয়ে।

    বোনটি ভাবে ভাবীটি তাঁর
    না মরলে আগুণে
    বাচ্চাগুলো রাখতো দেখে
    মিলেমিশে দুইজনে।

    জ্বর-ব্যামোতে ভাইয়ের ছেলে
    দু'মাস যাবৎ বিছানায়
    ভাইঝি দুটি কোলের শিশু
    কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়।
    • "বস্তিবাসীর চালচিত্র" কবিতা থেকে
  • করোনার এই দিন
    নেই আর বেশিদিন
    এই ঝড় থেমে যাবে শীঘ্র
    তাই বলে ভেবোনা
    চলে গেছে করোনা
    সামনে ওঁৎ পাতা ব্যাঘ্র।

    ব্যাঘ্রটা ক'মাস
    করছে হাঁস-ফাঁস
    নিজের ফাঁদে নিজে আটকে
    সুযোগ যাচ্ছে খুঁজে
    সুদ-আসল নেবে বুঝে
    তোমার আমার ঘাড় মটকে।
    • "দিন বদলের ডাক" কবিতা থেকে
  • করোনাটা চলে গেলো
    চলে গেলে যাক না
    করোনাটা থেকে গেলো
    থেকে গেলে থাক না
    তাতে কী আসবে যাবে গরীবের?
    কষ্টটা আছে, রবে নসিবের।

    করোনাটা চলে গেলো
    চলে গেলে যাক না
    করোনাটা থেকে গেলো
    থেকে গেলে থাক না
    তাতে কী আসবে যাবে শ্রমিকের?
    শোষণটা চলবেই মালিকের।
    • "সমাধান শ্রেণী লড়াই বিপ্লবী জনতার" কবিতা থেকে
  • মে দিবস তোমাকে স্বাগত
    এই মরার দেশ বাংলাদেশ তোমাকে স্বাগত জানায়
    বস্তির ধারে, ঘরে-বাইরে, রাস্তার মোড়ে
    হাসপাতাল জুড়ে, পথে-প্রান্তরে
    নারী-পুরুষ- শিশুর লাশে আর লাশে।
    তোমাকে স্বাগত জানায়
    মুনাফা লোভী মালিকের ছাঁটাই হুমকির ভয়ে
    করোনা অভিমুখে ভীত-সন্ত্রস্ত শ্রমিক-কর্মচারীর
    মে দিবস তোমাকে স্বাগত জানায়
    মরণ যাত্রায়।

    একদিকে মেম্বার-চেয়ারম্যানদের চুরি করা
    চাউল-আটা-তেলে ঠাসা গোডাউন
    অন্যদিকে ক্ষুধার্ত মানুষের আর্তচিৎকার ।
    তোমাকে স্বাগত জানাতে
    অনিরাপদ হাসপাতাল ছেড়ে
    ডাক্তার-নার্স-স্বাস্থ্য কর্মীরা
    আজ হোম কোয়ারান্টাইনে।
    তোমাকে স্বাগত জানাতে
    এমন দুর্যোগ-দুঃসময়েও চলছে
    ননস্টপ ধর্ষণ-গুম-খুন, হত্যা।
    • "মে দিবস তোমাকে স্বাগত" কবিতা থেকে
  • মার্কসবাদ মানে কমিউনিজম
    মার্কসবাদ মানে সাম্যবাদ
    মার্কসবাদ হলো সারাবিশ্বের
    সর্বহারার মতবাদ
    জিন্দাবাদ জিন্দাবাদ-মার্কসবাদ জিন্দাবাদ।।

    লেনিনের হাত সশস্ত্র হলো
    মার্কসের বিপ্লবী চেতনায়
    সে অস্ত্রে সজ্জিত শ্রমিক কৃষক
    অধিকার বুঝে নিলো রাশিয়ায় (২)
    জিন্দাবাদ জিন্দাবাদ-লেনিনবাদ জিন্দাবাদ।

    শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি
    ভ্যানগার্ড বিপ্লব সাধনের
    তত্ত্ব ও প্রয়োগ নেই জুড়ি নেই
    মহান কমরেড লেনিনের
    জিন্দাবাদ জিন্দাবাদ-লেনিনবাদ জিন্দাবাদ।

    মার্কস ও লেনিন আরও শাণিত
    আরও তীক্ষ্ম বেগবান
    গণযুদ্ধ জিপিসিআর
    মাও সেতুঙের অবদান
    জিন্দাবাদ জিন্দাবাদ-মাওবাদ জিন্দাবাদ।
    • "মার্কসবাদ" কবিতা থেকে
  • চাই মাওবাদী বিপ্লবী চাই
    মাওবাদী বিপ্লবী তিনি; যিনি
    নিজ স্বার্থকে বিপ্লব ও জনগণের
    স্বার্থের অধীন করেন,
    যিনি
    শ্রমিক কৃষক মেহনতী জনগণকে
    সচেতন করেন,
    করেন সংগ্রামে সামিল।

    চাই মাওবাদী বিপ্লবী চাই
    মাওবাদী বিপ্লবী তিনি; যিনি
    পার্টি ও সংগঠনের কাজে আত্মনিবেদিত
    সদা সক্রিয়।
    চাই মাওবাদী বিপ্লবী চাই
    মাওবাদী বিপ্লবী তিনি
    সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের
    আলোয় আলোকিত যিনি; আর
    সর্বহারা শ্রেণীর মতাদর্শ মা-লে-মা
    যাঁর মতাদর্শ।
    চাই মাওবাদী বিপ্লবী চাই
    মাওবাদী বিপ্লবী তিনি; যিনি
    সাম্রাজ্যবাদ-সম্প্রসারণবাদ-আমলামুৎসুদ্দি
    পুঁজিবাদ-সামন্তবাদ ও ফ্যাসিবাদের
    মোকাবেলা করেন
    নিরস্ত্র জনণকে অস্ত্রে সজ্জিত করে।
    • "মাওবাদের সপক্ষে" কবিতা থেকে
  • বুকের ভেতর এতোই বারুদ
    উপচে পড়লে কিছু তা
    কেউবা বলে শিল্প সম্ভার
    কেউ বলে তা কবিতা।

    কবিতা নয় তা, বারুদ কণা
    আগুন খুঁজে বেড়ায় যে
    হাততালি সে চায় না, বলে
    পারলে একটু আগুন দে॥
    • "পারলে একটু আগুন দে" কবিতা থেকে
  • দেশ যেখানে হিংস্র পুঁজির
    পশুতে সয়লাব
    নিরীহ পশু কোরবানিতে
    খুঁজছো পুণ্য লাভ।

    পুণ্য কি আর গাছের গোটা
    ঝাঁকি দিলেই পড়ে?
    পুণ্য হলো শ্রেণী যুদ্ধ
    হিংস্র পশু মারে।
    • "নিশানা হোক হিংস্র পশু" কবিতা থেকে
  • রাজ্য চালায় রাজা, আর
    রাজারে চালায় রাণী
    রাণী এখন ব্যবসায়ী ভাই
    লুটেরা কোম্পানি॥

    আবুল খায়ের, বেক্সিমকো
    নাভানা, যমুনা
    এসিআই-বসুন্ধরার কথা
    সবারই জানা (২)
    সরকার আছে তদ্দিন, রাণীর
    যদ্দিন মেহেরবানী॥ (ঐ)
    • "রাজারে চালায় রাণী" কবিতা থেকে
  • যা খুশি তাই লিখো
    লিখতে যে নেই মানা
    জ্ঞানের কথা লিখলে পরে
    পুলিশ দেবে হানা।

    যা খুশি তাই লিখো
    ধিন তাকা ধিন ধিনা
    ফেসবুক - ব্লকে ওদের
    দখল ষোলআনা।

    যা খুশি তাই লিখো
    নেই যে নিষেধ লেখার
    বিশেষ বিশেষ ফোর্স রয়েছে
    ওসব লেখা দেখার।

    যা খুশি তাই লিখো
    লেখার আছে কত-কী
    'নো ব্যঙ্গ' যা-ই করুক না
    নেতা ও নেত্রী।

    যা খুশি তাই লিখো
    ছাগল-ভেড়া-পাঁঠা
    বিজ্ঞান লিখে আনা যাবে না
    ধর্ম ব্যবসায় ভাটা।
    • "ডিজিটাল আইনের বয়ান" কবিতা থেকে

বহিঃসংযোগ

[সম্পাদনা]