প্রথম আলো (উপন্যাস)
অবয়ব
প্রথম আলো (উপন্যাস) বাঙালি কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস। এই উপন্যাসটি রচিত হয়েছে ঊনবিংশ শতকের শেষার্ধের পটভূমিকায়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জাতি হিসাবে বাঙালির আত্মসচেতনতা গড়ে ওঠার ঐতিহাসিক পটভূমিকা এই উপন্যাসের মূল উপজীব্য।
উক্তি
[সম্পাদনা]- বাঙালিরা ধর্ম নিয়ে মাতামাতি করে, ধর্মসংস্কারের ব্যাপারে কেউ কিছু বললেই গেল গেল রব তোলে, কিন্তু এই বাঙ্গালিরাই ব্যক্তি জীবনে ধর্মের প্রায় কোন নির্দেশই মানে না। সততা, পবিত্রতা, সেবা এই সব ব্যাপারে তারা প্রায় অধার্মিক। বাঙালিরা খুব পরের সমালোচনা করে, পরনিন্দা করে কিন্তু আত্মসমালোচনা করে না। বাইরে খুব উদার মত প্রচার করে, নিজের পরিবারের মধ্যে অতি রক্ষনশীল। খবরের কাগজে তর্জন গর্জন দেখলে মনে হবে খুব সাহসী, আসলে অত্যন্ত ভীরু।
- প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় পর্ব, প্রকাশক- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, প্রকাশস্থান- কলকাতা, পৃষ্ঠা ৪১৮-৪১৯
- মানুষই মানুষকে বাঁচায়, মানুষই মানুষকে মারে। মানুষই হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদের সৃষ্টি করে, আবার মানুষই এই বিভেদের রেখা মুছে ফেলতেও পারে।
- প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় পর্ব, প্রকাশক- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, প্রকাশস্থান- কলকাতা, পৃষ্ঠা ৪০১
- নদীর ওপর দিয়ে ভেসে চলেছে জমিদারের বজরা। আষাঢ় মাসের আকাশে নবীন মেঘ লুকোচুরি খেলে দিনমণির সঙ্গে, কখনও হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে যাবার মতন এক পশলা বৃষ্টি, কখনও ঝলমলে রোদ। দু পাশের তটভূমি জলরঙে আঁকা। কোথাও জনবসতি, কোথাও নিবিড় গাছপালা, আবার মাঝে মাঝে শূন্য প্রান্তর। নিছক শূন্য প্রান্তর কোনও শিল্পীর তুলিতে ধরা পড়ে না, কিন্তু প্রকৃতিব মধ্যে তা-ও ছবি হয়ে যায়। কখনও সূযাঁলোক, কখনও মেঘের ছায়ায় ছবিগুলির রং বদলে যায়।
- প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় পর্ব, প্রকাশক- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, প্রকাশস্থান- কলকাতা, পৃষ্ঠা ৯
- আমার কৈশোরে স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে দেশভাগের মতন চরম বেদনাদায়ক ঘটনাও ঘটে গেছে। বাংলা ও বাঙালি জাতি হয়েছে দ্বিখণ্ড। আমি সেই ট্র্যাজেডি প্রত্যক্ষ করেছি এবং পারিবারিক ভাবে দেশবিভাগজনিত অনেক বিপদ, অসহায়তা ও কষ্টও সহ্য করতে হয়েছে। অদূর ভবিষ্যতে দুই বাংলা আবার যুক্ত হবার সম্ভাবনা নেই, হয়তো যৌক্তিকতাও নেই। কিন্তু বিংশ শতাব্দীর গোড়ায় ইংরেজ সরকার জোর করে বঙ্গ ব্যবচ্ছেদ করেছিল, সাম্প্রদায়িকতার উষ্কানি দিয়ে সৃষ্টি করেছিল কৃত্রিম দুই বাংলা, তখন জনগণের প্রবল প্রতিবাদে ইংরেজ সরকার সে-সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছিল, আবার মিলিত হয়েছিল দুই বাংলা, বাংলাভাষী হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালিরা পুনর্গঠিত হয়েছিল এক জাতি হিসেবে।
- প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় পর্ব, প্রকাশক- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, প্রকাশস্থান- কলকাতা, পৃষ্ঠা ৭১২
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় প্রথম আলো সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।