বিষয়বস্তুতে চলুন

কামিনী রায়

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
(জনৈক বঙ্গমহিলা থেকে পুনর্নির্দেশিত)
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে।—
কামিনী রায়

কামিনী রায় (১২ অক্টোবর ১৮৬৪ - ২৭ সেপ্টেম্বর ১৯৩৩) একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী ও লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব। তাঁর রচিত কবিতাগুলিতে জীবনের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনার সহজ-সরল ও সাবলীল প্রকাশ ঘটেছে। তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে -আলো ও ছায়া, নির্মাল্য, পৌরাণিকী, গুঞ্জন, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত,অম্বা (নাট্যকাব্য), দীপ ও ধূপ, জীবন পথে,একলব্য, দ্রোণ-ধৃষ্টদ্যুম্ন, শ্রাদ্ধিকী প্রভৃতি। তিনি একসময় "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে লিখতেন।

উক্তি

[সম্পাদনা]
  • আপনারে লয়ে বিব্রত রহিতে
    আসে নাই কেহ অবনী ’পরে,
    সকলের তরে সকলে আমরা,
    প্রত্যেকে আমরা পরের তরে।
    • সুখ কবিতা, আলো ও ছায়া- কামিনী রায়, চতুর্থ সংস্করণ, মূদ্রক- চেরি প্রেস, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৩১১ বঙ্গাব্দ, পৃষ্ঠা ১১
  • একে একে একে হায়! দিনগুলি চলে যায়,
    কালের প্রবাহ পরে প্রবাহ গড়ায়,
    সাগরে বুদ্বুদ্ মত উন্মত্ত বাসনা যত
    হৃদয়ের আশা শত হৃদয়ে মিলায়,
    আর দিন চলে যায়।
    • দিন চলে যায়, আলো ও ছায়া- কামিনী রায়, চতুর্থ সংস্করণ, মূদ্রক- চেরি প্রেস, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৩১১ বঙ্গাব্দ, পৃষ্ঠা ১২
  • তুমি শক্তিমান
    দিতে পার, নিতে পার;—দিয়াছিলে তাই
    অতুল সৌভাগ্য মম। তবু দুঃখ পাই
    কেড়ে নিলে বলে’ মোর; হে ঐশ্বর্যবান,
    সর্বশ্রেষ্ঠ দান তব —প্রাণের সন্তান।
    • অশোক সংগীত, কামিনী রায়ের শ্রেষ্ঠ কবিতা, বারিদবরণ ঘোষ সম্পাদিত, প্রকাশক- ভারবি, প্রকাশস্থান- কলকাতা, প্রথম প্রকাশ- আশ্বিন ১৪০৮ (সেপ্টেম্বর ২০০১), পৃষ্ঠা ৯৩
  • যেই দিন ও চরণে ডালি দিনু এ জীবন,
    হাসি অশ্রু সেই দিন করিয়াছি বিসর্জ্জন।
    হাসিবার কাঁদিবার অবসর নাহি আর,
    দুঃখিনী জনম-ভূমি,—মা আনার, মা আমার।
    • মা আমার, আলো ও ছায়া - কামিনী রায়, নবম সংস্করণ, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯৪১ খ্রিস্টাব্দ (১৩৪৮ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৩৭
  • যশ আমি চাহি নাই, চেয়েছিনু স্নেহ,
    চেয়েছিনু একখানি শান্তিভরা গেহ,
    নহে কলরবপূর্ণ সভা সম্মিলনে
    সহস্র চক্ষের দৃষ্টি। নীরবে, বিজনে
    রচি যদি কোন চিত্র, গাহি যদি গান,
    সে কেবল জীবনের দান-প্রতিদান।
    • গীতস্পর্শ, ‘দীপ ও ধূপ’ কাব্যগ্রন্থের কবিতা, কামিনী রায়ের শ্রেষ্ঠ কবিতা, প্রকাশক- ভারবি, প্রকাশস্থান- কলকাতা, প্রথম প্রকাশ- আশ্বিন ১৪০৮ (সেপ্টেম্বর ২০০১), পৃষ্ঠা ১৪৪
  • করিতে পারি না কাজ,
    সদা ভয়, সদা লাজ,
    সংশয়ে সংকল্প সদা টলে,―
    পাছে লোকে কিছু বলে।
    • পাছে লোকে কিছু বলে, আলো ও ছায়া- কামিনী রায়, তৃতীয় সংস্করণ, মূদ্রক- চেরি প্রেস, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯০০ খ্রিস্টাব্দ (১৩০৭ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৪০

কামিনী রায়কে নিয়ে উক্তি

[সম্পাদনা]
  • বস্তুতঃ কবিতা গুলির ভাবের গভীরতা, ভাষার সরলতা, রুচির নির্ম্মলতা, এবং সর্ব্বত্র হৃদয়গ্রাহিতা গুণে আমি নিরতিশয় মোহিত হইয়াছি।
    • আলো ও ছায়া কাব্যগ্রন্থের ভূমিকায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর মন্তব্য, আলো ও ছায়া- কামিনী রায়, চতুর্থ সংস্করণ, মূদ্রক- চেরি প্রেস, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৩১১ বঙ্গাব্দ।
  • কামিনী রায় এখন এক বিস্মৃত কবি। অথচ অন্তত দুটি কবিতা-লেখার কারণেই তিনি অমরত্ব দাবি করতে পারেন―‘সুখ’ এবং ‘মা আমার’।
    • বারিদবরণ ঘোষ, ‘কামিনী রায়ের শ্রেষ্ঠ কবিতা’ বইয়ের ভূমিকায়, প্রকাশক- ভারবি, প্রকাশস্থান- কলকাতা, প্রথম প্রকাশ- আশ্বিন ১৪০৮ (সেপ্টেম্বর ২০০১), পৃষ্ঠা ১১

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]