বিষয়বস্তুতে চলুন

শরৎ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
নদীর তীরে শরতের আকাশ

শরৎ বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু। পৃথিবীর চারটি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎ ঋতু। উত্তর গোলার্ধে সেপ্টেম্বর মাসে এবং দক্ষিণ গোলার্ধে মার্চ মাসে শরৎ ঋতুর আগমন হয়।

উক্তি

[সম্পাদনা]
  • এসেছে শরৎ, হিমের পরশ
    লেগেছে হাওয়ার ’পরে।
    সকাল বেলায় ঘাসের আগায়
    শিশিরের রেখা ধরে।
    আমলকী-বন কাঁপে, যেন তার
    বুক করে দুরু দুরু।
    পেয়েছে খবর, পাতা-খসানোর
    সময় হয়েছে শুরু।
    • রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্রবিচিত্র - রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাশক- বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, কলকাতা, প্রকাশসাল- ১৯৫৪ খ্রিস্টাব্দ (১৩৬১ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২৫
  • ক্রমে বর্ষাকাল গত ও শরৎকাল আগত হইল । মেঘের অপগমে দিঙ্মণ্ডল যেন প্রসারিত হইল । মার্তণ্ড প্রচণ্ড কিরণদ্বারা পঙ্কময় পথ শুষ্ক করিয়া দিলেন । নদ, নদী, সরোবর ও পুষ্করিণীর কলুষিত সলিল নির্ম্মল হইল । মরালকুল নদীর সিকতাময় পুলিনে সুমধুর কলরব করিয়া কেলি করিতে লাগিল । গ্রামসীমায় পিঙ্গল কলমঞ্জরী ফলভরে অবনত হইল । শুকসারিকা প্রভৃতি পক্ষিগণ ধান্যশীষ মুখে করিয়া শ্রেণীবদ্ধ হইয়া গগনের উপরিভাগে অপূর্ব্ব শোভা বিস্তার করিল । কাশকুসুম বিকসিত হইল । ইন্দীবর, কহ্লার শেফালিকা প্রভৃতি নানা কুসুমের গন্ধযুক্ত বিশদবারিশীকরসম্পৃক্ত সমীরণ মন্দ মন্দ সঞ্চারিত হইয়া জীবগণের মনে আহ্লাদ জন্মিয়া দিল । সকল অপেক্ষা শশধরের প্রভা ও কমলবনের শোভা উজ্জ্বল হইল ।
  • এই কাল কি রমণীয়! লোকের গতায়াতের কোন ক্লেশ থাকে না । যে দিকে নেত্রপাত করা যায়, ধান্যমঞ্জরীর শোভা নয়ন ও মনকে পরিতৃপ্ত করে । জল দেখিলে আহ্লাদ জন্মে! চন্দ্রোদয়ে রজনীর সাতিশয় শোভা হয় । নভোমণ্ডল সর্ব্বদা নির্ম্মল থাকে ।
  • খনা বলে, চাষার পাে। শরতের শেষে সরিষা রো॥
    • খনা, খনার-বচন বা জ্যোতিষ সংগ্রহ, রামলাল শীল কর্ত্তৃক সংগৃহীত ও প্রকাশিত, নিউ-ভিক্টোরিয়া প্রেস থেকে মুদ্রিত, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১৪
  • বলে খনা শুন শুন। শরতের শেষে মুলা বুন॥
    • খনা, খনার-বচন বা জ্যোতিষ সংগ্রহ, রামলাল শীল কর্ত্তৃক সংগৃহীত ও প্রকাশিত, নিউ-ভিক্টোরিয়া প্রেস থেকে মুদ্রিত, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২২

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]