বিষয়বস্তুতে চলুন

ব্যথা

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
(পীড়া থেকে পুনর্নির্দেশিত)

ব্যথা একটি পীড়াদায়ক অনুভূতি। এটি একটি অপ্রীতিকর অনুভূতি এবং মানসিক অভিজ্ঞতা যা প্রকৃত বা সম্ভাব্য সম্ভাব্য টিস্যুর ক্ষতির সাথে যুক্ত হতে পারে। ব্যথা শারীরিক এবং মানসিক দুরকমই হতে পারে।

উক্তি

[সম্পাদনা]
  • যে কথা ভাবিনি বলি সেই কথা,
    যে ব্যথা বুঝি না জাগে সেই ব্যথা,
    জানি না এসেছি কাহার বারতা
    কারে শুনাবার তরে!
    • চিত্রা কাব্যগ্রন্থ- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড), প্রকাশক- ইন্ডিয়ান প্রেস লিমিটেড, এলাহাবাদ, প্রকাশসাল- ১৯১৫ খ্রিস্টাব্দ (১৩২২ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২৬৪
  • পিয়ারীর মুখ ম্লান হইয়া গেল। কথাটায় সে যে ব্যথা পাইতে পারে বলিবার সময় তাহা ভাবি নাই। ব্যথা দিবার ইচ্ছাও ছিল না, থাকা স্বাভাবিকও নয়।
  • ঐ শোন্ দূরেতে
    ব্যথা-ভরা সুরেতে
    ক্যাঁচ ক্যাঁচ—বিটকেল
    পেচকের কাঁদ্‌নি।
    • চাঁদনী রাতে-সুনির্মল বসু, সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা- সুনির্মল বসু, প্রকাশক- মিত্র ও ঘোষ, কলকাতা, প্রকাশসাল- ১৯২৭ খ্রিস্টাব্দ (১৩৩৪ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৪৫
  • আজ ভাবি মনে মনে মরীচিকা-অন্বেষণে হায়
    বুঝি,তৃষ্ণার শেষ নেই। মনে ভয় লাগে সেই—
    হাল-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে॥
    • রবীন্দ্রনাথ ঠাকুর, গীতবিতান- রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাশক- বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, কলকাতা, প্রকাশসাল- ১৯৯৩ খ্রিস্টাব্দ (১৪০০ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২৪২
  • দেখিতেছি পড়ে পুরাতন দিনলিপি—
    আনন্দ চেয়ে বেদনা দীর্ঘজীবী।
    মিলায় না ব্যথা হারায় না ব্যথা
    গতি তার বহুদৃর—
    তা’রা যেন রাগ রাগিনী, তাহাবা সুর।
    • বেদনা— কুমুদরঞ্জন মল্লিক, কুমুদরঞ্জন কাব্যসম্ভার- কুমুদরঞ্জন মল্লিক, প্রকাশক- মিত্র ও ঘোষ, প্রকাশস্থল- কলিকাতা, প্রকাশসাল-১৩৬৭ বঙ্গাব্দ, পৃষ্ঠা ২১৯
  • কত বুকের কত আগুন, কত চাপা বাতাস তার জলে নিবিয়াছে। কতকাল ধরিয়া এ-সব সে নীরবে দেখিয়াছে, দেখিয়াছে আর বহিয়াছে। আবার সে দেখিয়াছে কত শিশুর জন্ম, দেখিয়াছে আর ভাবিয়াছে। ভাবী নিগ্রহের নিগড়ে আবদ্ধ এই অজ্ঞ শিশুগুলি জানে না, হাসির নামে কত বিষাদ, সুখের নামে কত ব্যথা, মধুর নামে কত বিষ তাদের জন্য অপেক্ষা করিয়া আছে।
    • অদ্বৈত মল্লবর্মণ, তিতাস একটি নদীর নাম- অদ্বৈত মল্লবর্মণ, দ্বিতীয় সংস্করণ, প্রকাশক-পুথিঘর, কলকাতা, প্রকাশসাল- ১৯৫৮ খ্রিস্টাব্দ (১৩৬৫ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১৮
  • আমার সকল প্রেমে, সর্ব্ব স্নেহ মাঝে,
    সর্ব্ব সুখ দুঃখে মোর সর্বব ভয় লাজে,
    বিশ্ব অন্তরাল করি রহিবে জাগিয়া;
    নিস্ফল জীবন মোর তোমারি লাগিয়া
    হবে পূর্ণ শুভ কাজে, সর্ব্ব মনস্কাম
    তোমারি চরণ তলে লভিবে বিরাম;
    মর্ত্ত্যে মোক্ষ লাভ হবে, হবে অবসান
    জন্ম জন্মান্তের ব্যথা অতৃপ্তির গান।
    • আরাধনা, প্রিয়ম্বদা দেবী, রেণু - প্রিয়ম্বদা দেবী, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশক ও মুদ্রক- নববিভাকর প্রেস, প্রকাশসাল- ১৯০৮ খ্রিস্টাব্দ (১৩১৫ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২২
  • বিনয়। যাকে জাতিভেদের ফল বলছেন সেটা অবস্থার ফল, শুধু জাতিভেদের নয়। নড়া দাঁত দিয়ে চিবোতে গেলে ব্যথা লাগে, সেটা দাঁতের অপরাধ নয়, নড়া দাঁতেরই অপরাধ।
    • রবীন্দ্রনাথ ঠাকুর, গোরা, পরিচ্ছেদ ১৮, গোরা-রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাশক- বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, কলকাতা, প্রকাশসাল- ১৯৬১ খ্রিস্টাব্দ (১৩৬৮ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১৪১

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]