সরলতা
অবয়ব
সরলতা হলো সরল হওয়ার অবস্থা বা গুণ। কিছু ব্যবহারে, "সরলতা" শব্দটি সৌন্দর্য, বিশুদ্ধতা বা স্বচ্ছতাকে বোঝাতে পারে। আবার অনেক ক্ষেত্রে শব্দটি প্রয়োজনীয়তার সাথে সম্পর্কিত সংক্ষিপ্ততা বা জটিলতার অভাবের পরামর্শও দিতে পারে। মানুষের জীবনধারায় অত্যধিক সম্পত্তি বা বিভ্রান্তি থেকে মুক্ত মনকে বোঝাতে সরলতা শব্দটি ব্যবহার হতে পারে, যেমন একটি সাধারণ জীবনযাত্রার ধরন।
উক্তি
[সম্পাদনা]- যেখানে সরলতা সেইখানেই পবিত্রতা বিরাজ করে। কুটিলতা ও স্বার্থপরতা সরল ব্যক্তির হৃদয়কে কখন কলঙ্কিত করিতে পারে না। আলোকে ও অন্ধকারে ষেরূপ প্রভেদ, সরলতা এবং কপটতায় সেইরূপ প্রভেদ। চন্দ্রের বিমল আলোকের ন্যায় সরলতা মানবচরিত্রকে উজ্জ্বল করিয়া রাখে। সরলতার সহিত সত্যের অতি নিকট সম্বন্ধ। বাস্তবিক সরলতা সত্যের ভিত্তিরূপ।
- বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার, কলকাতা, প্রকাশসাল - ১৯১২ খ্রিস্টাব্দ (১৩১৯ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৭৭
- তিলোত্তমা অপাঙ্গে অর্দ্ধদৃষ্টি করিতে জানিতেন না, দৃষ্টিতে কেবল স্পষ্টতা আর সরলতা; দৃষ্টির সরলতাও বটে, মনের সরলতাও বটে; তবে যদি তাঁহার পানে কেহ চাহিয়া দেখিত, তবে তৎক্ষণাৎ কোমল পল্লব দুখানি পড়িয়া যাইত; তিলোত্তমা তখন পরাতল ভিন্ন অন্যত্র দৃষ্টি করিতেন না।
- দুর্গেশনন্দিনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রকাশক- গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স, কলকাতা, প্রকাশসাল- ১৯২৪ খ্রিস্টাব্দ (১৩৩১ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৩৩
- সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। কেন না, লেখার উদ্দেশ্য পাঠককে বুঝান।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বিবিধ প্রবন্ধ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রথম ও দ্বিতীয় ভাগ, সম্পাদনা- ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস, প্রকাশক- বঙ্গীয় সাহিত্য পরিষৎ, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯৩৯ খ্রিস্টাব্দ (১৩৪৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২০৭
- আমরা নবযুগের মানুষ, আমাদের জীবনযাত্রায় সরলতা নাই; আমাদের ভোগের আয়োজন প্রচুর এবং তাহার অভিমানও অত্যন্ত প্রবল; ধর্ম আমাদের অনেকের পক্ষেই সামাজিকতার একটা অঙ্গমাত্র।
- রবীন্দ্রনাথ ঠাকুর, ধর্মশিক্ষা, শিক্ষা - রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাশক- বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯৬০ খ্রিস্টাব্দ (১৩৬৭ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১৩০
- আমার মধ্যে কি গুণ থাকা আবশ্যক—সুশীলতা, ধৈর্য্য, সত্যপরায়ণতা, সরলতা, ও আত্মনির্ভরশীলতা থাকা আবশ্যক কি না—এই সমস্ত যদি আলোচনা কর, তাহা হইলে তোমার মন যেরূপ মহত্ত্ব, লাভ করিবে, এমন আর কিছুতেই করিবে না।
- মার্কাস অরিলিয়স, মার্কাস্ অরিলিয়সের আত্মচিন্তা, অনুবাদক- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, মুদ্রক- এমারেল্ড প্রিণ্টিং ওয়ার্কস, প্রকাশস্থান- হুগলি, প্রকাশসাল- ১৯১১ খ্রিস্টাব্দ (১৩১৮ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৪৭-৪৮
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিঅভিধানে সরলতা শব্দটি খুঁজুন।